শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, শিক্ষকদের বেতন প্রতি মাসের ৭ তারিখে পাওয়ার কথা। কিন্তু কয়েক মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বিলম্ব করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিল মাসের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশের টাকার চেক দেওয়া হয় ৬ মে, ২০১৪ তারিখে এবং তাতে বলা হয়, ১৫ মে, ২০১৪ তারিখের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন। কিন্তু অধিকাংশ সোনালী ব্যাংক শাখা কর্তৃপক্ষ সরকারি এ নির্দেশ অমান্য করে সরকারের বেঁধে দেওয়া সময়সীমার সাত-আট দিন পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ করে। প্রতি মাসেই এমনটি হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি খুবই কম, তার পরও যদি সময়মতো পাওয়া না যায় তাহলে তাঁরা কীভাবে চলবে?
তাই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, শিক্ষক-কর্মচারীদের বেতন প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার অনুরোধ জানাচ্ছি৷
মো. মোশতাক মেহেদী, কুষ্টিয়া।