
সম্প্রতি শেষ হলো আমাদের চারটি সিটি করপোরেশন নির্বাচন। এ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন নির্দলীয় হওয়ার আইনি বিধান থাকলেও তা হয় না; কোনো না কোনোভাবে দলীয় রূপ নেয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ চারটি সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল। বিএনপি এতে অংশ নেয়নি। অংশ নিয়েছিল আওয়ামী লীগ। ছিলেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। প্রতিদ্বন্দ্বিতাও ক্ষেত্রবিশেষে জোরালোই ছিল। তবে চারটি সিটি মেয়র পদেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। অনেকের মতে, পরবর্তী জাতীয় নির্বাচনে তারই প্রভাব পড়েছিল।
সে সময়ের সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী চারজন সিটি মেয়রও এবার প্রার্থী ছিলেন তাঁদের দলের পক্ষে। তবে এবার মাঠ ছাড়েনি বিএনপি। জোরালো প্রতিযোগিতা হয়; চারটিতে জয়লাভ করেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। তাঁদের অভিনন্দন। তাঁদের সঙ্গে সঙ্গে বিজয়ী হয়েছে গণতন্ত্র ও জনগণ। ধন্যবাদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের; নির্বাচন অর্থবহ করতে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করা ও ফলাফল ঘোষণার পর বিজয়ীদের অভিনন্দন জানানোর জন্য। তেমনি ধন্যবাদ পাবে নির্বাচন কমিশন ও সরকার, এ নির্বাচনগুলো সফলভাবে অনুষ্ঠানের জন্য।
অবশ্য কিছু বিচ্যুতি রয়েছে নির্বাচন কমিশনের। দলনির্বিশেষে প্রার্থীরা আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতায় নেমেছিলেন। কাছাকাছি এলাকার তাঁদের সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। এসব গাড়ি সাময়িকভাবে হলেও জব্দ করে একটি কঠোর বার্তা দেওয়ার সুযোগ নির্বাচন কমিশন কাজে লাগায়নি। একটি মহানগরে রাস্তা বন্ধ করে জনসভা বা পথসভা করেছেন উভয় দলের প্রার্থী। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আগামী জাতীয় নির্বাচনের জন্য খারাপ নজির হিসেবে রয়ে গেল।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করছেন নানাজন নানাভাবে। বিএনপির মতে, সরকারের ব্যর্থতা ও স্বেচ্ছাচারিতার জবাব দিয়েছে জনগণ। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, জাতীয় নির্বাচনে এ ফলাফল প্রভাব রাখবে। উল্লেখ করা প্রাসঙ্গিক হবে যে দেশের ভোটারের সংখ্যা প্রায় সাড়ে নয় কোটি। আর এ চারটি মহানগরে তা ১২ লাখ। অর্থাৎ, ১ শতাংশের কিছু বেশি ভোটারের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি দলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা সমর্থন জানিয়েছে বিরোধী দলের প্রার্থীদের। এটা নমুনা জরিপের মতো কিছুটা ইঙ্গিত বহন করছে। শুধু কয়েকটি মহানগর দিয়ে গোটা দেশের আসন্ন নির্বাচনের ফলাফল আগাম বিবেচনায় নেওয়া যথার্থ হবে বলে মনে হয় না। তবে ফলাফল যে সরকারের জন্য একটি কঠোর সতর্কসংকেত, এটুকু বলা যায়।
অনেকেরই প্রশ্ন, কেন এমনটা হলো। চারটি মহানগরেই আগের মেয়ররা ভালো কাজ করেছিলেন বলে কেউ কেউ বলেন। পরাজিত মেয়রদের কারও কারও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি রয়েছে। স্থানীয় সমস্যা সমাধানেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানা যায়। তবে ভোট গ্রহণের প্রায় দুই সপ্তাহ আগে থেকে এ নির্বাচনগুলো স্থানীয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। জাতীয় রাজনীতি এখানে প্রধান নিয়ামক হয়। কোনো কোনো বিশ্লেষকের মতে, জাতীয় রাজনীতির সুস্পষ্ট ও দৃঢ় প্রভাব এর নির্ণায়ক হয়েছে। ক্ষমতাসীন দলটি গত সাড়ে চার বছরের শাসনকালে বেশ কিছু ভালো কাজ করেও কতিপয় মন্দ কাজের জন্য ব্যাপকভাবে সমালোচিত। তাদের ছাত্র ও যুব সংগঠনের স্বেচ্ছাচারিতা সব সীমা লঙ্ঘন করেছে। পদ্মা সেতুর মতো প্রকল্পে দুর্নীতির অভিযোগেও সরকার অনেকটা নির্লিপ্ত রয়েছে বললে অত্যুক্তি হবে না। হল-মার্কের মতো ব্যাংক জালিয়াতি, শেয়ারবাজারে ধসসহ বেশ কিছু আর্থিক কেলেঙ্কারিও সরকারকে ধাওয়া করছে। বিরোধী দলগুলোর প্রতি তাদের অকারণ অসহিষ্ণু আচরণে জনমন ক্ষুব্ধ। গুটি কয়েক সম্মানিত ব্যতিক্রম বাদ দিলে তাদের দলীয় সাংসদেরা নিজ নিজ এলাকায় একেকজন প্রাক্-ব্রিটিশ যুগের সুবেদারের ভূমিকায় নেমেছেন। তাদের পারিষদদের ভূমিকাও বাবুদের শত গুণ। এসব মিলে জনমতের একটি উল্লেখযোগ্য অংশ সরকারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিতে পারে। এটা আদৌ অস্বাভাবিক নয়। সরকারের বিবেচনাহীন কিছু সমর্থক দাবি করে, এর আগের সরকারের সময়ও এসব ঘটেছিল।
তবে বিচলিত হতে হয়, এমনটা কেন বারবার ঘটে চলছে এটা ভেবে। ধারাবাহিক উন্নয়নের জন্য সরকারেরও ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। আর এ ধারাবাহিকতা ধরে রাখতে গত দুই যুগ প্রধান দুটি দল বারবার ব্যর্থ হচ্ছে। কখনো জোট ছাড়া আর কখনো বা জোটবদ্ধ হয়ে। একই ফলাফল। ১৯৯১ সালে যারা জয়লাভ করে, তাদের ক্ষমতা ছাড়তে হয় ১৯৯৬ সালে। তেমনি ১৯৯৬ সালের বিজয়ীরা ক্ষমতা হারায় ২০০১ সালে। আর ২০০৭ সালের শুরুতে একটি করুণ অধ্যায়ের সূচনা ঘটল ২০০১ সালের সরকার-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর। ২০০৮ সালের ডিসেম্বরে শেষ দিকে হলো জাতীয় নির্বাচন। এর আগের মেয়াদে সরকারে থাকা জোটটির প্রাপ্ত আসনসংখ্যা শোচনীয়ভাবে নেমে এল। মহাবিজয় অর্জন করল মহাজোট। আর এখন?
স্বল্পোন্নত দেশে ক্ষমতাসীন দল অতি দ্রুত জনপ্রিয়তা হারায়—এমনটা প্রায়ই বলা হয়। জাপান অতি উন্নত দেশ। সেখানে সরকারের ভাঙা-গড়া ঘটে অতি দ্রুত। আর ভারত স্বল্পোন্নত দেশই ছিল। এখন উন্নয়নশীল। কোনো পর্যায়েই তাদের সেরূপ ঘটেনি। সেখানেও চাহিদা ও প্রাপ্তির বিরাট ব্যবধান রয়েছে। তবু তো আমরা প্রায়ই সরকারের ধারাবাহিকতা দেখি সেখানে; কেন্দ্র ও বেশ কিছু রাজ্যে। সেখানকার জোড়াতালি দেওয়া জোট সরকার দ্বিতীয় মেয়াদ পার করছে সাফল্যের সঙ্গে। সমস্যাসংকুল পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় ছিল একটানা ৩৪ বছর। যুগান্তকারী সাফল্যের ছাপ রেখেছে অনেক ক্ষেত্রে। এমনকি আমাদের আরেক নিকট প্রতিবেশী ভারতীয় রাজ্য ত্রিপুরার প্রসঙ্গেও এমনটি বলা চলে। জনগণ তো তাদের ধারাবাহিকতা ধরে রাখতেই চায়। তবে তা আন্তরিকভাবে চাইতে এবং সেরূপ কাজ করতে হবে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর।
এরপর আরেকটি বিষয় আলোচনা করার থাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যতিরেকে চারটি সিটি করপোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশন সফলভাবে সম্পন্ন করেছে। সুতরাং, জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ধরনের নির্দলীয় সরকারের ধারণা অনাবশ্যক—এমনটা বলা হচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ করতে হয়, সিটি করপোরেশন নির্বাচনে সরকার বদল হয় না। তা হয় জাতীয় নির্বাচনে। সেখানে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীদের আচরণ অনেকটা মারমুখী হবে, এটা ধরেই নেওয়া যায়। প্রায় অর্ধলক্ষ ভোটকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থাও বর্তমান সিটি করপোরেশনগুলোর নির্বাচনের নিরাপত্তাব্যবস্থার তুলনায় নিতান্তই অপ্রতুল। জাতীয় নির্বাচনে সামরিক বাহিনীর সহায়তা সাধারণত নেওয়া হয়। তবে তারাও ভ্রাম্যমাণ দল হিসেবে থাকে। গণমাধ্যম ছড়িয়ে-ছিটিয়ে পড়বে। সিটি করপোরেশন নির্বাচনের মতো এরূপ নজরদারিতে রাখার মতো কোনো সুযোগই থাকবে না সে সময়ে। এ ধরনের নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও কয়েকটি সফল নির্বাচন আমরা দেখেছি। আর তা অনেকটাই জনসাধারণের সদিচ্ছার নিরাপত্তাবলয়েই ছিল। আর পেছনে ছিল নির্দলীয় সরকারের উপস্থিতি।
বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলটির অধীনেই আগামী জাতীয় নির্বাচন হওয়ার কথা। এমনটা প্রায় সব গণতান্ত্রিক দেশেই হয়। হয়ে থাকে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। সেখানে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সফল করার দায়িত্ব যাদের ওপর, তারা হচ্ছে মূলত জনপ্রশাসন ও নিরাপত্তা বাহিনী। এসব প্রতিষ্ঠানে দলীয়করণের কোনো অভিযোগই সেখানে নেই। তাদের নিরপেক্ষতার ওপর জনসাধারণের অবিচল আস্থা রয়েছে। সর্বোপরি, একটি সক্রিয় নির্বাচন কমিশন বিশাল দেশটিতে তুলনামূলকভাবে আমাদের থেকে অনেক কম জনবল নিয়েই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মূলত তারা কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদেরই ব্যবহার করে। আর সেখানে নির্বাচন এক দিনে হয় না। ভোট নেওয়া ইভিএম-যন্ত্রগুলো জেলা ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে ট্রেজারি কিংবা অনুরূপ কোনো সুরক্ষিত স্থানে রাখা হয়। সব ভোট গ্রহণ শেষ হলে গণনা করা হয়। আমরা কি এরূপ একটি আস্থার পরিবেশ সৃষ্টি করতে পেরেছি? জবাব পাঠকের জানা। তবে এ ধরনের পরিবেশ সৃষ্টি করে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করুক—এমনটাই স্বাভাবিক চাওয়া।
সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন প্রার্থীর পুনঃপুন জয়লাভের অতীতে নজির আমরা দেখেছি চট্টগ্রাম ও সিলেটে। সেখানে ভিন্ন দল রাষ্ট্রক্ষমতায় থাকলেও বিরোধীদলীয় প্রার্থীরা একাধিকবার সিটি মেয়র নির্বাচিত হয়েছেন। আর এবার সবই ওলট-পালট হয়ে গেল। আজ যাঁদের ভোট দিয়ে সিটি মেয়র করা হলো, তাঁদের কাছে প্রত্যাশা, তাঁরা এ ধরনের ওলট-পালট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে দেবেন না। তাঁদের দলকেও বিরত রাখতে সচেষ্ট থাকবেন। তাঁদের নিকট অতীত বিশ্লেষণ করলে আশ্বস্ত হওয়ার কারণ দেখা যায় না। ভোলা যায় না যে একটি ভবনকেন্দ্রিক রাষ্ট্রক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু, নিয়ন্ত্রণহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঘটনাগুলো। তবু এবারের সিটি করপোরেশন নির্বাচনের সময় তাদের কাছেই ছুটে গেছে মানুষ, সুখের আশাতেই ভুলতে চাইছে তিক্ত অতীত। এ যেন এক মায়ার খেলায় আমরা পড়েছি। এ গীতিনাট্যের শেষ অঙ্কে মায়াকুমারীগণ গেয়েছিলেন:
‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।’
l আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।