এলএলএম প্রোগ্রাম
আইন শিক্ষা অধ্যয়নের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। আমাদের দেশের আইন কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আইন কলেজগুলোতে কেবল এলএলবি অধ্যয়নের সুযোগ রয়েছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এলএলবিসহ এলএলএম অধ্যয়নের সুযোগ থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলএম অধ্যয়নের কোনো সুযোগই নেই। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক ডিগ্রি এলএলবি অর্জন করার পর আইনের স্নাতকোত্তর ডিগ্রি এলএলএম অধ্যয়নের সুযোগ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন।
বর্তমানে আমাদের দেশে আইন পেশার যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আইন অধ্যয়নকারীদের বেশির ভাগই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে থাকেন বলে তাঁদের উচ্চশিক্ষার পথ উন্মোচন করতে অনতিবিলম্বে এলএলএম কোর্স চালু করা একান্ত আবশ্যক। অন্যথায় জাতি আইনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেকাংশেই মেধাশূন্য হয়ে পড়বে। তাই আইন শিক্ষার উৎকর্ষ সাধনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনই এলএলএম প্রোগ্রাম চালু করে আইন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।
মো. তাজুল ইসলাম খান
গেন্ডারিয়া, ঢাকা।