এসআই জাহিদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিন খুনের উদ্বেগজনক খবরের পর স্বস্তির বিষয় হচ্ছে, একটি হত্যার ঘটনায় সেই কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। প্রথম আলো পত্রিকায় গত মঙ্গলবার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানের বিরুদ্ধে গত সাত মাসে তিনটি খুনের অভিযোগসংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। পরদিন এ নিয়ে সম্পাদকীয় লিখে আমরা এই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম।
অধিকাংশ ক্ষেত্রে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো অপরাধ বা অপকর্ম করলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিবেচনাটি থাকে যে এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। কিন্তু বিষয়টি পুরো উল্টো, ধামাচাপার চেষ্টা করা হলে বরং অপকর্মের দায়টি পুরো বাহিনীর ওপর গিয়ে পড়ে। কোনো সদস্যের অপরাধকর্মের দায় না নিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই বরং বাহিনীর ভাবমূর্তি ও মানমর্যাদা রক্ষা পায়।
গত শনিবার মাঝরাতে ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমানকে স্ত্রী ও শিশুসন্তানসহ ধরে নিয়ে গিয়েছিলেন মিরপুর থানার এসআই জাহিদ। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, থানায় সন্তানসহ তাঁকে আটকে রেখে পাশের রুমে তাঁর স্বামীকে নির্যাতন করা হয়েছে এবং সে জন্য তিনি মারা গেছেন। এ অভিযোগের পর জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে মাহাবুবুর রহমানের মৃত্যুর কারণ ‘হত্যাজনিত’ হিসেবে উল্লেখ থাকায় জাহিদকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগকে সাধুবাদ জানাই। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও যেসব অভিযোগ রয়েছে, সেগুলোও তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি। আমরা আশা করব, এ পদক্ষেপ লোক দেখানো নয় এবং ভবিষ্যতে পুলিশ বিভাগের পক্ষ থেকে জাহিদকে রক্ষা করার পদক্ষেপ নেওয়া হবে না। যথাযথ তদন্ত ও বিচারের মাধ্যমে মাহাবুবুর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে পারলে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে বাহিনীর মধ্যে এ ধরনের অপরাধপ্রবণতা কমবে।