এসএসসি পরীক্ষা
২০১২ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে উঠেছিল, তারা জানত, ২০১৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। নিশ্চিতভাবেই এ লক্ষ্য অনুসারেই তারা প্রস্তুতি শুরু করেছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাদের এসএসসি পরীক্ষা নাকি ডিসেম্বরের ১ তারিখে শুরু হবে। সিদ্ধান্তটি যদিও এখনো চূড়ান্তভাবে গৃহীত হয়নি, তবু জোর সম্ভাবনা আছে যে ডিসেম্বরের ১ তারিখেই তাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। এবং হয়তো এ কারণেই আজ স্কুলগুলোয় ঘোষণা দেওয়া হয়েছে যে চলতি মাসের ২৬ তারিখ থেকেই নাকি বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। অবশ্য এই পরীক্ষা হওয়ার কথা ছিল অক্টোবরের ২৪ তারিখে।
আমার বক্তব্য হলো, রাজনৈতিক কারণে পরীক্ষা প্রায় দুই মাস এগিয়ে আনা আত্মঘাতী একটি সিদ্ধান্ত। এ কারণে পূর্ণাঙ্গ প্রস্তুতির অভাবে অনেক শিক্ষার্থীরই ফলাফল খারাপ হতে পারে। তাই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, পূর্বোক্ত সূচি অনুযায়ীই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হোক। যদি একান্তই তা সম্ভব না হয়, তবে এ বছরের জন্য নির্বাচনী পরীক্ষার প্রক্রিয়াটি স্থগিত করা হোক। কারণ, যদি সত্যিই ডিসেম্বরের ১ তারিখে পরীক্ষা শুরু হয়, তাহলে শিক্ষার্থীদের হাতে সময় আছে বড়জোর ৮৫ দিন। এর মধ্যে ১৫টা দিন যদি তাদের কেটে যায় নির্বাচনী পরীক্ষার পেছনে, তাহলে এসএসসির প্রস্তুতির জন্য তাদের হাতে থাকে মাত্র ৭০ দিন। যেসব শিক্ষার্থী পাঠপ্রস্তুতিতে এখনো খানিকটা পিছিয়ে আছে, তাদের পক্ষে মাত্র এই কদিনের মধ্যে একটা পাবলিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করে তোলা আপাতত অসম্ভব ব্যাপার। হয়তো তারা পরীক্ষা দেবে ঠিকই, কিন্তু দেশের সিংহভাগ শিক্ষার্থীই ব্যর্থ হবে আশানুরূপ ফল অর্জনে।
তাই সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার বক্তব্য বিবেচনা করে এসএসসির সূচি এগিয়ে আনা থেকে বিরত থাকবেন অথবা এ বছরের জন্য নির্বাচনী পরীক্ষাটি স্থগিত করবেন।
জান্নাতুল নাঈম , খারদ্বার, বাগেরহাট।