মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাপনায় যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, সৃজনশীল প্রশ্নপদ্ধতি তার একটি। এটি আমাকে ফেল করার হাত থেকে রক্ষা করেছে। কিন্তু গণিতে সৃজনশীল আমিসহ দেশের অনেক দুর্বল শিক্ষার্থীর জন্য অত্যন্ত কঠিন। এটি কি দয়া করে বাদ দেওয়া যায় না? তা ছাড়া সময় পর্যাপ্ত নয়। অন্যান্য বিষয়ের মতো এর সময়সীমা তিন ঘণ্টা। কিন্তু গণিত তো অন্যান্য বিষয়ের মতো প্রশ্ন হাতে নিয়েই বোঝা যায় না যে সঠিক উত্তর কী হবে। ভাবতে ভাবতেই ১৫ মিনিট অতিবাহিত হয়ে যায়। ৪০টি নৈর্ব্যক্তিকের প্রতিটি প্রশ্নের উত্তর বের করতে গেলে তা নির্ধারিত সময়ে কুলোয় না।
গত অর্ধবার্ষিক পরীক্ষার সময় আমি আমার স্কুলের কাউকে বলতে শুনিনি, সে পূর্ণ উত্তর করেছে। সবাই বলল, প্রশ্ন সহজ হয়েছে, কিন্তু সময়টা একদম কম। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের নৈর্ব্যক্তিকের সময় খুবই অপর্যাপ্ত।
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উচিত বিজ্ঞানের এই বিষয়গুলোকে আর দশটা বিষয়ের সঙ্গে তুলনা না করা। আপনাদের অনুরোধ করছি, দয়া করে গণিতে সৃজনশীল তুলে দিন, অথবা চার ঘণ্টা সময় দিন।
মালিহা,
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল।