এসএসসির ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভালো ফল করার আনন্দে উল্লসিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন৷ এবার পাস করেছে প্রায় ৯৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। গত শনিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের যে ফল প্রকাশিত হয়েছে, তা অভূতপূর্ব৷ এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ২২ হাজার ৩১৩৷ পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বিবেচনায় এত ভালো ফল কখনোই হয়নি৷
কিন্তু এই হরিষে বিষাদেরও ছায়া লক্ষ করছি৷ পাসের হার ও জিপিএ প্রাপ্তির সংখ্যা যতই বিপুল হচ্ছে, ততই মানের প্রশ্নটি সামনে এসেছে৷ গত কয়েক বছরের ফলের সঙ্গে সফল শিক্ষার্থীদের বাস্তব যোগ্যতার ঘাটতি লক্ষ করা যাচ্ছে৷ এসএসসি উত্তীর্ণদের সবাই ভর্তির সুযোগ পাবে, এমন নিশ্চয়তা নেই৷ আবার এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকে ন্যূনতম পাস নম্বর অর্জন করতে না পারা দুঃখজনক৷
বর্তমান প্রশ্নপদ্ধতিটাই এমন যে অনায়াসেই এতে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকছে। প্রশ্নপদ্ধতির কারণেই কঠিন বিষয়গুলোতে সহজে বেশি নম্বর পাচ্ছে৷ পাশাপাশি খাতা দেওয়ার সময় শিক্ষা বোর্ডগুলো থেকে যদি শিক্ষকদের উদারভাবে নম্বর দেওয়া নির্দেশনা দেওয়া হয়, তাহলে মান যাচাই কঠিন হয়ে পড়ে৷ শিক্ষার্থী ভুল-শুদ্ধ যা-ই লিখুক, তাকে নম্বর বাড়িয়ে দিয়ে পাসের রেকর্ড বাড়ানোর অভিযোগও রয়েছে৷ এতে করে সরকার শিক্ষা প্রসারের দাবি করলেও মানের নিশ্চয়তা দিতে পারে না৷ এটি কোনো জাতির জন্য কল্যাণকর নয়৷
প্রথম আলোর এক প্রতিবেদন অনুসারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ পাওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস নম্বর পাচ্ছেন না। ওই প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ অনুত্তীর্ণ শিক্ষার্থীর হার ছিল ৫৫ শতাংশ৷ ২০১০ ও ২০১১ সালেও তা ছিল ৫২ ও ৫৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ৫৫ শতাংশ শিক্ষার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস নম্বরই না পান, তাহলে এই ভালো ফলের কী অর্থ থাকতে পারে?
তাই ভালো ফলের পাশাপাশি শিক্ষার মানের দিকেই অধিকতর মনোযোগ দিতে হবে৷ সৃজনশীল পদ্ধতির প্রশ্নগুলো এমনভাবে করতে হবে, যাতে ফঁাকি দেওয়ার সুযোগ না থাকে৷ শিক্ষার্থীরা গাইড ও নোটবইয়ের ওপর নির্ভরশীল না হয়৷ শিক্ষার্থীদের সামনে যে চ্যালেঞ্জটি থাকবে, তা হলো প্রকৃত জ্ঞান অর্জনের৷ এসএসসি ও এইচএসসিতে ক্রমাগত পাস ও জিপিএ–৫–এর হার বৃদ্ধি তখনই সুফল দেবে, যখন জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও অধ্যবসায় সুদৃঢ় হবে৷ দেশের নামকরা শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়৷