ওভারব্রিজ চাই
আমরা ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মিরপুর থানাধীন আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডের নিকটবর্তী এলাকার বাসিন্দা। এই বাসস্ট্যান্ডের আশপাশে টোলারবাগ, মধ্য পাইকপাড়া, আহমদনগর, পাইকপাড়া, বেশ কিছু সরকারি কোয়ার্টার, স্কুল, মাদ্রাসা, বেসরকারি হাসপাতাল এবং বাজার বিদ্যমান। উল্লিখিত এলাকার বিশাল জনগোষ্ঠী ঢাকা শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড ব্যবহার করে থাকে। আনসার
ক্যাম্প বাসস্ট্যান্ডে ওভারব্রিজ না থাকায় জনসাধারণের রাস্তা পারাপারে খুব সমস্যায় পড়তে হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এ কারণে অত্র এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই অবস্থায় ঢাকা সিটি করপোরেশন (উত্তর) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, জরুরি ভিত্তিতে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে একটি ওভারব্রিজ নির্মাণ করে এ এলাকার জনসাধারণের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
শহিদুল ইসলাম
মধ্য পাইকপাড়া, মিরপুর, ঢাকা।