ওয়েস্ট ইন্ডিজ দলের সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতা এখন জাতীয় থেকে আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দেশে ফিরে যাচ্ছে। বিষয়টি কেবল একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়া না-হওয়ার ব্যাপার নয়, এটি জাতীয় মানমর্যাদারও ব্যাপার।

ক্রিকেট বিশ্বে নিরাপত্তাহীনতার দিক থেকে পাকিস্তান-আফগানিস্তানের পাশাপাশি এখন উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। দেশ দুটির নিরাপত্তা পরিস্থিতির নাজুকতার কারণে একের পর এক বিভিন্ন দেশের ক্রিকেট দল সেখানে সফর করতে রাজি হয়নি। এমনকি বাংলাদেশের ক্রিকেট দলও সম্প্রতি পাকিস্তান সফর বাতিল করেছে; তা নিয়ে ক্রিকেটামোদী মানুষের মধ্যে শ্লাঘার লক্ষণও দেখা গিয়েছিল যে পাকিস্তানের চেয়ে আমরা অনেক নিরাপদ। কিন্তু পরিহাস এমনই, এখন বাংলাদেশে খেলতে আসা বিদেশি ক্রিকেট টিমের হোটেলের বাইরে ককটেল ফুটছে। তাদের নিরাপত্তাহীনতার কথা বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্তৃপক্ষ খেলা তো খেলা, সফরই বাতিল করে দিয়েছে। তরুণ ক্রিকেট দলটি এখন স্বদেশে ফিরে যাওয়ার অপেক্ষায়।

খেলা আর খেলা হয়ে নেই। খেলার সঙ্গে নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে জড়িত। নিরাপত্তার মানদণ্ডে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ গণ্য হওয়া জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার ব্যাপার। এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরও বিব্রত ও লজ্জিত হতে হচ্ছে। তবু রাজনৈতিক কর্তৃপক্ষের টনক নড়ছে না। রাজনৈতিক দুর্যোগ যেভাবে জীবন ও চর্চার প্রতিটি ক্ষেত্রকে বিপর্যস্ত করে, এটি তার উদাহরণ। এ ঘটনা বাংলাদেশের একটি গৌরববাহী বিষয় হিসেবে ক্রিকেটের ওপরও আঁচড় ফেলল।

পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ-পরিস্থিতি ছিল সেখানে বাইরের ক্রিকেট দলের সফর বাতিলের কারণ। কিন্তু বাংলাদেশে তো যুদ্ধ চলছে না। এমনকি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হোটেলের বাইরে বিস্ফোরিত হওয়া দুটি ককটেলের লক্ষ্যও ওই ক্রিকেট দল ছিল না। কিন্তু ভিত বোধ করার জন্য এই একটি ঘটনাই যথেষ্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের সফর ও চলাচলের বিষয়ে সতর্ক করেছে।
হানাহানির রাজনীতির কারণে জাতীয় লজ্জার আর কত দৃষ্টান্ত স্থাপিত হবে—এই প্রশ্ন রাজনীতিবিদদের প্রতি রাখা যায়।