ওয়েস্টমিনস্টার মডেল এবং সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের মুসলিম সামাজিক কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনাটিকে পুলিশ ইডিএলের হামলা বলে সন্দেহ করছে
লন্ডনের মুসলিম সামাজিক কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনাটিকে পুলিশ ইডিএলের হামলা বলে সন্দেহ করছে

ব্রিটেনে সপ্তাহ দুয়েক ধরে খবরের শীর্ষে রয়েছে লন্ডনের উলইচ এলাকায় একটি সেনাছাউনির বাইরে কয়েকজন ইসলামি উগ্রপন্থীর হাতে ছুরিকাঘাতে একজন সৈনিকের মৃত্যুর চাঞ্চল্যকর ঘটনা এবং তার পরিণতিতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা ও উদ্বেগ। অবশ্য, গত ২২ মের ওই হত্যাকাণ্ড-পরবর্তী উত্তেজনাকে  সাম্প্রদায়িক না বলে বর্ণবাদী বলাই ভালো। কেননা, উত্তেজনা ছড়ানোর চেষ্টা যাঁরা করেছেন, তাঁরা মূলত কয়েকটি বর্ণবাদী রাজনৈতিক দল ও গোষ্ঠীর সদস্য।বর্ণবাদী যেসব গোষ্ঠী এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের সুযোগে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে এগিয়ে আছে ব্রিটিশ ন্যাশনাল পার্টি ( বিএনপি) ও ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল)। গত মে মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মোটামুটি ভরাডুবি ঘটে। দেশের যে কটি জায়গায় তাদের হাতে গোনা কয়েকজন কাউন্সিলর ছিলেন, তাঁদের প্রায় সবাই পরাজিত হন। একমাত্র ইউরোপীয় পার্লামেন্টে তাদের দলীয় প্রধান নিক গ্রিফিনসহ দুজন এখনো জনপ্রতিনিধি হিসেবে টিকে আছেন। সুতরাং, মুসলিমবিদ্বেষী বক্তব্য প্রচারের মাধ্যমে রক্ষণশীল খ্রিষ্টান ভোটারদের সমর্থন আদায়ে তারা সচেষ্ট হয়েছে। তাদের সঙ্গী হয়েছে একই ধরনের বর্ণবাদী রাজনীতির ধারক সংগঠন—ইডিএল। তবে, মূলধারার রাজনৈতিক দলগুলো এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন উদ্যোগ এবং পুলিশের সতর্কতার কারণে বড় ধরনের কোনো অঘটন এখনো ঘটেনি। জাতিগত বা বর্ণবাদী হামলা, হয়রানি বা লাঞ্ছনার বিষয়ে সাহায্য করে থাকে এ রকম একটি সংগঠন ফেইথ ম্যাটার্স অবশ্য জানিয়েছে যে সৈনিক লি রিগবি হত্যার পর মুসলমানদের ওপর হামলা বা হয়রানির ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। আগে যেখানে গড়ে দৈনিক ছয়টির মতো অভিযোগ পাওয়া যেত, সেখানে ওই হামলার পর প্রথম দুই দিনে তারা ১৬০টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে, সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে গত বুধবার উত্তর লন্ডনের মুজওয়েল হিল এলাকায় একটি মুসলিম সামাজিক কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা, যেটিকে পুলিশ ইডিএলের হামলা বলে সন্দেহ করছে। কেননা, ওই পুড়ে যাওয়া ভবনের গায়ে তাদের নাম লেখা দেখা গেছে। তবে, এসব বর্ণবাদী হাঙ্গামার মধ্যে নাটকীয় একটি ঘটনা ঘটে ইয়র্কের লিডস শহরে। সেখানে এক মসজিদের উদ্দেশে মিছিল করে যাওয়ার ঘোষণা দেয় ইডিএল। তাদের কয়েক শ সদস্য নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে মসজিদের সামনে হাজির হয়ে দেখেন যে মুসল্লিরা তাঁদের জন্য চা-বিস্কুট নিয়ে অপেক্ষা করছেন। মুসল্লিরা তাঁদের মসজিদের ভেতরে এসে একসঙ্গে বসে চা খাওয়ার আমন্ত্রণ জানালে ওই সব কথিত বর্ণবাদী ষন্ডারা সে অনুরোধ ফেলতে পারেননি। এরপর তাঁরা চা খান এবং কথায় কথায় ফুটবলের আলোচনায় মেতে ওঠেন। পরে তাঁরা দুই দলে ফুটবল খেলতেও রাজি হয়ে যান। পরের দিন ব্রিটেনের মূলধারার সংবাদপত্রগুলোতে ইয়র্কের বিশপ জন শান্তনুর একটি মন্তব্য ছাপা হয়, যাতে তিনি বলেন যে এটা হলো শান্তি প্রতিষ্ঠার ইয়র্কীয় পদ্ধতি। ইয়র্কীয় পদ্ধতি বলতে তিনি ইংলিশদের চা পান এবং ফুটবলবিষয়ক আবেগের কথা স্মরণ করিয়ে দেন।               

সপ্তাহ খানেক আগে আরও একটি খবর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তোলে, আর সেটি হলো রাজনৈতিক দুর্নীতির বিষয়। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন এমপি এবং লর্ডসভার তিনজন সদস্য—বিরোধী দল লেবার পার্টির দুজন ও আঞ্চলিক দল আলস্টার ইউনিয়নিস্ট পার্টির একজন করে মোট চারজনের বিরুদ্ধে রাজনৈতিক দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁদের

দল থেকে পদত্যাগ করতে হয়েছে অথবা সাময়িকভাবে তাঁদের ওপর থেকে দলীয় হুইপ প্রত্যাহার করা হয়েছে। 

কাকতালীয়ভাবে এঁদের তিনজনের বিরুদ্ধেই অভিযোগ যে এঁরা বিভিন্ন স্বার্থবাদী গোষ্ঠীর দেনদরবারের (লবিং) মুখে মাসিক দুই থেকে চার হাজার পাউন্ডের (বাংলাদেশি টাকায় আড়াই লাখ থেকে পাঁচ লাখ টাকারও কম) বিনিময়ে তদবিরকারীদের হয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলবেন এবং সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করবেন। এঁদের মধ্যে কনজারভেটিভ এমপি প্যাট্রিক মার্সার ফিজির বিরুদ্ধে আরোপিত কমনওয়েলথ জোটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানার জন্য পার্লামেন্টে প্রশ্ন করেছিলেন আর তার জন্য পান চার হাজার পাউন্ড। তিনি ফিজির একটি কোম্পানির প্রতিনিধিকে পার্লামেন্ট ভবনে ঢোকার একটি নিরাপত্তা পাস দেওয়ারও অঙ্গীকার করেছিলেন। তবে, পুরো বিষয়টিই ছিল বিবিসির অনুসন্ধানমূলক অনুষ্ঠান প্যানোরামার পাতা ফাঁদ। আর, লর্ড লেয়ার্ড, লর্ড ম্যাকেঞ্জি অব ফার্মওয়েলগেট এবং লর্ড কানিংহাম ধরা খেয়েছেন সাপ্তাহিক সানডে টাইমস -এর ফাঁদে। সৌরবিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উপকরণ তৈরি করে এ রকম একটি ভুয়া কোম্পানির হয়ে পত্রিকাটির রিপোর্টার তাঁদের ফাঁদে ফেলেন। মাসিক দুই হাজার পাউন্ড মাসোহারায় এক বছরের চুক্তিতে তাঁরা ওই কোম্পানির জন্য সরকারের নানা দপ্তরে প্রভাব খাটানোর প্রস্তাবে রাজি হন।

ব্রিটেনে টাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন করার দায়ে এর আগেও একজন রাজনীতিকের চরম খেসারত দেওয়ার ইতিহাস রয়েছে। কনজারভেটিভ পার্টির এমপি নিল হ্যামিলটন আশির দশকে বিখ্যাত দোকান হ্যারডসের তৎকালীন মালিক দোদি আল ফায়েদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন করার কারণে মন্ত্রিত্ব হারান এবং শেষ পর্যন্ত কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হন। দুর্নীতির কালিমা মুছতে প্রায় এক যুগ ধরে একাধিক সংবাদমাধ্যম ও ব্যক্তির বিরুদ্ধে লড়াই করে একসময় দেউলিয়া হয়ে যান সাবেক ওই মন্ত্রী।

ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে এই কেলেঙ্কারি  ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ বা ‘ক্যাশ ফর কোশ্চেনস’ নামে পরিচিত এবং টোরি পার্টিতে রাজনৈতিক দুর্নীতির প্রতীকে পরিণত হন নিল হ্যামিলটন। তিনি আরও দুটি কারণে স্মরণীয় হয়ে আছেন। প্রথমত, তাঁর কারণেই পার্লামেন্টের আলোচিত বিষয় আদালতে উত্থাপনের বাধা দূর হয় আর দ্বিতীয়ত, তাঁর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রার্থী হিসেবে বিবিসির সাংবাদিক মার্টিন বেল রাজনীতিকে পরিচ্ছন্ন করার প্রত্যয় নিয়ে নির্বাচন করেন। লেবার এবং লিবারেল ডেমোক্র্যাট দল দুটি তখন টোরিপ্রধান ওই নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী প্রত্যাহার করে নিলে মার্টিন বেল নির্বাচিত হন। মি বেল সে সময় যে সাদা স্যুট পরে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, পার্লামেন্ট থেকে অবসর নেওয়ার পর এখনো তিনি সেই সাদা স্যুট পরেই জনসমক্ষে আসেন। 

নিল হ্যামিলটনের রাজনৈতিক জীবনের ইতি ঘটে প্রধানমন্ত্রী জন মেজরের সময়। আর তার প্রায় দুই যুগ পর ব্রিটেন আবারও ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ কেলেঙ্কারির মুখোমুখি। প্রধানমন্ত্রী ক্যামেরন এবং তাঁর ডেপুটি লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ উভয়ই ঘোষণা করেছেন যে তাঁরা লবিং, এমপিদের আর্থিক লেনদেন ও স্বার্থ এবং রাজনৈতিক দলের নির্বাচনী তহবিল বিষয়ে নতুন আইনের প্রস্তাব পার্লামেন্টের চলতি অধিবেশনেই পেশ করবেন। দলীয় নেতারা কেউই দুর্নীতি হয়েছে কি হয়নি, টাকাপয়সার হাতবদল না হলে দুর্নীতি হয় কি হয় না—এ ধরনের যুক্তি-পাল্টা যুক্তির কুতর্কে লিপ্ত হননি।       

টাকার অঙ্কে এসব ব্রিটিশ রাজনীতিকের দুর্নীতির অভিযোগ কতটা গুরুতর, তা বিবেচনার ভার পাঠকের ওপরই থাক। কেননা, প্রথম আলোর পাঠকেরা জানেন হল-মার্কের হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা থেকে শুরু করে ছাত্রলীগ-যুবলীগের সাবেক নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কীভাবে হাওয়ায় উবে গেছে। তাঁরা রেলের কালো বিড়ালের ৭০ লাখ টাকা নিয়ে

ইঁদুর-বিড়াল খেলাও দেখেছেন, দেখেছেন পদ্মা সেতুতে কমিশন রফা হওয়ার পরও টাকার লেনদেন না হওয়ায় কারও কারও দেশপ্রেমিক সার্টিফিকেট লাভ।

ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে মিথ্যা বলার জন্য মন্ত্রীদেরও যে জেল খাটতে হয়, সে রকম তরতাজা দৃষ্টান্তও আছে। গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘনের দায়িত্ব স্ত্রীর ঘাড়ে চাপানোর দায়ে এ বছরই জেল খেটেছেন সাবেক পরিবেশমন্ত্রী ক্রিস হিউন, অথচ বছর খানেক আগে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের প্রধান গেট দিয়ে সাইকেলে চড়ে বেড়াতে না পারার কারণে পাহারাদার পুলিশকে গালি দেওয়ার অভিযোগে মন্ত্রিত্ব হারিয়েছেন আরেকজন—সাবেক বৈদেশিক উন্নয়নমন্ত্রী এন্ড্রু মিচেল। যদিও তদন্তে এখন দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে ঝগড়া করলেও তিনি কথিত গালিটি দেননি।

অথচ, বাংলাদেশের যেসব রাজনীতিক ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের মডেল অনুসরণে ব্যাকুল, তাঁদের কিন্তু এসব দৃষ্টান্ত স্মরণে থাকে না। বাংলাদেশের ক্ষমতাসীন জোটের কতজন মন্ত্রী এবং এমপির বিরুদ্ধে দলীয় কর্মী-সমর্থকেরা খুনখারাবি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ করে থাকেন, তার বিবরণ পাওয়া যায় প্রধানমন্ত্রী জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যেসব ধারাবাহিক সভা করছেন, সেসব বৈঠকের পত্রিকায় প্রকাশিত খবরে। ওই সব খবরের কোনো প্রতিবাদও দলের তরফে দেখা যায় না। যার অর্থ হচ্ছে অভিযোগগুলোর কিছু না কিছু ভিত্তি আছে। 

ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে নির্বাচনের দিন-তারিখ ঠিক করার এখতিয়ারটি এর আগে প্রধানমন্ত্রীর হাতে থাকায় ক্ষমতাসীন দল সামান্য বাড়তি সুবিধা পেত বলে ক্যামেরনের কোয়ালিশন সরকার তার বিলোপ ঘটিয়ে পার্লামেন্টের মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছে। এর ফলে পার্লামেন্টের মেয়াদ শেষে  শাসক দল বেকায়দায় থাকলেও নির্বাচনের তারিখ নড়চড় হবে না। সুবিধামতো সময়ের সুযোগ নিয়ে আগাম নির্বাচনও আর সম্ভব নয়। একমাত্র আস্থা ভোটে হারলেই আগাম নির্বাচন, নইলে নয়। এ ছাড়া  নির্বাচন ঘোষিত হওয়ার পর এখানে এমপিরাও আর এমপি থাকেন না— বিপরীতটিই বাংলাদেশের সংশোধনীতে আনা হয়েছে।

ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের ভক্ত, বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যরা খুব জোরগলায় ক্রসফায়ার এবং পুলিশের গুলিবর্ষণের সাফাই গাইতে গিয়ে পাশ্চাত্যের দু-একটি ঘটনার কথা বলে থাকেন, যেখানে পুলিশের গুলিতে সন্দেহভাজন সন্ত্রাসী বা দুর্বৃত্ত হতাহত হয়েছেন। কিন্তু তাঁরা যে কথাটি বলেন না তা হলো, পুলিশের গুলি করার প্রতিটি ঘটনা পুলিশের বাইরে স্বাধীন এবং নিরপেক্ষ তৃতীয় আরেকটি প্রতিষ্ঠান তদন্ত করে থাকে। এমনকি, উলইচে সৈন্য হত্যার অভিযোগ রয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে, তাঁকে গুলি করে আহত করার ঘটনাটিও তদন্ত করছে পুলিশ কমপ্লেইন্টস কমিশন (পিসিসি)। বাংলাদেশের পুলিশ আইনে সংস্কারের ক্ষেত্রে এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব কিন্তু সাড়ে চার বছর ধরে চাপা পড়ে আছে।

ওয়েস্টমিনস্টার মডেলের অনুসরণে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনার সংস্কৃতি বাংলাদেশে নিকট ভবিষ্যতে দেখা যাবে, এমনটি কেউ আশা করেন না ঠিকই। কিন্তু তার মধ্যেও তো রাজপথে মারমুখো বিরোধী দলকে চায়ের আমন্ত্রণ জানানো যায়।

কামাল আহমেদ: বিশেষ প্রতিনিধি, লন্ডন।