নদী-পরিস্থিতির ভয়াবহতা নিয়ে জনগণের বড় অংশের টনক অনেক আগেই নড়েছে, কিন্তু সরকারি সংস্থাগুলোর টনক কতটা নড়েছে, তা রোববারের প্রথম আলোয় প্রকাশিত নদীদূষণের প্রতিবেদনেই স্পষ্ট। সংবাদপত্রের প্রতিবেদন আর জনগণের আকুলতা যে পানিসম্পদ মন্ত্রণালয়, রাজউক, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড প্রভৃতির কর্ণকুহরে প্রবেশ করছে না, ঢাকার চারপাশের নদীগুলোর মুমূর্ষু অবস্থা তার জ্বলন্ত নজির।
নদী-খাল-জলাশয়ে সমৃদ্ধ ঢাকাকে বলা হতো প্রাচ্যের ভেনিস। কিন্তু যা হয়েছে তাকে নারকীয় বললে বাহুল্য হয় না। বুড়িগঙ্গা ও তুরাগ নদে ১১৫ পথে প্রতিদিন লাখো ঘনমিটার বর্জ্য পড়ছে। স্বয়ং ওয়াসারই রয়েছে এ রকম ৬৯টি বর্জ্য পরিবহন নালাপথ, যা দিয়ে নদী দুটিতে বিষাক্ত ও দূষিত বর্জ্য গিয়ে মিশছে। নদী দখল ও দূষণ সমানতালেই চলছে। প্রায় দেড় কোটি নগরবাসীর বর্জ্য নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নেই।
রাজধানীতে দৈনিক পয়োবর্জ্যের পরিমাণ ১৩ লাখ ঘনমিটার। এর মধ্যে মাত্র এক লাখ ২০ হাজার ঘনমিটার শোধনের ব্যবস্থা করে পাগলা পয়োশোধনাগার। বাকিগুলোর গন্তব্য হয় বুড়িগঙ্গা ও তুরাগ নদ। বুড়িগঙ্গার ঢাকা অংশ অক্সিজেনশূন্য হয়ে সব জলজ জীবের ধ্বংস সাধন করছে। শীতলক্ষ্যার অবস্থাও তেমন। দখলে জেরবার তুরাগ মৃতপ্রায়।
ওয়াসা কয়েক বছর আগে নদী থেকে বর্জ্য অপসারণে ২৬ কোটি টাকা খরচ করেছিল। এখন ওয়াসার কারণে সৃষ্ট দূষণে প্রমাণিত হলো, সেই টাকা জলেই গেছে। ২০০৩ সালে ঢাকার নদীদূষণের কারণ হিসেবে ৩৬টি শিল্প-কারখানাকে চিহ্নিত করা হয়েছিল। ২০১৪ সালে এসে বলা চলে তাদের সংখ্যা ও দূষণ দুটোই বেড়েছে। ঢাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগেরই দূষণ দূর করার প্লান্ট নেই। হাজারীবাগের ট্যানারিশিল্পকে এখনো অন্যত্র সরানো যায়নি। ঢাকাবাসীর অনেকের বাড়িতেই সেপটিক ট্যাংকে পয়োবর্জ্য জমা হওয়ার কথা থাকলেও তাঁরা সেটা মানেন না। এটা দেখার দায়িত্ব ওয়াসার, কিন্তু তারাও উদাসীন।
ওয়াসার টনক নড়া উচিত, উচিত সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত আয়োজন। ঢাকাকে বাঁচাতে হলে এর কোনো বিকল্প আছে কি?