হরতালের বর্তমান চিত্র অনুযায়ী বলা যায়, এটা আসলে প্রকৃতপক্ষে হরতাল নয়, সহিংসতা। অথবা হরতাল-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারামারি। যেটা আগে কোনো কোনো গ্রামাঞ্চলে হতো। আগে মারামারির তারিখ পড়ত। যা হোক, বর্তমানে হরতালে ভাঙচুরসহ সব রকম সহিংসতা ঘটাতে রামদা, ছুরি, লাঠিসহ ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে ককটেল। আর এই ককটেল যেন এখন টেনিস বলে রূপ নিয়েছে। রাজপথের হরতালচিত্রে ককটেলের এমন সহজলভ্য দেখে এটা মনে হওয়া স্বাভাবিক। এমনকি এই ককটেলের কবলে পড়তে হচ্ছে অনেক শিশুকেও। (প্রথম আলো, ২৯ অক্টোবর ২০১৩: বগুড়ায় ককটেল-হিংস্রতার শিকার তিন শিশু) এ ছাড়া, বিরোধী দলও যেমন তাদের দাবি আদায়ে এমন সহিংস আন্দোলনে বদ্ধপরিকর, তেমনি সরকারও তার জায়গায় অটল। মাঝখান থেকে এমন সহিংস আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বিশেষ করে ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের মানুষগুলো।
তাই আজ দেশের জনসাধারণ উভয় দলের কাছে আহ্বান জানাচ্ছে, আপনারা এমন সহিংস আন্দোলন বাদ দিয়ে, আলোচনার মাধ্যমে যেকোনো একটা মীমাংসায় আসুন। কিন্তু এতে কোনো লাভ নেই। তারা উভয় দলই যে কামারবাড়ির লোহার মতো ‘যেই সেই’। মাঝখান থেকে শুধু শুধু পত্রিকার পাতার জায়গা নষ্ট করা।
খবির উদ্দিন, জামালপুর।