ঢাকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও দেশের বিভিন্ন অঞ্চল বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই সঙ্গে সংঘাত ও সহিংসতা তো আছেই। বিরোধী দলের নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে মাঠে দৃশ্যমান না হয়ে যেভাবে কর্মসূচি সফল করার চেষ্টা করছেন, তাকে নৈরাজ্য ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। কিন্তু এ ধরনের অসহনীয় ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বিস্ময়কর হচ্ছে সরকারের নির্বিকার মনোভাব। পরিস্থিতি উত্তরণের কোনো চেষ্টা সরকারের তরফে একেবারেই দেখা যাচ্ছে না।
বিরোধী দলের সহিংস কর্মসূচি মোকাবিলায় সরকার এখন যে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে, তাকে বিএনপির পক্ষ থেকে ‘তালিকা করে নেতা-কর্মীদের হত্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, সরকার দলীয় ক্যাডারদের দিয়ে বিরোধী দলের আন্দোলন দমনের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় তাঁদের ২৫ জনের মতো নেতা-কর্মী খুন হয়েছেন।
আমাদের বক্তব্য হচ্ছে, যে দল বা মতের লোকজনই হোক গত ২৫ নভেম্বর তফসিল ঘোষণার পরদিন থেকে এ পর্যন্ত সহিংসতায় সারা দেশে প্রাণ হারিয়েছেন ১১৩ জন। বিএনপির নেতা বিরোধী দলের যে নেতা-কর্মীদের প্রাণহানির কথা বলেছেন, এর দায় সরকার এড়াতে পারে না। কিন্তু বিরোধী দলের কর্মীদের রাজনৈতিক সহিংসতায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তার জবাব কী?
নির্বাচন নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একগুঁয়ে অবস্থান এবং একে কেন্দ্র করে এত সহিংসতা, এত মৃত্যু আগের সব রাজনৈতিক সহিংসতাকে ছাড়িয়ে গেছে। এসব ঘটনায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশ নিয়ে বিবৃতি বা উদ্বেগ প্রকাশের বিষয়টি লক্ষণীয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সোমবার দেশের এই চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিরোধী দলের সমর্থকদের ‘ভয়াবহ সহিংসতার’ বিষয়টি যেমন সেখানে স্থান পেয়েছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের প্রসঙ্গও রয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ সম্ভবত সরকার ও বিরোধী দলের কাছে বিবেচ্য নয়। বিরোধী দল আন্দোলন করছে সহিংস পথে। অন্যদিকে সরকার এই আন্দোলন দমনে বেছে নিয়েছে কঠোর পথ। বিরোধী দলের অনেক নেতা এখন কারাগারে এবং অনেক দিন থেকেই স্বাভাবিক মিছিল-সমাবেশও করতে পারছে না বিরোধী দল। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা শুরু থেকেই বলে আসছি সমস্যাটি রাজনৈতিক, এর সমাধানও হতে হবে রাজনৈতিক পথে, খুঁজতে হবে রাজনৈতিক সমাধান। সহিংস আন্দোলনের পথে যেমন কিছু আসবে না, তেমনি বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন বা কঠোর অবস্থান নিয়েও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এই অসহনীয় পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার দায়টি প্রথমত সরকারেরই। কিন্তু সরকার কার্যত নির্বিকার। প্রশ্ন হচ্ছে, এভাবে আর কত দিন চলবে?