১৪ ডিসেম্বর প্রথম আলোয় সোহরাব হাসানের ‘র্যাব কোথায়, পুলিশ কোথায়, সরকার কোথায়’ লেখাটি পড়লাম। আমরা এশিয়ায় উন্নয়নের মডেল বলে দাবি করি। ’৮৪ সালেই হয়েছি ইমারজিং টাইগার। সর্বোপরি অতিথিপরায়ণ, ধর্মভীরু এবং ধর্মপ্রাণ, সহজ-সরল। আমাদের সমাজে খারাপ মানুষ আছে বটে, তবে তা মুষ্টিমেয়। এ জন্যই প্রতিটি অভিযোগ ও মামলা ভিত্তিহীন, মনগড়া, ষড়যন্ত্রমূলক এবং সুনাম ও মর্যাদাহানি করার অপচেষ্টামাত্র। তাহলে এই আগুন দেওয়া, যানবাহন পোড়ানো, রাস্তা কাটা এবং প্রাণহানি করার খবরও নিশ্চয়ই ভিত্তিহীন এবং মনগড়া।
প্রত্যেকই বলবেন এগুলো তাদের কাজ নয়। বিবৃতিতে যেমন বলা হয় ‘আমার নাম জুড়ে দেওয়া হয়েছে।’ অনেকে বলেন যে জামিন পাওয়ার অধিকার প্রত্যেকেরই রয়েছে। অপরাধ যা-ই হোক না কেন। ধরা যাক, প্রতিদিন ২০০ গাড়ি পুড়ছে, ১০০ ভাঙচুর হচ্ছে। কিন্তু একসঙ্গে একটি মামলায় ২২ হাজার কি অভিযুক্ত হতে পারে? এদের বিরুদ্ধে শুধু তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের কত বছর সময় লাগার কথা? কারণ, বিচার আবার হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ, সম্পূর্ণ পক্ষপাতমুক্ত এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য। তাহলে কর্তৃপক্ষ কী করতে পারে?
একটি ছোট্ট বিষয় সমাধানে গুরুতর কোনো ব্যবস্থা নেওয়া কি যুক্তিযুক্ত? হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি যাদের, তাদের এমন ঘটনা তো মুষ্টিমেয়ই হওয়ার কথা।
তাহলে অর্থনীতি ধ্বংসের পথে, উন্নয়ন স্থবির এবং জনমনে আতঙ্ক চরম অবস্থা হলো কী করে? নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা বাসে আগুন দেয় ও নাশকতা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে; কিন্তু নিরীহ মানুষকে হয়রানি করা হবে না, এটাই সবার প্রত্যাশা।
মাসুদ আহমেদ
ঢাকা।