ছোটকাল থেকে জেনে এসেছি, সংবাদপত্র হলো জ্ঞানের ভান্ডার। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর রাখতে হলে সংবাদপত্র পাঠ করতেই হবে। সংবাদপত্রে খবর সর্বদা প্রকাশের কারণে কোনো অন্যায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। যেকোনো প্রান্ত থেকেই মানুষ জানে অন্তরালের খবর। মানবতার সেবায় সংবাদকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। অনেকে জীবন দিয়ে বারবার প্রমাণ করছেন নির্ভীক সাংবাদিকতার সাহসী ভূমিকা। এমন মহৎ হৃদয়ের পেশাদারত্বের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়।
১ জুলাই প্রথম আলো পত্রিকায় ‘সংবাদপত্রের কণ্ঠরোধে ফের বিতর্কিত আইন’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে হতাশ হলাম। এই ধারাটি ফিরে এলে তা হবে উদ্বেগজনক সংবাদপত্রশিল্পের জন্য। সংবাদপত্রের প্রকাশনা বাতিলসংক্রান্ত এই ধারা সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত পরিবেশ সৃষ্টি করতে পারে, যা শুভ না–ও হতে পারে।
ছাত্রকে যেমন বেতের ভয় দেখিয়ে তার মধ্য থেকে সুপ্ত প্রতিভা বিকাশ করা সম্ভব নয়, তেমনি সংবাদপত্র প্রকাশনা বাতিলের চাপ থাকলে থলের বিড়াল (সঠিক তথ্য) থলের মধ্যেই থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা কিছুটা হলেও ক্ষুণ্ন হতে পারে।
সংবাদপত্রকে চলতে দেওয়া উচিত তার নিজের মতো করে। সামনে কোনো দেয়াল দাঁড় করিয়ে দেওয়া উচিত নয়। যাতে মত ্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকে। তেমনি সংবাদপত্রে যাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাঁদের উচিত দায়িত্বের সঙ্গে সঠিক সংবাদ সাধারণ মানুষের সামনে তুলে ধরা। সেখানে যেন কোনো রূপ স্বজনপ্রীতি কিংবা অশুভ চাপ না থাকে। সাধারণ মানুষ যেন তাঁদের নিজেদের মতামত, চাওয়া-পাওয়াগুলো সংবাদপত্রের দায়িত্বশীলতার মধ্যে খুঁজে পায়।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।