গত ২৭ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘আমাদের কথা শোনো’ প্রতিবেদনটি পড়ে শিউরে উঠলাম। প্রতিবেদনটি লেখা হয়েছে কন্যাশিশুর বিয়ে প্রসঙ্গে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ৮৮ জন, ২০১১ সালে ৭৫ জন এবং ২০১০ সালে ১৬৬ জন কন্যাশিশুর বিয়ে হয়েছে, যাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। ভাবতেই অবাক লাগছে, এই বয়সী একটি শিশু কীভাবে স্বামী-সন্তান-সংসারের দায়িত্ব নেবে?
বছর ঘুরতেই এসব কন্যাশিশু জন্ম দেয় আরেকটি শিশুর। অল্প বয়সে সন্তান ধারণ করার ফলে এই শিশু মায়েরা গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর নানা জটিলতায় ভোগে। যেমন: গর্ভপাত, খিঁচুনি, রক্তস্বল্পতা, রক্তক্ষরণ, জরায়ুমুখের ক্যানসার, ফিস্টুলা ইত্যাদি। তা ছাড়া মা ও শিশু উভয়েই রক্তস্বল্পতা ও অপুষ্টিতে ভোগে। ফলে উভয়ের অসুখ-বিসুখ লেগেই থাকে। এত অল্প বয়সে বিয়ে এসব কন্যাশিশুকে একটি মানসিক চাপে ফেলে দেয়। শুরু হয় সংসারে সমস্যা, শিশুটিও হারিয়ে ফেলে তার স্বাভাবিক জীবন।
কন্যাশিশুর বিয়ে বা বাল্যবিবাহ একটি বিরাট সামাজিক সমস্যা। শহরাঞ্চলের বস্তিগুলোতে এবং গ্রামে, যেখানে শিক্ষা ও সচেতনতার ছোঁয়া লাগেনি, সেসব জায়গায় এই বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। সেখানে বাবা-মায়ের আর্থিক অসচ্ছলতা, কন্যাশিশুর নিরাপত্তার অভাব; পাড়া-প্রতিবেশীদের চাপ, পাড়ার ছেলেদের উত্ত্যক্ততার শিকার, সর্বোপরি কন্যাশিশুর প্রতি সমাজের পুরুষদের দৃষ্টিভঙ্গি দায়ী।
বাল্যবিবাহ রোধে যেসব আইন রয়েছে, সেসব আইনের যথাযথ ব্যবহার, কন্যাশিশুর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন, বাল্যবিবাহের কুফল সম্পর্কে যথাযথ প্রচার-প্রচারণা ও সচেতনতা গড়ে তুলতে পারলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। প্রয়োজনে ‘মিনা কার্টুন’-এর মাধ্যমে এর কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়। সরকারের উচিত এখনই এ ব্যাপারে আরও মনোযোগী হওয়া। তবেই এই শিশুরা ফিরে পাবে তাদের স্বভাবসুলভ উচ্ছলতা।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।