প্রেসিডেন্ট ট্রাম্প নাটকীয়ভাবে করোনায় আক্রান্ত হবেন, তা নিশ্চয়ই তিনি জানতেন না। জানলে আক্রান্ত হওয়ার মাত্র চার দিন আগে প্রেসিডেন্ট বিতর্কে তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে মাস্ক পরা নিয়ে বিদ্রূপ করতেন না। কিন্তু নিয়তির এমনই পরিহাস যে চার দিন পর তিনি টুইট করে নিজেই সবাইকে জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এই সেই ট্রাম্প, যিনি সাত মাস ধরে তাঁর দেশবাসীকে জানাচ্ছেন যে করোনা এমন কোনো ভয়ংকর রোগ নয়, এটি যেমন এসেছে, তেমনি হঠাৎ চলে যাবে। এ অতিমারি নিয়ে বিশেষজ্ঞদের মতামতকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে বলেছেন, এ রোগ সম্পর্কে তাঁর চেয়ে ভালো আর কেউ জানেন না। করোনা যখন লাখ লাখ লোককে আক্রান্ত করে, দুই লাখের বেশি লোকের প্রাণ নিয়ে নেয়, তখনো তিনি তাঁর লোকদের বুঝিয়েছেন যে এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা মোড় ঘুরে দাঁড়িয়েছি, করোনা শেষ হলো বলে। তিনি এরপরও রাজ্যে রাজ্যে ঘুরে বেড়িয়ে তাঁর অনুসারীদের নিয়ে সমাবেশ করেছেন খোলা মুখে মাস্ক ছাড়া। শুধু তিনি নন, তাঁর সমাবেশে যোগ দেওয়া অনুসারীরাও। এটা এমনই একটি সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যে করোনা ব্যাপকভাবে ছড়িয়েছে, আর অনেক রাজ্যে হাসপাতালগুলো এ মহামারি সামলাতে হিমশিম খাচ্ছে। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। দেশের চিকিৎসক আর বিজ্ঞানীরা যেখানে মাথা চাপড়াচ্ছেন কীভাবে এ মহামারি রোধ করা যায় আর লোকজনকে সতর্ক করছেন এ রোগের প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে, বড় বড় সমাবেশ থেকে বিরত থাকতে, সেখানে দেশের অধিনায়ক করে যাচ্ছেন তার উল্টোটা।
এই প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজে করোনায় আক্রান্ত হবেন, এটা তাঁর কর্মফল হতে পারে, হতে পারে এটা দৈবপাকে হয়েছে। কিন্তু এটা লক্ষণীয় যে পৃথিবীর আর যে কটা দেশে, যেখানে রাষ্ট্র বা সরকারপ্রধান করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের অনেকেই করোনা ভাইরাসকে প্রথম প্রথম আমল না দিয়ে স্বাস্থ্যবিধান না মেনে নিজের ইচ্ছা অনুযায়ী লোকজনের সঙ্গে মেলামেশা-সমাবেশ ইত্যাদি করেছেন। তাঁদের মধ্যে প্রধান ব্রিটেনের বরিস জনসন আর ব্রাজিলের বলসোনারো। তাঁদের দুজনই এখন সুস্থ, কিন্তু তাঁদের করোনা সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টেছেন। জানি না ট্রাম্প সুস্থ হয়ে করোনার প্রতি তাঁর ভয় বা সম্মান বাড়বে কি কমবে, তবে এটা নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এই করোনা রোগকে নিয়ে আসন্ন নির্বাচনে আরও অনেক নাটক করবেন। তাঁর হাসপাতালে থাকার দ্বিতীয় দিনে চিকিৎসকদের চরম উদ্বেগ সত্ত্বেও ট্রাম্প বেরিয়ে যান হাসপাতাল থেকে একটি ভ্যানে হাসপাতালের সামনে সমবেত অনুগ্রাহীদের অভিনন্দন জানানোর জন্য। তিনি দেখাতে চাইলেন তিনি এখন সুস্থ, তাঁকে নিয়ে সমর্থকদের কোনো চিন্তা করতে হবে না। তিনি দেখাতে চাচ্ছেন তিনি বীর, তাঁকে কোনো রোগই দাবিয়ে রাখতে পারবে না।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, ট্রাম্পের এই দাম্ভিকতা বা বেপরোয়া ভাব সাধারণ লোক ভালো চোখে না দেখলেও তাঁর সমর্থকদের কাছে একটি বিরাট গুণ, যা ট্রাম্পের প্রতি তাঁদের আকর্ষণ বাড়ায়। ট্রাম্প করোনায় আক্রান্ত—এ খবর প্রকাশের পর ওয়াশিংটন পোস্ট পত্রিকা ট্রাম্প-সমর্থকদের প্রতিক্রিয়া যাচাই করে একটি প্রতিবেদন ছাপে, যাতে প্রশ্ন করা হয়, ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া তাঁর মাস্ক না পরা বা সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে কি না। আরও প্রশ্ন ছিল, এ ঘটনার পর তাঁরা কি মাস্ক পরবেন আর সামাজিক দূরত্ব রাখবেন? বিস্ময়ের সঙ্গে প্রতিবেদক মন্তব্য করেন যে প্রায় সব সমর্থক এটা মনে করেন, করোনা যে কারোরই হতে পারে, তা সে মাস্ক পরুক আর না পরুক। তাঁরা খুব উদ্বিগ্ন ট্রাম্পের জন্য, তবে তাঁরা মনে করেন তিনি সেরে উঠবেন। তাঁরা কেউই ট্রাম্পের করোনা হয়েছে বলে তাঁদের মাস্ক পরতে হবে, সেটা মানতে রাজি নন। তাঁদের একজন তো বলেই উঠলেন, যে রোগ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টকে আক্রান্ত করতে পারে, তাকে আমরা তিন ডলার দামের রুমাল দিয়ে আটকাব কী করে। (সূত্র: ওয়াশিংটন পোস্ট)
তাহলে কি আমরা ধরে নেব এখন ট্রাম্পের কল্যাণে করোনা একটি দৈবপাক? যা হওয়ার তা হবে, এটাকে কেউ ঠেকাতে পারবে না? এ ধরনের নিয়তিবাদী কথা এত দিন জানতাম আমাদের দেশের মতো প্রাকৃতিক বিপর্যয়প্রবণ দেশের লোকদের মধ্যে হয়। যুক্তরাষ্ট্রের মতো শিল্পায়িত উন্নত দেশের লোকদের মধ্যে এ মানসিকতা এল কীভাবে? ট্রাম্প কি তাঁর ভীতিপূর্ণ বাগাড়ম্বর দিয়ে মানুষের মধ্যে বিজ্ঞান আর বৈজ্ঞানিকদের বিরুদ্ধে মানুষকে উসকে দিয়েছেন? এটা তো মধ্যযুগীয় সে পরিস্থিতি, যখন যারা বিজ্ঞানকে শত্রু মনে করে বৈজ্ঞানিকদের শূলে চড়াত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র চার সপ্তাহ পর। নির্বাচনী প্রচারণার প্রক্রিয়ায় নির্বাচনী সমাবেশ ছাড়াও আরও দুটি প্রেসিডেন্ট বিতর্ক হওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা হওয়ায় তিনি কত দূর আর নির্বাচনী সম্মেলন করবেন বা করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন আছে। আরও দুটি প্রেসিডেন্ট বিতর্কে তিনি শামিল হতে পারবেন কি না, এ নিয়েও সন্দেহ আছে। তাই তাঁর করোনা রোগ নিয়ে তিনি কতটা নাটকীয়তা করবেন, সেটাও জল্পনার মধ্যে। আমরা আশা করছি, নাটকীয়তা হোক আর না হোক, ট্রাম্প করোনা সামনে রেখে তাঁর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে তাঁর দেশকে বিপদের পথ থেকে সরিয়ে আনবেন।
আশার কথা, এ কালো মেঘের পেছনেও রুপালি ঝলক আছে। নির্বাচন নিয়ে যতই জল্পনা হোক না কেন, ট্রাম্পবাদীদের যতই মধ্যযুগীয় বা কট্টর মনোভাব থাকুক না কেন, সাম্প্রতিক সব অভিমত জরিপ দেখাচ্ছে, ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী বাইডেনের ৮ থেকে ১২ পয়েন্ট পেছনে। এ পরিস্থিতি আরও চার সপ্তাহ থাকলে ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকছেন না। আর করোনা নিয়ে তাঁকে নির্বাচনী প্রচারও করতে হবে না।
জিয়াউদ্দিন চৌধুরী: লেখক, সাবেক বিশ্বব্যাংক এবং সরকারি কর্মকর্তা