গত জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির প্রথম দিকে কলকাতার প্যারেড গ্রাউন্ডে পর পর তিনটি বড় সমাবেশ হয়ে গেল। প্রথমে তৃণমূল কংগ্রেসের সমাবেশে লোকসমাগম ছিল প্রচুর। ক্ষমতাসীন দলের জন্যই শুধু নয়, তৃণমূলের রাজনৈতিক প্রভাবও কম নয়। এরপর ৫ ফেব্রুয়ারি এলেন নরেন্দ্র মোদি। বিজেপির সেই সমাবেশেও প্রচুর লোক আসে। এরপর বামফ্রন্টের সমাবেশ। তাদের ওই ব্রিগেড সমাবেশ স্মরণকালের বৃহত্তম, এমনকি কলকাতার ইতিহাসে কখনো হয়েছে বলে মনে পড়ে না, সে কথাও বললেন সিপিএম নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
তিন সমাবেশেই একে অপরের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ চালানো হয়েছে। কারণ, সামনে নির্বাচন। মোদি এসেছিলেন তৃণমূলকে টানতে। তিনি সরাসরি বললেন, বিজেপির সঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাবেন ‘দুই লাড্ডু’—একটা দিল্লির, আরেকটা থাকবে পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রীর দুই হাতে দুই লাড্ডু গছিয়ে দেওয়ার লোভ দেখালেন মোদি।
এই লাড্ডু নিয়ে রাজনীতিতে ঝড় ওঠে। বামফ্রন্ট বলতে শুরু করে মোদির দিল্লির লাড্ডু খেলে কলকাতার শতবর্ষের অসাম্প্রদায়িক রাজনীতির মূলে আঘাত হানা হবে। কারণ, মোদিকে চরম হিন্দুত্ববাদ ও সাম্প্রদায়িক রাজনীতির প্রধান প্রবক্তা হিসেবে দেখা হয়। এমনকি খোদ বিজেপির মধ্যেই এ নিয়ে সমালোচনা শুরু হয়। সেই মোদি হলেন আগামী এপ্রিল-মের নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী। তাঁকে মমতা ব্যানার্জি মাথায় তুলে নিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক-সামাজিক সমীকরণে যে ওলট-পালট লাগবে, তাতে সন্দেহ নেই।
মোদির সমাবেশ বড় হওয়ায় পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ও উদ্বিগ্ন। তারা ভাবছে, সিপিএমের সময় অনেক সমস্যা, অব্যবস্থাপনা দেখা দিয়েছিল, কিন্তু একটা জায়গায় সিপিএম ঠিক ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওরা ছিল নীতিতে অটল। এখন তৃণমূল কোন দিকে যায়, সেটা তাদের পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় এক সন্ধ্যায় দিল্লিতে ভারতীয় প্রেসক্লাবে আমরা কয়েকজন সাংবাদিক গল্প করছিলাম। আমাদের এক বন্ধু চ্যালেঞ্জ দিয়ে বললেন, মোদির সমাবেশ যত বড়ই হোক, তিনি ভারতের প্রধানমন্ত্রী কখনো হতে পারবেন না। জিজ্ঞেস করলাম, কেন? তাঁর যুক্তি হলো, আসন্ন নির্বাচনে কোনো দলই যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই বিজেপিকে জোট বাঁধতে হবে। কিন্তু মোদিকে প্রধানমন্ত্রী মেনে নিতে চাইবে না কোনো দল। করণ, বিজেপির রাজনীতিতে সর্বভারতীয় আবেদনের আড়ালে তাঁর চরম সাম্প্রদায়িক অবস্থান কোনো দলই মেনে নিতে রাজি হবে না। তাই বিজেপিকে ক্ষমতায় যেতে হলে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বদলাতে হবে। এটা বিজেপি যদি মানে, ভালো, না হলে আগামী সরকার
গঠন নিয়ে নাটকীয় কিছু ঘটে যেতে পারে।
কলকাতা বা দিল্লির রাজনীতি আর ঢাকার রাজনীতিতে এখানে পার্থক্য স্পষ্ট। সেখানে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হয়, কিন্তু তার চরিত্র সর্বাংশে রাজনৈতিক। কোনো ব্যক্তি ধরে আক্রমণের চর্চা সেখানে নেই।
যেমন রাজ্যসভায় প্রতিনিধি নির্বাচনের জন্য ৮ থেকে ৯ ফেব্রুয়ারির দিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে ভোট হয়, তাতে বামফ্রন্টের তিন ও কংগ্রেসের দুই সদস্য তৃণমূলের পক্ষে ভোট দিয়ে তাঁদের প্রার্থী জিতিয়ে আনার সুযোগ করে দেন। রাজ্যজুড়ে হইচই শুরু হয়। অভিযোগ ওঠে যে তাঁরা কোটি টাকার ঘুষ খেয়ে দলের ক্ষমতাসীনদের পক্ষে বিধানসভায় ভোট দিয়েছেন। এ নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে ওই পাঁচজন তাঁদের মতামত টিভিতে প্রকাশ করার যথেষ্ট সুযোগ পান। কিন্তু ওই পর্যন্তই। কারও চরিত্র হননের চেষ্টা দেখা যায়নি। ব্যক্তিগত আক্রমণ বলতে ওইটুকুই যে তাঁরা ঘুষ খেয়েছেন।
সেখানে ২৪ ঘণ্টা নামে একটি বেসরকারি টিভিতে চলতি রাজনীতি নিয়ে টীকাটিপ্পনী কাটে। কোনো একটি বিতর্কিত বিষয়ের খবর প্রথমে পর্দায় দেখানোর পর একজন ঢোল হাতে (কার্টুন) আবির্ভূত হন। তিনি ওই খবরের ওপর টিপ্পনী কাটেন। ঘুষ খাওয়া নিয়ে ২৪ ঘণ্টায় নেংটির টিপ্পনী শুনে সত্যিই চমৎকৃত হয়েছি। আলোচিত সংবাদটি ছিল, বিধানসভার অভিযুক্ত একজন সদস্য বলেন, ‘কোটি টাকা কেন, পাঁচ পয়সা ঘুষও খাইনি!’ এরপর নেংটি এসে টিপ্পনী কেটে বললেন, ‘এই তো দাদা ধরা পড়ে গেলেন যে আপনি মিথ্যা কথা বলছেন, কারণ পাঁচ পয়সার কয়েন তো বাজার থেকে কবেই উঠে গেছে!’
আমাদের দেশে কবে রাজনীতি নিয়ে এ রকম রসাত্মক সমালোচনার চর্চা সবার কাছে গ্রহণযোগ্য হবে? এখানে রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে মাঝেমধ্যে পরিচালিত সমালোচনায় ক্রোধ থাকে, রোষ থাকে, রস বলতে কিছু থাকে না। কোনো পত্রিকায় কখনো যদি কাউকে উচ্চ সংস্কৃতিমানের সমালোচনা করে কার্টুন ছাপে, তাহলে তার মর্মার্থ গ্রহণ করার মতো ধৈর্যও অনেক বড় বড় রাজনৈতিক নেতার নেই। তাঁরা কার্টুনকে মনে করেন বাস্তব আক্রমণ। মেধা-মননে রসকষ বলতে কিছু নেই। সে তুলনায় কলকাতার রাজনীতি অনেক উঁচুমানের। তারা অন্তত পরিশীলিত সমালোচনা করতে পারে। ঢাকা পারে না।
উঁচু মানের নেতারা বিভিন্ন দেশে পত্রিকায় প্রকাশিত বা টিভিতে প্রচারিত সমালোচনাকে সাগ্রহে লুফে নেন। একবার যুক্তরাষ্ট্রে এক প্রেসিডেন্টের একটি পদক্ষেপের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়। হোয়াইট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভয়ে ভয়ে কথাটা প্রেসিডেন্টকে জানান। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে উৎসাহী হয়ে বলেন, ‘তাই নাকি! আমার নাম পত্রিকায় এসেছে, এ তো সুখবর!’ কিন্তু কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট, পত্রিকায় আপনার নামে যা-তা লিখেছে, আপনার বারোটা বাজিয়ে দিয়েছে।’ প্রেসিডেন্ট বলেন, ‘হোক না আমার বিরুদ্ধে, খবরটা তো আমার সম্পর্কে। সবচেয়ে বড় কথা, আমার নাম তো পত্রিকায় শিরোনাম হয়ে এসছে, এ তো সুসংবাদ!’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিছু না বুঝেই এ রকম কথা বলেছেন, ভাবার কোনো কারণ নেই। আসলে তাঁরা গণমাধ্যমের সমালোচনাকে আশীর্বাদ বলে মনে করেন।
পশ্চিমবঙ্গেও এ রকম দেখেছি। ৬ থেকে ৭ ফেব্রুয়ারিতে কলকাতার অদূরে এক গ্রামে সন্ধ্যার পর কিছু দুর্বৃত্ত এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে এক বাসার গৃহবধূ ও পুত্রবধূকে একই সঙ্গে গণধর্ষণ করে। তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরদিন মুখ্যমন্ত্রী এক আলোচনা অনুষ্ঠানে বলেন, তরুণেরা একটু দুরন্ত হয়েই থাকে! এরপর সারা কলকাতায় রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলো এমন ছি ছি করা শুরু করে যে দুই দিনের মধ্যেই অভিযুক্ত সব দুর্বৃত্তকে গ্রেপ্তার করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়।
আমাদের দেশে এ রকম কমই দেখা যায়। দলীয় নেতা-কর্মীদের অপকর্মের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত খুব কম।
দিল্লিতে লোকসভায় সেদিন তেলেঙ্গানা পৃথক রাষ্ট্র গঠনের বিল উত্থাপন করলে তুমুল গোলযোগ দেখা দেয়। বিরোধী দলের তীব্র আপত্তি ছিল। সেই সঙ্গে একজন কংগ্রেস সদস্য (আগেই দল থেকে বহিষ্কৃত বলে কংগ্রেসের দাবি) বিল আনার প্রতিবাদে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। অনেকে আহত হয়। এসব ঘটনায় স্পিকার বেশ কয়েকজন সাংসদকে অধিবেশন থেকে বহিষ্কার করেন। এরপর ঠান্ডা হয়।
আমাদের দেশে এ রকম হলে বোধ হয় গণতন্ত্র গেল গেল বলে রব উঠে যেত। বিরোধী দল সংসদ ছেড়ে স্থায়ীভাবে রাস্তার আন্দোলন, হরতাল-অবরোধ-জ্বালাও-পোড়াও শুরু করে দিত। ওয়াকআউট দিল্লি-কলকাতায়ও হয়। কিন্তু এক ঘণ্টার জন্য। আবার ফিরে আসেন সবাই। সংসদে তীব্র তর্কবিতর্ক হয়। কিন্তু বিরোধী দল সংসদ থেকে বেরিয়ে যায় না। কারণ, তাঁরা মনে করেন, সংসদে থেকেই তাঁরা তাঁদের কথা জোরেশোরে বলার সুবিধা বেশি পাবেন। তাই এক ঘণ্টার বেশি সংসদ ছেড়ে বাইরে থাকা মানে রাজনৈতিক বোকামি বলে তাঁরা মনে করেন। আর আমাদের দেশে দিনের পর দিন বিরোধী দল সংসদ বয়কট করে চলে। কিন্তু বেতন-ভাতা-বিদেশ ভ্রমণসহ সুযোগ-সুবিধার কোনোটাই বাদ দেন না!
কলকাতার রাজনীতির অনেক কিছু নিয়ে আমাদের অনেকের অনেক আপত্তি আছে, থাকতে পারে। অনেক কিছু হয়তো আমরা পছন্দ না-ও করতে পারি। আবার তাদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে।
আব্দুল কাইয়ুম: সহযোগী সম্পাদক।