দেখতে দেখতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। দুজন মন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাঁদের পক্ষেও কয়েকটি প্রয়োজনীয় কাজ শেষ করা সম্ভব হয়নি। একটি-দুটি কাজের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ করা সম্ভব হয়নি। যেমন: জাতীয় সম্প্রচার নীতিমালা। এখন ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ চূড়ান্ত করা খুব প্রয়োজন ছিল। এই নীতিমালার খসড়া প্রকাশ করা হয়েছিল। আলোচনাও হয়েছিল; কিন্তু চূড়ান্ত করা সম্ভব হয়নি।
তথ্য মন্ত্রণালয় ‘তথ্য ও প্রযুক্তি আইনের’ খসড়া তৈরি করেছে এবং মন্ত্রিসভায় তা অনুমোদিতও হয়েছে। এই গুরুত্বপূর্ণ আইনটি তাড়াহুড়ো করে পাস করা ঠিক হবে না। ইতিমধ্যে এর কয়েকটি বিধান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকের আশঙ্কা, এই আইন পাস হলে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে এবং শুধু মত প্রকাশের জন্য হয়রানির শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে (সূত্র: প্রথম আলো, ২১ আগস্ট ২০১৩)। এই আইনের খসড়া নিয়ে আরও আলোচনা হওয়া দরকার।
‘দিগন্ত টিভি’ ও ‘ইসলামিক টিভি’ গত ৬ মে বন্ধ করে দেওয়ার পর খুলে দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা-ও মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়নি। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে টিভি চ্যানেল দুটি খুলে দেওয়া উচিত। দৈনিক আমার দেশ পত্রিকাও মনে হয় শিগগিরই আলোর মুখ দেখবে না। আগামী নির্বাচনে কে জিতবে কেউ বলতে পারে না। যদি বিএনপি জয়লাভ করে, তখন আওয়ামীপন্থী টিভি ও পত্রিকাও নিশ্চয়ই নানা অজুহাতে এই পরিণতি বরণ করবে। কারণ, আমাদের দূষিত রাজনৈতিক সংস্কৃতি।
এই কলামে বহুবার লিখেছি, অপসাংবাদিকতা বন্ধ করার জন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা প্রয়োজন। অনেক প্রবীণ সাংবাদিক ও বুদ্ধিজীবীও একই দাবি করেছেন। কিন্তু তথ্যমন্ত্রী এ ব্যাপারে মনোযোগ দেননি। অপসাংবাদিকতা দূর করার জন্য তথ্যসন্ত্রাসী সাংবাদিকদের শাস্তির বিধান রাখা দরকার ছিল। কিন্তু এই আমলে তা সম্ভব হলো না। দেশে সৎ সাংবাদিকতা নিশ্চিত করার জন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা দরকার। এসব কাজ করতে আমাদের পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু পরবর্তী সরকারই যে কাজগুলো করবে, তার নিশ্চয়তা আছে কি?
দুই
সংবাদপত্রে কোনো ভুল তথ্য ছাপা হলে তার প্রতিবাদ দেওয়া যায়। প্রতিবাদ ছাপাও হয়। এটা দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু টিভির ‘খবর’ বা ‘টক শো’তে যদি ভুল তথ্য প্রচার করা হয়, তার প্রতিবাদ করার ব্যবস্থা নেই। যেহেতু বর্তমানে বাংলাদেশে টিভি মাধ্যমে প্রতিদিন অনেকবার খবর ও টক শো প্রচার করা হয়, সেহেতু কিছু ভুল তথ্য প্রচারের আশঙ্কা থেকেই যায়। এ ব্যাপারে আমাদের প্রস্তাব: ‘খবর’ ও ‘টক শো’তে গুরুত্বপূর্ণ ভুল তথ্যের সংশোধনী প্রচার করার সুযোগ থাকা উচিত। খবরের শেষে ও টক শোর শুরুতে এ রকম প্রতিবাদ বা ভুল সংশোধনী বলা যেতে পারে। মতামত নয়, শুধু তথ্যের সংশোধনী দরকার। এ রকম বিধান থাকলে টিভি মাধ্যমে যার যা খুশি ভুল তথ্য বলার প্রবণতা হ্রাস পেত।
সংবাদপত্রের রাজনৈতিক কলামে মাঝে মাঝে ভুল তথ্য প্রকাশিত হয়। অনেক সময় তা ইচ্ছাকৃতও হতে পারে। অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি ভুল তথ্যের প্রতিবাদ করার প্রয়োজন মনে করে না। এর ফলে অনেক কলামিস্টের এ রকম ধারণা হতে পারে, তাঁদের তথ্যগুলো ঠিক। কারণ, ভুল তথ্যের তো প্রতিবাদ হয়নি। এসব লেখকের জানা উচিত, সংবাদপত্রে প্রকাশিত ভুল তথ্যের প্রতিবাদ সব সময় করা হয় না। কেউ ভুল তথ্য লিখলেও তা সব পাঠক মেনে নিচ্ছেন, এটা ভাবারও কারণ নেই।
তিন
আমাদের টিভি মাধ্যম বেশ পরিণত হয়ে উঠেছে। ‘বিটিভির’ আমল তো বটেই, এমনকি প্রাইভেট সেক্টরে কেব্ল টিভির বয়সও কম হলো না। কিন্তু বয়স অনুযায়ী টিভি অনুষ্ঠানের পরিপক্বতা দেখা যায় না। সাম্প্রতিক কালে খবর, টক শো ও নাটকেরই প্রাধান্য সব টিভি চ্যানেলে। অধুনা আরেকটি হুজুগ যুক্ত হয়েছে: নানা বিষয়ে প্রতিযোগিতা। যদিও এসব প্রতিযোগিতা কতটা গঠনমূলক ও উপকারী, তা নিয়ে শিল্পীমহলেও রয়েছে বিতর্ক। কিন্তু এসব সমালোচনায় কান দেয় না টিভি কর্তৃপক্ষ। কারণ, এসব রিয়েলিটি শোর বিনিময়ে পাওয়া যায় প্রচুর মুনাফা।
বলা বাহুল্য, বক্তৃতায় যত কথাই বলা হোক না কেন, মুনাফা, কেবল মুনাফাই প্রাইভেট টিভি চ্যানেলগুলোর প্রধান লক্ষ্য। অনেকটা সেই কারণে কেব্ল টিভি চ্যানেলে মানসম্পন্ন শিশুতোষ অনুষ্ঠান, শিক্ষাবিষয়ক, বিজ্ঞানবিষয়ক, তথ্যপ্রযুক্তিবিষয়ক, উন্নয়নবিষয়ক, পরিবেশবিষয়ক, স্থানীয় সরকারবিষয়ক, গণতন্ত্রবিষয়ক (রাজনীতি ও গণতন্ত্র এক বিষয় নয়) মানসম্পন্ন অনুষ্ঠান নেই বললেই চলে। দু-একটি চ্যানেলে এ রকম কিছু অনুষ্ঠান প্রচারিত হয়, যা অভিনন্দনযোগ্য। উল্লিখিত অনুষ্ঠানের পরিবর্তে বিভিন্ন টিভি চ্যানেলে অনেক আজগুবি অনুষ্ঠান, কলকাতার নকল অনুষ্ঠান দেখা যায়। সংস্কৃতি জগতের তথাকথিত তারকাদের নিয়ে কত রকমের অনুষ্ঠান যে আছে তার ইয়ত্তা নেই। এক-একজন ‘তারকা’ মনে হয় একটি টিভি চ্যানেলে ২০ থেকে ৩০ বার করে সাক্ষাৎকার দিয়ে নিজের জীবনকথা বলেছেন। ফোন করলেই মনে হয় ‘তারকাদের’ পাওয়া যায়।
বেশির ভাগ টিভি চ্যানেলের অনুষ্ঠান পরিকল্পনায় সৃজনশীলতার ছাপ নেই। সব চ্যানেলে প্রায় একই ধরনের অনুষ্ঠান। টক শো আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে। কারণ, রাজনীতি ও খেলা পুরুষ দর্শকের দুটি প্রিয় বিষয়। কিন্তু টক শোগুলো কি খুবই মানসম্পন্ন হচ্ছে? টক শোতে বিষয়-বৈচিত্র্য নেই বললেই চলে। এমনকি ২০ থেকে ৩০ জন আলোচকই দেশের তাবৎ সমস্যা সম্পর্কে মতামত দিচ্ছেন। অনেকে একই বিষয়ে একই মতামত অন্তত ৫০ বার বলেছেন। তবু টিভি প্রযোজক নতুন কোনো অতিথি আনতে রাজি নন। একটা চক্রে পড়ে গেছে টিভির টক শো। টক শো আরও গঠনমূলক ও অর্থপূর্ণ করার সুযোগ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বা প্রযোজক কেউ সেই শ্রম দিতে রাজি নন।
‘বাংলাদেশ টেলিভিশন’কে (বিটিভি) মনে হয় কেউ আর দলীয় রাজনীতির প্রভাব থেকে বের করতে পারবে না। একটা অত্যন্ত অভিজ্ঞ, সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক রাষ্ট্রীয় টিভি চ্যানেল (বিটিভি) এ দেশের দূষিত দলীয় রাজনীতির কাছে বলি হয়ে গেল। ‘বিটিভি’ নিয়ে এখন শোক করারও কেউ নেই।
‘যমুনা টিভি’ নামে একটি নতুন টিভি চ্যানেল শিগগিরই আত্মপ্রকাশ করছে। তাদের স্বাগত।
আগেও কয়েকবার লিখেছি, আমাদের দেশে ‘মিডিয়াবিষয়ক সাংবাদিকতা’ নেই বললেই চলে। শুধু রিপোর্টিং নয়, মিডিয়াবিষয়ক কলাম, সাক্ষাৎকার, পর্যালোচনা, গবেষণা, এমনকি একাডেমিক প্রবন্ধও প্রত্যাশার চেয়ে অনেক কম। অথচ বহু শিক্ষক ও ছাত্র এই ডিসিপ্লিনকে ঘিরে রয়েছেন। সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিও কম নন। তবু মিডিয়াবিষয়ক সাংবাদিকতা গড়ে ওঠেনি। এমনকি এতগুলো টিভি চ্যানেলে মিডিয়াবিষয়ক একটি নিয়মিত অনুষ্ঠানও নেই। অথচ বলা হয়, এ দেশে রাজনীতির পর মিডিয়াই বেশি শক্তিশালী। ‘মিডিয়া সাংবাদিকতা’ যদি সক্রিয় থাকত, তাহলে আমরা জানতে পারতাম, লাইসেন্স পেয়েও এত বছর যমুনা টিভি আলোর মুখ দেখতে পারেনি কেন?
শহুরে সমাজে একটা ধারণা প্রচলিত রয়েছে যে বাংলাদেশের প্রায় সব বড় শহরে বেশির ভাগ মহিলা দর্শক প্রধানত কলকাতার নানা টিভি চ্যানেলেরই অনুষ্ঠান দেখেন। বিশেষ করে বাংলা ও হিন্দি সিরিয়াল। এ ব্যাপারে কোনো গবেষণা বা ‘দর্শক মতামত জরিপ’ আমাদের চোখে পড়েনি। তবু এ রকম ধারণার কথাই শোনা যায়। হয়তো ধারণাটি সত্যি। তাহলে আমাদের টিভি চ্যানেলগুলো কষ্ট করে এত নাটক, এত অনুষ্ঠান কাদের জন্য তৈরি করছে? স্পনসররাই বা কাদের জন্য বিজ্ঞাপন দেখাচ্ছে? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। টিভি চ্যানেল কর্তৃপক্ষ ও বিজ্ঞাপনদাতারা এই ইস্যু নিয়ে কতটা চিন্তিত জানি না। তবে বিষয়টা আলোচনার দাবি রাখে। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি বড় শিল্প গ্রুপ কলকাতার টিভি অনুষ্ঠান স্পনসর করছে। কারণ, তারা বুঝতে পেরেছে, বাংলাদেশে কলকাতার অনুষ্ঠানেরই দর্শক বেশি। দর্শক বেশি না হলে তারা কলকাতার টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেবে কেন?
আমাদের টিভি দর্শকদের কলকাতা তথা ভারতমুখিনতার কারণ খুঁজে বের করা দরকার। এর সমাধানও দরকার। আবার বলছি, বিষয়টি ব্যাপক আলোচনার দাবি রাখে।
আমাদের টিভি অনুষ্ঠানের পাশাপাশি ‘টিভি বিজ্ঞাপনশিল্পও’ সমৃদ্ধ হয়েছে। অনেক ভালো টিভি বিজ্ঞাপন এখন তৈরি হচ্ছে। কিন্তু কিছু কিছু টিভি বিজ্ঞাপন নৈতিক কারণে প্রচারযোগ্য নয়। এসব বিজ্ঞাপন শিশু-কিশোর মনস্তত্ত্বে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ ধরনের ক্ষতিকর বিজ্ঞাপন চিহ্নিত করে সেগুলোর প্রচার বন্ধ করা দরকার।
টিভি চ্যানেল মালিকদের একটা ফোরাম রয়েছে। তারা এই কাজটি করতে পারে। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় তথা সরকারকে জড়িত করা ঠিক হবে না। ফোরাম একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে টিভি বিজ্ঞাপন সম্পর্কে মতামত নিতে পারে। একটি টিভি বিজ্ঞাপন প্রতিদিন বারবার প্রচারিত হয় বলে এর প্রভাব টিভি অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি। এ ব্যাপারে বিজ্ঞাপননির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান ও টিভি চ্যানেলের পরিচালকদের সচেতনতা আশা করি।
l মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।