কাগুজে নোটের প্রতারক রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের নানা দেশে দেখেছি, তাদের ভিন্ন ভিন্ন মূল্যমানের কাগুজে নোটে ভিন্ন ভিন্ন রং। লাল, সবুজ কিংবা কোনোটা হয়তো হলুদ। সেখানে রংবেরঙের নোট দেখে প্রথম প্রথম অদ্ভুত লাগত। পরে বুঝতে পেরেছি এর প্রকৃত কারণ। আমরা অনেক সময় অন্যমনস্কভাবেও টাকাপয়সা আদান-প্রদান করি। বিভিন্ন নোটের আলাদা রং সেগুলোর সুনির্দিষ্ট মূল্যমান আমাদের মাথায় গেঁথে দেয়। আমাদের টাকাপয়সার লেনদেনকে এভাবে তা অসতর্ক মুহূর্তেও স্বচ্ছন্দ রাখে।
সম্প্রতি নিজের অভিজ্ঞতা থেকে এর একটি শিক্ষা হলো। বাংলাদেশের বেশ কিছু নোটের রং অনেকটাই কাছাকাছি। যেমন ৫০০ ও ১০০ টাকার নোট। সম্প্রতি ১০০ টাকা দিতে গিয়ে একজনকে ৫০০ টাকার নোট দিয়ে এলাম। যারা আমাদের মতো বয়স্ক মানুষ বা যাদের চোখে সমস্যা আছে, তাদের যে কারও ক্ষেত্রেই এমন ঘটনা ঘটতে পারে। সন্ধ্যা বা রাতের অন্ধকারে তরুণতর বা সক্ষম মানুষের ক্ষেত্রেও এ ঘটনা ঘটে যাওয়া সম্ভব।
এ দেশে যাঁরা নোটের নকশা পরিকল্পনা করেন, তাঁরা কি মানুষের এসব সুবিধা-অসুবিধার কথা আদৌ ভেবে দেখেছেন? এ দেশে বহু মানুষ তো নিরক্ষরও বটে; এক মূল্যমানের থেকে অন্য মূল্যমানের নোট ফারাক করার জন্য তাঁদের অনেকের কাছে রংই একমাত্র ভরসা। সেই নিরক্ষর ব্যক্তি যদি দরিদ্র হন, বেশির ভাগ ক্ষেত্রেই যা হওয়ার কথা, শুধু এই রঙের বিভ্রান্তির জন্য কী রকম আর্থিক দুর্দশায় তিনি পড়বেন?
কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখতে বলি।
এ কে এম আন্ওয়ার-উল আজিম
ধানমন্ডি, ঢাকা।