বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত এক রোগীর পরিবারের পক্ষ থেকে লিখছি। তার নাম আনিসুর রহমান, বয়স ৫০ বছর, সম্পর্কে আমার ভগ্নিপতি। সাতক্ষীরা শহরে তাঁর চিংড়ি পোনার ব্যবসা।
দুলাভাই অ্যাজমার রোগী। তাঁর ডায়াবেটিসও আছে। এ ছাড়া এমনিতে তিনি সুস্থ-সবল মানুষ। করোনা সংক্রমণের বছরখানেক আগে ভারত থেকে বেড়িয়ে এসেছেন। এ বছর এপ্রিলের শুরুতে তাঁর কাশি বেড়ে যায়। তিনি বা পরিবারের সদস্যরা বিষয়টাকে তেমন পাত্তা দেননি, ভেবেছেন অ্যাজমার কারণে কাশি হচ্ছে। দু-তিন দিন যাওয়ার পর কাশি যখন আরও বেড়ে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়, তখন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁর করোনা ধরা পড়ে। দু-তিন দিন পরে অবস্থার আরও অবনতি হয়। বেশি অক্সিজেন প্রয়োজন হওয়ায় ডাক্তার তাঁকে খুলনা বা ঢাকার হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
ঢাকার হাসপাতালগুলোয় তখন আইসিইউ ও বেডের খুব সংকট। অনেক চেষ্টার পর খুলনার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যায়। গত ৯ এপ্রিল সেখানে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল অনেক কমে যাওয়ায় হাই ফ্লো অক্সিজেন দিতে হয়। সিটি স্ক্যান রিপোর্টে ৪০ থেকে ৫০ শতাংশ ফুসফুস আক্রান্ত হওয়ার প্রমাণ মেলে। তাঁর অবস্থার আরও অবনতি হলে ডাক্তার আমাদের ‘টোসিলিজুমাব’ নামক একটি ইনজেকশন জোগাড় করতে বলেন। বলা হলো, অর্ধলক্ষ টাকা দামি এই ইনজেকশন বেশ কার্যকর, কিন্তু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
বাংলাদেশের কোথাও সেটি পাওয়া যাচ্ছিল না। দুদিনের নিরন্তর চেষ্টার পর বিদেশ থেকে আমদানি করে ইনজেকশনটি দেওয়া হয়। আস্তে আস্তে তাঁর অবস্থার উন্নতি হতে থাকে। আইসিইউ থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়। কয়েক দিন পর অনেকটা সুস্থ হয়ে বাসায় চলে যান।
কিন্তু সপ্তাহ দুই পর আবার কাশি বাড়তে শুরু করে, কাশির সঙ্গে রক্ত। স্থানীয় হাসপাতালে আবার ভর্তি করা হয়। কাশি বাড়তেই থাকে, সেই সঙ্গে জ্বর ও অন্যান্য উপসর্গ। কোনো কিছুতেই কাশি আর জ্বর ভালো হচ্ছিল না। তিন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। পরীক্ষায় যক্ষ্মা নেগেটিভ এলেও যক্ষ্মার চিকিৎসা শুরু হয়। স্থানীয় ডাক্তারের পরামর্শে খুলনায় ফুসফুস বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে তিনি যক্ষ্মা বলে সন্দেহ করেন। এখানেও অবশ্য পরীক্ষায় যক্ষ্মা নেগেটিভ আসে। আবারও সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসা চলতে থাকে। অ্যান্টিফাঙ্গাল ওষুধও দেওয়া হয়।
কিন্তু দিন দিন রোগীর অবস্থার অবনতি হতে থাকে। ঢাকায় ফুসফুস বিশেষজ্ঞ খুঁজতে থাকি। শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় একজন ফুসফুস বিশেষজ্ঞকে সব কটি রিপোর্ট দেখানো হয়। রোগীর সঙ্গে ভিডিও কলে কথা বলানো হয়। ডাক্তার নিশ্চিত করে কিছু বলতে পারেননি, তাই ঢাকায় আনার পরামর্শ দেন।
১৭ মে ফুসফুস বিশেষজ্ঞ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেও শুরুতে সাতক্ষীরার মতো প্রায় একই ধরনের ওষুধ এবং পরীক্ষা করা হয়। ফলাফলও প্রায় একই আসে। অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি হয়, অন্যান্য উপসর্গের সঙ্গে ডায়াবেটিস বাড়তে থাকে। অথচ ১২ বছর ধরেই তাঁর ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। ডাক্তার দেলোয়ার ও তাঁর দল এবং আমার ডাক্তার ভাই ও তাঁর ডাক্তার বন্ধুরা নানাভাবে চেষ্টা করতে থাকেন।
একপর্যায়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের সন্দেহ করেন। প্রাথমিক (স্পুটাম) মাইক্রোবায়োলজি পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর ব্রঙ্কোস্কপি ও ফুসফুসের ভেতর থেকে নেওয়া নমুনা পরীক্ষার ভিত্তিতে ডাক্তার ও অণুজীববিজ্ঞানী প্রায় শতভাগ নিশ্চিত হন যে আনিসুর রহমান ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত, যে রোগের নাম মিউকরমাইকোসিস।
বলা হলো এ রোগের একমাত্র চিকিৎসা ‘অ্যাম্ফোটেরিসিন বি’। ৬৪ কেজি ওজনের মানুষকে এই ইনজেকশন ৩০০ মিলিগ্রাম দিতে হবে, যার দৈনিক মূল্য ৯০ হাজার টাকা (আমরা একটু ছাড়ে দৈনিক ৭২ হাজার টাকায় কিনছি)। রোগীভেদে ৩০ থেকে ৬০ দিন এই ইনজেকশন দিতে হয়। অর্থাৎ ২৭ থেকে ৫৪ লাখ টাকার শুধু ইনজেকশনই দিতে লাগবে। ৭ দিন ধরে ইনজেকশনটি প্রয়োগ করার পর রোগীর অবস্থার অল্প একটু উন্নতি হয়েছে। জ্বর কমেছে, কিন্তু কাশির কোনো উন্নতি হয়নি।
১১ লাখ টাকা খরচ হয়ে গেছে। সামনে ফুসফুসের অপারেশনও করা লাগতে পারে। ইনজেকশনটি আরও এক থেকে দেড় মাস প্রয়োগ করা লাগতে পারে। এখন যে ব্যাপার আমাদের চরম ভাবিয়ে তুলেছে, সেটি হলো বাকি টাকা কীভাবে জোগাড় হবে।
অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান