কাদের মোল্লার জন্য পাকিস্তান কেন উদ্বিগ্ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমা শাহীন, জিয়া রহমান, নিলুফার পারভীন, আ ক ম জামাল উদ্দীন, আশফাক হোসেন, নূরুজ্জামান, আবদুল বাছির, আফতাব আলী শেখ, দেবাশীষ কুণ্ডু, ফাহমিদুল হক, রোবায়েত ফেরদৌস, মামুন আল মোস্তফা, শান্তনু মজুমদার, জাহিদ চৌধুরী, মো. সেলিম হোসেন, শিশির ভট্টাচার্য্য, ফাতেমা সামিনা ইয়াসমিন, মশিউর রহমান, সামিনা লুৎফা, মোহাম্মদ তানজীম উদ্দীন খান

গণজাগরণ মঞ্চের ব্যানারে পাকিস্তানি দূতাবাস ঘেরাও মিছিল
গণজাগরণ মঞ্চের ব্যানারে পাকিস্তানি দূতাবাস ঘেরাও মিছিল

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রথম রায় বাস্তবায়নের সঙ্গে সঙ্গেই পাকিস্তান জাতীয় পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে যে ‘পাকিস্তানের প্রতি আনুগত্যের জন্য’ কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হলো। আমরা মনে করি, এ উদ্বেগের মধ্যে পাকিস্তান পরিষদ সদস্যদের চৈতন্যের দীনতা এবং বাস্তবতাকে অস্বীকার করার ঐতিহাসিক প্রবণতা লালন করার মানসিকতা ফুটে উঠেছে।
পরিষদ নিশ্চয়ই অবগত যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন যেকোনো নাগরিকের কর্তব্য। এটি নাগরিকত্বের প্রথম শর্তও বটে। আবার এটাও মনে রাখতে হবে, যখন রাষ্ট্র সব নাগরিকের জন্য দীর্ঘ মেয়াদে ন্যায়ানুগ থাকতে ব্যর্থ হয়, তখন নাগরিকেরা এহেন রাষ্ট্রের ওপর থেকে সম্মতি প্রত্যাহার করে নেন। পাকিস্তান রাষ্ট্রের কাঠামো বাঙালিদের প্রতি ন্যায়ানুগ থাকতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরিণতিতেই বাংলাদেশের জন্ম।
প্রসঙ্গত, ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তান সেনাবাহিনী এবং তার এদেশীয় দোসরদের চূড়ান্ত বর্বরতার পরও যেসব বাঙালির পাকিস্তান প্রেম অটুট ছিল, বাংলাদেশে তাদের বিচার চলছে না। বরং পাকিস্তান রক্ষার নামে বেসামরিক নাগরিকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুট ও ধর্ষণে লিপ্ত হওয়া তথা মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্তদের বিচার চলছে।
এ ধরনের ছয়টি ভিন্ন ভিন্ন অভিযোগ কাদের মোল্লার বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাকিস্তান পরিষদ সদস্যদের এ বিষয়টি অজানা থাকার কথা নয়। তাহলে প্রশ্ন জাগে, পরিষদ কেন এ ধরনের একটি উদ্বেগ প্রস্তাব আকারে গ্রহণ করল?
প্রস্তাবটি গ্রহণ করার মাধ্যমে পরিষদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে ১৯৭১ সালে পাকিস্তানি রাজনৈতিক ও সামরিক এলিটদের সিদ্ধান্তের ফলে পূর্ব পাকিস্তানে আর যা-ই ঘটুক, সেটা গণহত্যা নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ নয়। পরিষদের সদস্যরা জানেন যে ১৯৭৪ সালে দিল্লিতে বাংলাদেশ-পাকিস্তান-ভারতের মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় চুক্তিতে বাংলাদেশ স্পষ্টভাবে উল্লেখ করে যে একাত্তর সালে পাকিস্তানি বাহিনী গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত ছিল, যেগুলো যেকোনো বিচারেই শাস্তিযোগ্য। আর শীর্ষ ১৯৫ জন অপরাধী সে জন্য প্রাথমিকভাবে দায়ী।
অন্যদিকে পাকিস্তান পরিষদ বলেছিল যে একাত্তর সালে যে অপরাধই সংঘটিত হোক না কেন, তারা সেগুলোর বিষয়ে নিন্দা জানায় এবং গভীরভাবে অনুতাপ প্রকাশ করে।
পাকিস্তান এখন বুঝতে পারছে যে আবদুল কাদের মোল্লার ব্যাপারে চুপ করে থাকার মানে হচ্ছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ব্যাপারটি মেনে নেওয়া। পাকিস্তান আরও বুঝতে পারছে যে এই বিচার-প্রক্রিয়ার ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যে সামনে চলে আসবে একাত্তরের নিধনকর্মের মূল পরিকল্পনা এবং নির্দেশদাতা সব ব্যক্তি ও গোষ্ঠীকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করার প্রসঙ্গটি। বুঝতে সমস্যা হয় না যে আসন্ন বিপদ বুঝতে পেরে বাস্তবতাকে অস্বীকার করে হঠকারী একটি অন্তঃসারশূন্য প্রস্তাব গ্রহণ করেছে পাকিস্তান পরিষদ। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের এহেন হস্তক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছি আমরা।
বিভিন্ন দলিলপত্র ও সাবেক জেনারেলদের দিনপঞ্জি থেকে একটি বিষয় পরিষ্কার যে একাত্তর সালে নারকীয় হত্যাযজ্ঞের হোতা ছিলেন পাকিস্তানি রাজনৈতিক ও সামরিক এলিটরা। তাঁদের পরিকল্পনা যাঁরা এ দেশে বাস্তবায়ন করেছেন, তাঁদের বিচার শুরু হয়েছে মাত্র। ফলে অদূরভবিষ্যতে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বা আন্তর্জাতিক সম্প্রদায় যদি সে গণহত্যার মূল খলনায়কদের বিচারের আওতায় আনতে চায়, তাহলে উল্লেখযোগ্যসংখ্যক পাকিস্তানিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে।
আরেকটি ব্যাপার হচ্ছে, পাকিস্তানি রাজনৈতিক নেতৃত্ব ও সেনাবাহিনী গণহত্যার সঙ্গে জড়িত ছিল, এমন একটি বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেলে পাকিস্তানের রাজনীতির ময়দানে কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক এলিট ও সেনাবাহিনীর ভাবমূর্তিটি মার খেয়ে যেতে পারে। ফলে পাকিস্তানের রাজনীতিতে শেষ কথা বলার যে অধিকারটা এরা চর্চা করে থাকে বলে শোনা যায়, সে অধিকার হারানোর সম্ভাবনা তৈরি হবে।
লক্ষণীয়, পাকিস্তানি জামায়াতে ইসলামির উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে অবস্থান করেছে পাকিস্তান মুসলিম লিগ, আওয়ামী মুসলিম লিগ, জমিয়তে উলামা ইসলাম আর অধুনা প্রতিষ্ঠিত ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, যে দলগুলো পাকিস্তানের ইতিহাসের নানা পর্যায়ে সেনাশাসক ও ধর্মীয় উগ্রবাদীদের আশীর্বাদধন্য হয়েছে। এরা পরিষ্কার ভাষায় বলেছে, বাংলাদেশের উচিত অতীতকে পুনরুজ্জীবিত না করা।
আসলে তাদের ভয়, অতীতে আলো ফেললে হয়তো পাকিস্তানের রাজনীতির কদর্য দিকগুলো উন্মোচিত হয়ে পড়বে। হুমকির মুখে পড়বে সামরিক-বেসামরিক কায়েমি স্বার্থবাদ। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টি এবং মোহাজিরদের দল হিসেবে পরিচিত মোত্তাহিদা কওমি ইসলাম, যাদের কম-বেশি কিছুটা গণতান্ত্রিক ঐতিহ্য আছে, তারা এই প্রস্তাবের পক্ষে ছিল না। তাদের বক্তব্য, পাকিস্তানের উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া।
মনে রাখা দরকার, পাকিস্তানকে জন্ম দিয়েছে যে মুসলিম লিগ, সেটার জনক আমরা বাঙালিরা। আবার পাকিস্তান আন্দোলনকে বেগবান করতে বাঙালিদের শ্রম-ঘাম-রক্ত ছিল সবচেয়ে বেশি। আর আমাদের মনোবাঞ্ছা পূরণ করতে না পারার কারণে রাষ্ট্রটিকে আমরাই ভেঙেছি। এহেন পাকিস্তান একটি কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক, সেটা আমাদের প্রত্যাশা।
আমরা বিশ্বাস করি, পাকিস্তানের ব্যাপারে আমাদের দায়িত্ব আছে। তাই পাকিস্তান জাতীয় পরিষদের প্রতি আমরা বলতে চাই, অতীতের ভুলগুলোকে লালন করার মধ্যে কায়েমি স্বার্থ নিহিত থাকতে পারে, কিন্তু কল্যাণ নেই। কল্যাণ নিহিত রয়েছে বাস্তবতাকে স্বীকারের মধ্যে এবং সে অনুযায়ী নিজেকে বদলানোর মধ্যে।

লেখকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।