কাদের মোল্লার ফাঁসির রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেল। তাঁর দ্বারা সংঘটিত অপরাধের শিকার ব্যক্তিদের স্বজনদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য এটি স্বস্তির বিষয়। এই ন্যায়বিচার বহুল প্রত্যাশিত ছিল।
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত কাদের মোল্লা সম্পর্কে বলা হয়েছিল, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু এ-সংক্রান্ত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনালের রায়ে দেওয়া হয়নি। আইনে তখন শুধু আসামিপক্ষের আপিল করার বিধান ছিল, বিচারপ্রার্থীর সে সুযোগ ছিল না। আইন সংশোধনের পর বিচারপ্রার্থীর আপিল করার সুযোগ সৃষ্টি হলে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল এবং আপিল বিভাগের রায়ে তাঁর সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ হলো। কাদের মোল্লার পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক এ রায়কে ভুল আখ্যা দিয়ে বলেছেন, বিচারিক আদালতের দেওয়া দণ্ড আপিল বিভাগের রায়ে এভাবে বাড়ানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কিন্তু সাধারণ বিচারিক আদালতের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অভিন্ন করে দেখা সঠিক নয়।
বাংলাদেশের ইতিহাসে খোদ এ ট্রাইব্যুনালই একটি বিশেষ, নজিরবিহীন আদালত, যা গঠন করা হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধগুলোর বিচার করে জাতিকে ঐতিহাসিক গ্লানি থেকে মুক্ত করার উদ্দেশ্যে। আপিল বিভাগের রায়ে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির রায় সেই গ্লানিমুক্তির প্রক্রিয়ায় একধাপ অগ্রগতি হিসেবে বিবেচনা করা উচিত।
কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগগুলো বহুল আলোচিত; একাত্তরের নৃশংসতায় তাঁর ভূমিকার জন্য এমনকি পাকিস্তানসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তাঁর কুখ্যাতি ছড়িয়েছে মিরপুরের কসাই (‘বুচার অব মিরপুর’) হিসেবে। সর্বোচ্চ দণ্ডই তাঁর প্রাপ্য ছিল, আপিল বিভাগের রায়ে সেটার আদেশই হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর মতো একটি দৃঢ়-সংগঠিত রাজনৈতিক দলের সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সহিংসতায় পারদর্শী—এসব যেমন এই রায়ের সঙ্গে সম্পর্কিত নয়, তেমনি তাঁর ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের চাপও উচ্চ আদালতের ক্ষেত্রে প্রাসঙ্গিক ছিল না বলে আমাদের বিশ্বাস।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা যে সহিংসতা শুরু করেছেন, তা এককথায় দুর্বৃত্তপনা। অবিলম্বে এসব বন্ধ করা উচিত। জামায়াত আজ সকাল থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার যে হরতালের ডাক দিয়েছে, তা-ও এক হঠকারিতা। হরতাল মানে কী, তা কারও অজানা নয়, উপরন্তু জামায়াতের ডাকা হরতালে বাড়তি যে নাশকতার আশঙ্কা থাকে, তা কোনোভাবেই বরদাশত করা যায় না।
কাদের মোল্লার প্রধান আইনজীবী ও জামায়াতের নেতা আবদুর রাজ্জাক বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন। তা-ই যদি করেন, তাহলে কেন নাশকতা আর কেনই বা হরতাল ডেকে আরও নাশকতা, আরও সহিংসতার সুযোগ খোঁজা হচ্ছে? জামায়াতের অবশ্যই উচিত হরতাল প্রত্যাহার করা এবং নেতা-কর্মীদের সহিংসতা পরিহার করে আইনানুগ পন্থায় প্রতিকার পাওয়ার চেষ্টা করা।