কারাগারে গার্মেন্টস মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসে আগুনের ঘটনাটিকে যে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই, সে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনেক আগেই। সেই ঘটনায় ১১১ জনের মৃত্যুর পরও অবহেলাজনিত হত্যার অভিযোগে এর মালিকদের কারাগারে নিতে বছর খানেকেরও বেশি সময় লেগে গেল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিনের আবেদন নাকচ হওয়ায় এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এর যথাযথ ও ন্যায়বিচার নিশ্চিত করা। তাজরীনের ঘটনায় আহত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনদের এই ন্যায্য দাবি পূরণ করার দায় সরকারকেই নিতে হবে।
দেশে সাংবিধানিকভাবে আইনের শাসন কার্যকর রয়েছে, আর যে আইন সবার জন্য সমান সেটাও নিশ্চিত করা হয়েছে আমাদের সংবিধানে। কিন্তু বাস্তবে এর প্রয়োগ সব ক্ষেত্রে ঘটে না। ক্ষমতাবান ও প্রভাবশালীদের ক্ষেত্রে আইন অনেক ক্ষেত্রেই সমভাবে কার্যকর হয় না। তাজরীন ফ্যাশনসের মালিকদের ক্ষেত্রেও এর প্রমাণ মিলেছে। ২০১২ সালের নভেম্বরে ভয়াবহ এই ঘটনা এবং এতগুলো শ্রমিকের পুড়ে মরার ঘটনার পর এক বছরেরও বেশি সময় লেগেছে এই মামলার চার্জশিট দিতে। আমরা দেখেছি যে চার্জশিটে আসামি হিসেবে মালিকদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা, নরহত্যা ও অগ্নিসংযোগ করে সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হলেও তাঁরা দীর্ঘদিন গ্রেপ্তারের বাইরে ছিলেন। এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁরা প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাঁদের আটক করেনি। নিজেরা আদালতে আত্মসমর্পণ করার পরই তাঁদের কারাগারে পাঠানো গেছে।
তৈরি পোশাক কারখানায় মালিকদের অবহেলাজনিত কারণে বিভিন্ন সময়ে শত শত শ্রমিকের মৃত্যু হলেও মালিকেরা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। কখনো শাস্তির মুখোমুখি হতে না হওয়ায় এ ধরনের ঘটনা একের পর এক ঘটেই গেছে। শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর দায় কাউকেই নিতে হয়নি। তাজরীনের ঘটনার পরও দায় এড়ানোর চেষ্টা হয়েছে, কিন্তু সচেতন মহলের চাপ, সামাজিক আন্দোলন ও আইনি লড়াইয়ের ফলে প্রভাবশালী অভিযুক্তদের কারাগারে পাঠানো সম্ভব হয়েছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যেহেতু প্রভাবশালীরা নানা বিবেচনায় পার পেয়ে যায়, তাই ন্যায়বিচার নিশ্চিত হওয়া নিয়ে একধরনের শঙ্কা থেকেই যায়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দীর্ঘদিনের তদন্তের পর যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, সেখানে তাজরীনের মালিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছে, আইন তার নিজের গতিতে চলুক। প্রভাব, অর্থবিত্ত বা ক্ষমতার জোর যেন আইনের চলার নিজ গতিকে বাধাগ্রস্ত না করে। তাজরীনের আগুন যে শ্রমিকদের জীবন কেড়ে নিয়েছে, তাদের স্বজনদের ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বেঁচে গিয়েও যে শ্রমিকেরা দুর্বিষহ জীবন যাপন করছেন, তাঁদের কষ্ট, ক্ষোভ ও যন্ত্রণা কিছুটা লাঘব করার জন্য হলেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা ভবিষ্যতে কারও অবহেলায় যেন এভাবে শ্রমিকের জীবন না যায়, তা নিশ্চিত করার জন্যও দৃষ্টান্ত স্থাপন জরুরি।