কালোবাজারে এলপি গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী-সাংসদদের সুপারিশে যদি যা খুশি করা যায়, তাহলে দেশে আইন বা নিয়মকানুনের কী প্রয়োজন?
এলপি গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। রাজশাহী বিভাগে এলপি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সে কারণে কোনো পরিবেশককে মাসে ১০০টির বেশি সিলিন্ডার দিতে পারে না। কিন্তু দিনাজপুরে ব্যবসাপ্রতিষ্ঠান দেখিয়ে রিস্তা এন্টারপ্রাইজ শুধু পদ্মা অয়েল কোম্পানির কাছ থেকেই মাসের প্রথম কিস্তিতে ৩২০টি সিলিন্ডার উঠিয়ে নিয়েছে। কোম্পানি থেকে এই প্রতিষ্ঠানের নামে মাসে এক হাজার সিলিন্ডার বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা অয়েল কোম্পানির বগুড়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নিজেই জানিয়েছেন, উত্তরাঞ্চলের কোনো পরিবেশকই মাসে ১০০টির বেশি সিলিন্ডার বরাদ্দ পায় না। আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এই প্রতিষ্ঠান পেল কী করে? পদ্মা অয়েল থেকেই তো তা দেওয়া হয়েছে। এই অনিয়মের দায় পদ্মা অয়েল এড়াবে কীভাবে?
অনিয়মের এখানেই শেষ নয়। নিয়ম অনুযায়ী এসব সিলিন্ডার দিনাজপুরে ভোক্তা পর্যায়ে বিক্রি করার কথা, কিন্তু তা কালোবাজারে বিক্রি করা হয়েছে বগুড়ায়৷ দিনাজপুরে যে অফিস দেখিয়ে এই বরাদ্দ দেওয়া হয়েছে, সেই নামে সেখানে কোনো অফিস নেই বলে জানিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক। বোঝা যায়, লুটপাটের উদ্দেশ্যেই নামসর্বস্ব এই প্রতিষ্ঠানকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।
পদ্মা অয়েল কোম্পানির একটি সূত্র জানিয়েছে, একাধিক মন্ত্রী ও সাংসদ এই প্রতিষ্ঠানের পক্ষে তদবির করায় এই অতিরিক্ত বরাদ্দ দিতে তাঁরা বাধ্য হয়েছেন। রিস্তা এন্টারপ্রাইজের মালিক নিজেই প্রথম কিস্তিতে ৩২০টি সিলিন্ডার বরাদ্দ পাওয়া এবং তা ভোক্তা পর্যায়ে বিক্রি না করে পাইকাির ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছেন। এর মধ্য দিয়ে তিনি কার্যত কালোবাজারির অভিযোগ স্বীকার করে নিয়েছেন৷ এই প্রতিষ্ঠানের পক্ষে মন্ত্রী-সাংসদদের সুপারিশ করার বিষয়টি সত্য হলে তাঁরাও কার্যত এই অপকর্মের সঙ্গে শরিক আছেন। এ ধরনের অন্যায় সুপারিশ করা থেকে তাঁদের বিরত হওয়া জরুরি৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটি সরকারের শীর্ষ পর্যায়ের ওপরই গিয়ে পড়ে।