দেশে অনেক কিডনি রোগী আছেন, যাঁদের জীবনরক্ষার জন্য কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। দেশে অনেক অভাবী মানুষ আছেন, যাঁরা একটি কিডনি বিক্রি করে জীবনে দাঁড়াতে চান। অনেক পরোপকারী বন্ধু বা ঘনিষ্ঠজন আছেন, যিনি একজনের জীবন বাঁচানোর জন্য কিডনিদানে ইচ্ছুক। বর্তমান আইনে জেনেটিক্যালি প্রমাণিত, আত্মীয় ছাড়া অন্য কেউ কিডনি দিতে পারবেন না, এমন বজ্র আঁটুনি দেওয়া আছে।
চাহিদা ও সরবরাহের ফসকা গেরোতে কিডনি-ব্যবসা চলছেই। এতে দালালেরা ঢুকে পড়েছে এবং লেনদেনের সিংহভাগ তাদের পকেটে যাচ্ছে। দাতা ও গ্রহীতা উভয়েই প্রতারিত হচ্ছেন। কাগজপত্র জালিয়াতি করে ভারতে গিয়ে অধিক খরচে কেবল বিত্তবানেরা কিডনি প্রতিস্থাপন করাচ্ছেন। মধ্যবিত্তরা মৃত্যুর দিন গুনছেন অথবা নামহীন ক্লিনিকে অযোগ্য চিকিৎসকের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করে জীবন ও অর্থ উভয়ই হারাচ্ছেন।
বর্তমান বাস্তবতায় নিচের প্রস্তাবগুলো করছি:
১. কিডনি ইনস্টিটিউট অথবা যেকোনো সরকারি প্রতিষ্ঠানের আওতায় পাঁচ সদস্যের একটি কিডনি প্রতিস্থাপন কমিটি করা যায়। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিনজন স্বনামখ্যাত কিডনির চিকিৎসক ও একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব এতে অন্তর্ভুক্ত থাকতে পারেন।
২. কিডনি পেতে ইচ্ছুক রোগীদের প্রয়োজনীয় শারীরিক তথ্যাবলিসম্পন্ন একটি কম্পিউটার রেজিস্টার খোলা যায়।
৩. একইভাবে কিডনিদানে ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজনীয় শারীরিক তথ্যাবলিসহ আরেকটি রেজিস্টার খোলা হবে। প্রাথমিকভাবে তাঁদের শারীরিক পরীক্ষাগুলোর খরচ আলোচ্য ইনস্টিটিউট বহন করবে।
৪. কম্পিউটারের মাধ্যমে সর্বোচ্চ ম্যাচ নির্ধারণ করা হবে।
৫. কমিটি কিডনির দাম নির্দিষ্ট করে দেবে এবং গ্রহীতা রসিদের মাধ্যমে কিডনির মূল্যমান কমিটির কাছে জমা দেবেন। প্রয়োজনবোধে দাতাদের শারীরিক পরীক্ষার যাবতীয় খরচ ওই ইনস্টিটিউট গ্রহীতার কাছ থেকে সংগ্রহ করবে।
প্রতিস্থাপনের পর কমিটি দাতা ও গ্রহীতার সামনেই কিডনির দাম পরিশোধ করবে। এই অনুমোদন দেশে কিডনি প্রতিস্থাপনের শর্তে প্রযোজ্য হবে। কেউ বিদেশে প্রতিস্থাপন করতে চাইলে কমিটিতে অনুমোদন ফি দেবেন।
এ ব্যবস্থাপনায় দালাল ও কালোবাজারি বিলুপ্ত হবে। আমাদের দেশে প্রতিস্থাপনবিশেষজ্ঞদের সক্ষমতা বাড়বে। কিডনিগ্রহীতারা একটা সহনীয় খরচে জীবনরক্ষার সুযোগ পাবেন। সঠিক ম্যাচের কিডনি সিলেকশন সম্ভব হবে এবং অপারেশনের পর কিডনি রিজেকশন কমে যাবে। অন্যপক্ষে, কিডনিদাতারা ন্যায্যমূল্যের সুফল ভোগ করবেন।
মোহাম্মদ রশীদুজ্জামান খান, উত্তরা, ঢাকা।