কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরেরা কেমন আছে, তা তাদের শরীরের রক্ত ঝরিয়েই জানাতে
হলো। যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরেরা যা করেছে তা আইনের ভাষায় বিদ্রোহ, কিন্তু মানবিক চোখে তা আসলে অসহায়ের অক্ষম প্রতিবাদ। টঙ্গীর ঘটনার পরই প্রথম আলোসহ অনেকেই কিশোর উন্নয়ন কেন্দ্র নামক ‘কিশোর-কারাগারের’ পরিবেশ মানবিক করার জোর দাবি জানিয়েছিল।
তা যদি সরকার আমলে নিত, তাহলে যশোরের ১৫ কিশোরকে কাচ দিয়ে শরীর চিরে প্রতিবাদ
জানাতে হতো না।
দেশের কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোর কিশোরেরা কেমন জীবন যাপন করে; তার কোনো খবর সাধারণত বাইরে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের ‘কাদম্বিনীকে মরিয়াই প্রমাণ করিতে হইয়াছিল যে সে মরে নাই’; তেমনি শাস্তিস্বরূপ আটক কিশোরদেরও দেহে ক্ষত তৈরি করে জানাতে হলো যে তাদের মনের ক্ষতটা কত গভীর ও অসহনীয়। গত ফেব্রুয়ারি মাসেই টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের ২০ কিশোর এ রকম আত্মঘাতী প্রতিবাদ করেছিল। তার পরই যদি দেশের সব কিশোর উন্নয়ন কেন্দ্রের ব্যাপারে কমিশন গঠন করে সংস্কারের পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো যশোরে একই ধরনের দুঃখজনক ঘটনা দেখতে হতো না। এসব কেন্দ্রের পরিচালনা ব্যবস্থাপনায় গুরুতর সমস্যা রয়েছে; এটা আর অস্বীকারের উপায় নেই।
২০১৩ সালের শিশু অধিকার আইন মোতাবেক ১৮ বছর বয়সীরা শিশু হিসেবেই বিবেচিত হবে। যশোরের এই ছেলেদের তাই শিশু হিসেবেই দেখা উচিত। শিশু-কিশোরের মন স্পর্শকাতর, ভালোবাসা ও শৃঙ্খলার মধ্য দিয়েই তাদের সুপথে রাখা সম্ভব। শাস্তি নয়, বরং তাদের দরকার আন্তরিক সহায়ক পরিবেশ। কিন্তু কার্যত সংশোধন বা উন্নয়নের নামে তারা যে অমানবিকতার শিকার হয়, তা তাদের
মধ্যে সহিংস মনোবৃত্তি বাড়িয়ে দিতে পারে। আহত কিশোরদের অভিযোগ, তাদের নির্যাতন করা হয়, তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়, ঠিকমতো খাবারও দেওয়া হয় না। সরকারিভাবে এসব
কেন্দ্রে প্রতিজন কিশোরের জন্য দৈনিক খাবারের বরাদ্দ মাত্র ৫১ টাকা। স্পষ্টতই এই টাকায় এক
বেলার পুষ্টিদায়ক খাবার পাওয়াই কঠিন, সেখানে এই টাকা দিয়ে কীভাবে তাদের তিন বেলা আহার করানো সম্ভব?
এসব কেন্দ্রে অনেক সময় নির্দোষ, নিখেঁাজ ও ভবঘুরে কিশোরদেরও আটক রাখা হয়। অনেকের পরিবারের সামর্থ্য নেই আদালতে নির্দোষ প্রমাণের মাধ্যমে স্বজনকে মুক্ত করা। তাই সেখানে কারা থাকবে আর কাদের ছেড়ে দেওয়া উচিত—আরেকটি দুঃখজনক ঘটনা ঘটার আগেই এ ব্যাপারে সরকারকে সুব্যবস্থা নিতে হবে।