কিশোর ভয়ংকর

একদিন বাসে করে যাচ্ছি। দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে ছিল দুই কিশোর। ১২ থেকে ১৪ বছর হবে। আমার খুব কাছেই ছিল ওরা। কোনো এক কারণে তারা ক্ষুব্ধ। খানিকক্ষণ ওদের কথাবার্তা শুনে মনে হলো দুজন কোনো লেদ কারখানায় কাজ করে। ওস্তাদের নানা কর্মকাণ্ডে তারা ভেতরে-ভেতরে আক্রোশে ফুঁসছে। মাথায় যে বড়, সে তো একপর্যায়ে বলেই ফেলল, ‘হালা রে কি নাই কইরাই দিমু নাকি?’
এই ‘নাই’ বলতে সে কী বোঝাতে চেয়েছে, তা সহজেই অনুমেয়। ধরে নিলাম, স্রেফ ঝাল ঝাড়তেই এ কথা বলেছে কিশোর, এটা তার মনের কথা নয়। কিন্তু কথাটা বড় বিপজ্জনক। তা ছাড়া আজকাল কিশোর ভুবনে খুনোখুনির ঘটনা ঘটছে, এতে শঙ্কিত হতেই হয়।
দেশের বিভিন্ন স্থানে কিশোরকেন্দ্রিক এমন খুনোখুনির ঘটনা প্রায় রোজই ঘটছে। সংবাদমাধ্যমে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শিশু-কিশোর অপরাধীদের যে তথ্য কিশোর উন্নয়ন কেন্দ্র দিয়েছে, এতে দেখা গেছে যে এসব অপরাধীর মধ্যে ১২০ জন হত্যা মামলার আসামি। অপরাধের অন্য সব পরিসংখ্যানে আর না-ই বা গেলাম।
পরিবেশ, পরিস্থিতি, সামাজিক অবক্ষয়, পারিবারিক বিপর্যয় এবং প্রযুক্তির নেতিবাচক ব্যবহার ও প্রভাবে কিশোরদের স্বপ্নময় কোমল ভুবন দিন দিন কঠিন হয়ে উঠছে। রবিঠাকুরের ‘ছুটি’ গল্পে আমরা দোদুল্যমনা যে ফটিককে দেখেছি, সেই কিশোর বা বালক যেন হারিয়ে গেছে। বয়ঃসন্ধিকালে কিশোর বড়দের দলে যাবে না ছোটদের সঙ্গে মিশবে, এই চিরচেনা জড়তাও দিন দিন লোপ পাচ্ছে। শহরই বলুন আর গ্রামই বলুন, সবখানেই কিশোরেরা এখন অবলীলায় নিজেদের বড় বলে জাহির করতে চায়। একটি কিশোর সপ্রতিভ হবে, চটপটে হবে, জ্ঞান-গরিমায় এগিয়ে যাবে—এ তো সবাই চায়। কিন্তু অকালপক্ব, উদ্ধত আর অপরিণামদর্শী কিশোর অস্বস্তি জাগায়।
কিশোরদের অনেকেই চিরচেনা নমনীয়তার আদল ভেঙে রুক্ষ আর বেপরোয়া হয়ে উঠেছ, নির্দ্বিধায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে, এর বিশ্লেষণে বিশেষজ্ঞের কাছে যাওয়ার দরকার নেই। যা ঘটছে, সে তো চোখের সামনেই।
শহরের কথা যদি বলি, দেখা যাবে, অনেক ঘরেই বাবা-মা দুজনই চাকরি করেন। ছেলে কী করল না করল বেশির ভাগ সময় খেয়াল রাখা সম্ভব হয় না। সচ্ছল ঘরের একটি কিশোরের দিনলিপি বিশ্লেষণ করলে দেখা যাবে, তার দিনমান কাটে অনেক ব্যস্ততায়। স্কুল আর প্রাইভেট পড়া তো আছেই। এরই মধ্যে টিভিতে তাকে ফুটবল বা ক্রিকেটের কোনো একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতেই হবে। আর খেলা যদি না দেখে, সে ক্ষেত্রে কোনো ঢিসুম-ঢুসুম মুভি। কেউ কেউ আবার হরর বা সাসপেন্স মুভি দেখতেও পছন্দ করে। আর ঘরে যদি কেউ না থাকে, তাহলে অফসিনে ভরা সিনেমা দেখতেও অসুবিধা নেই।
ব্যস্ততা কিন্তু এখানেই শেষ নয়। ফেসবুকের বিশাল জগৎটা পড়ে আছে। সেখানে দিনে দু-চারবার ঢুঁ না মারলে পেটের ভাতই হজম হবে না। স্ট্যাটাস দিতে হবে, লাইক মারতে হবে, আর দু-একজন বন্ধুর সঙ্গে চ্যাট না করলে তো ঘুমই হবে না। এই যে এত ব্যস্ততা, এর মধ্যে মানসিক বিকাশ বা চারিত্রিক উন্নয়ন ঘটানোর মতো বই পড়ার সময় কোথায়। হ্যাঁ, সে দিনে একবার পত্রিকা পড়ে বটে, সে ওই খেলার খবর আর ধর্ষণ বা খুনোখুনির খবরেই আটকে থাকে।
এভাবে এসব কিশোর আদবকায়দা শেখার সুযোগ পায় না। দেশীয় সংস্কৃতির ছোঁয়া পায় না। পারস্পরিক সৌহার্দ্য বা স্নেহ-মমতা কী, এসব চর্চা করার ফুরসত তাদের কম। অনুভূতির কোমলতা ঝরে রসকষহীন হয়ে যাচ্ছে তারা।
না, ব্যতিক্রম যে নেই, তা নয়। এমন কিশোরও আছে, যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, বাইরের দুনিয়ার খবর রাখে, আধুনিক প্রযুক্তির সুন্দর সদ্ব্যবহার করে। তাদের সংখ্যা নেহাত কম নয়।
আবার যে ঘরে টানাপোড়েন আছে, সেই ঘরের কিশোর ধুঁকতে থাকে না পাওয়ার যন্ত্রণায়। তার অমুক বন্ধুর ভালো মোবাইল ফোন সেট আছে, তার নেই। তার অমুক ২০ হাজার টাকার সাইকেল দাবড়ে বেড়ায়, সে পারে না। মাঠে গিয়ে খেলবে, গোটা মহল্লায় একচিলতে ফাঁকা জায়গা নেই। মন ভরা নিষ্ফল আক্রোশ নিয়ে তারা গুটি কয়েক মিলে রাস্তায় গিয়ে ব্যাট-বল নিয়ে ঠুক ঠুক করে। কিন্তু রাস্তা আটকে রাখায় নানা কটু কথা শুনতে হয়। গাড়িগুলো ঝামেলা করে। এভাবে নানা হতাশায় আক্রোশ যেন তার ভেতর বেলুনের মতো ফুলতে থাকে। তারপর একদিন ফটাস! বিগড়ে যায় সে।
টানাপোড়েনের কিছু সংসারে বড়দের মধ্যে নানা বিষয়ে মতভেদ আর ঝগড়া নিত্যকার ঘটনা। ছোটদের মনে তা বিরূপ প্রভাব ফেলে। একপর্যায়ে তারা ঘরবিমুখ হয়ে পড়ে। বাইরে সমবয়সীদের নিয়ে দলাদলিতে জড়িয়ে পড়ে। পরিণামে নেমে আসে নানা বিপর্যয়।
ব্যতিক্রম অবশ্য আছে। কিছু ছেলে আছে, যারা মা-বাবার দুঃখ-কষ্ট বোঝে। পড়াশোনায় মন দেয়। অভিভাবকদের নানাভাবে সহায়তার চেষ্টা করে। শত প্রতিকূলতা তাদের সাফল্যে বাধা হতে পারে না। তবে এরা সংখ্যায় খুব বেশি নয়।
গ্রামে এক দল কিশোর আছে, যারা ভবঘুরে আর ঝামেলাকর। দেখা যাবে, এরা জোতদার বা মহাজন কিসিমের মালদার পিতার সন্তান। বাপের ট্যাঁক ভরা টাকা আর মায়ের আঁচল ভরা সোহাগ ওদের জন্য উছলে পড়ে। কাজেই উচ্ছন্নে যেতে বাধা নেই। এরা মোবাইল ফোন সেটসহ লেটেস্ট মডেলের নানা গেজেটের প্রতি আকৃষ্ট থাকে। আকাশ সংস্কৃতির কল্যাণে টিভির বিভিন্ন চ্যানেলের প্রতি আসক্ত হয়। আসক্ত হয় আরও নানা নিষিদ্ধ জিনিসের প্রতি।
পকেট ভরা টাকা থাকে বলে ওদের দুধের মাছিরও অভাব হয় না। এসব ইয়ার-দোস্ত নিয়ে বখাটেপনা করে বেড়ায় তারা। ক্রমে তারা গ্রামীণ সমাজের কালকূট হয়ে ওঠে। স্কুলগামী কিশোরীদের জন্য এরা বিরাট এক আপদে পরিণত হয়। জড়িয়ে পড়ে নানা অপরাধ কর্মে।
এখানেও ব্যতিক্রম রয়েছে। দেশের কৃতী অনেক সন্তানই কিন্তু গ্রাম থেকে উঠে আসে। দারিদ্র্য, দুঃখ-দুর্দশায় ভরা বিপরীত স্রোতের মুখে শক্তভাবে হাল ধরা কিশোরও আছে অনেক। অদম্য মেধাবীরা এর প্রমাণ।
কথা হলো যে কিশোরদের একটা অংশ পরিবেশ, পরিস্থিতি, সামাজিক ও প্রযুক্তির অপব্যবহারে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। কেউ কেউ ভয়ংকরও বটে। এসব কিশোরের কারও থাকে উগ্রতা, কারও মধ্যে হতাশা, কেউবা আবার বেপরোয়া কিছু করে নাম ফুটানোর তালে থাকে। এরা কয়েকজন মিলে প্রথমে ছোটখাটো একটা দল বানায়। তারপর নানা সময়ে মহল্লা বা পাড়ার গলিতে জোট বেঁধে আড্ডা জমায়। গলির মোড়, চা-সিগারেটের দোকান, নির্মাণাধীন বাড়ির চাতাল, খোলা চত্বর—এসব জায়গা আড্ডার জন্য বেছে নেয় তারা। মওকা পেলে বাসাবাড়ির সামনের এক চিলতে জায়গা বেছে নিতেও দ্বিধা করে না তারা। তারা সিগারেট ফোঁকে, বড়দের মোটেও কেয়ার করে না। বরং বড়রাই তাদের সামনে পড়লে না দেখার ভান করে চলে যান। ধীরে ধীরে তারা ছোটখাটো অপরাধে জড়ায়। দল ভারী হলে তারা আরও দুঃসাহসী হয়ে ওঠে। রাজনৈতিক সংগঠনগুলোর ছত্রচ্ছায়ায় তারা আরও ভয়ংকর হয়ে যায়। তখন ইভ টিজিং, চাঁদাবাজি, মাদক ব্যবসার মতো গুরুতর সব অপকর্মে জড়ায় তারা।
কিন্তু প্রতিকার কী?
প্রতিকার আসলে নিজেদের মধ্যেই। ধূমপান যে খারাপ, এটা কিন্তু একটি শিশু জ্ঞান হওয়ার পর থেকে জানতে পারে। পারিবারিক ও সামাজিকভাবে একটি শিশু কোনো না কোনোভাবে বুঝতে পারে, ধূমপান ছোটদের জন্য নয়। বড়দের বিষয়। আর এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বড়দের সামনে ধূমপান বেয়াদবি। মোবাইল ফোনের মতো গেজেট ব্যবহারে সে রকম কোনো পারিবারিক বা সামাজিক চর্চা নেই। যেকোনো পরিবারে একটা শিশু সহজেই মোবাইল ফোন বা ট্যাবের কাছে পৌঁছাতে পারে। কখনো কখনো বড়রাই বরং শখ করে শিশুর হাতে মোবাইল ফোন ছেড়ে দেন। শিশু মোবাইল ফোনে ছবি তোলে, নানা রকম গেম খেলে। এর মধ্যে বড়দের অলক্ষে যে সে তার অনুপযোগী কোনো বিষয়ে প্রবেশ করতে পারে, এটা কেউ ভেবে দেখে না।
এভাবে মোবাইল ফোনের মতো গেজেটের প্রতি শৈশব থেকেই আকৃষ্ট হচ্ছে শিশু। এর নির্বিচার ব্যবহারে কোনো দ্বিধা-লাজ থাকছে না। টিভি আর স্যাটেলাইট চ্যানেলের দৌড় এখন দেশের আনাচকানাচে। এমন অনেক পরিবার আছে, সব কাজ বাদ দিয়ে তারা দলবেঁধে সিরিয়াল দেখতে বসে যায়। এর নেতিবাচক প্রভাব যে কোমলমতি শিশু-কিশোরের কাঁচা মাথা চিবিয়ে খাচ্ছে, সেদিকে কারও খেয়াল থাকে না।
আমাদের পারিবারিক ও সামাজিক আচার-ব্যবহারের রীতিও এখন অনেকটা বদলে গেছে। শ্রদ্ধা আর স্নেহের আসন এখন সমান্তরাল এমন একপর্যায়ে, যেখানে মান্যিগণ্যির বিষয়টি ধন্দের ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে। বড়দের মধ্যে অনেকের নৈতিক স্খলনের বিষয়টি আধুনিক শিশু-কিশোর চট করে বুঝে ফেলে। তখন আর তাদের সহজে মানতে চায় না। কিশোরদের অনেকেই দেখছে, দেশে আইন প্রয়োগের বিষয়টি তেমন জোরালো নয়। গুরুতর অপরাধ করেও অনেকে দিব্যি পার পেয়ে যাচ্ছে। কাজেই আইনসংগত নয়—এমন কিছু করতে তারা দ্বিধা করে না।
যত যা-ই বলি না কেন, শিশু-কিশোরেরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। কাজেই তারা যদি লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছোটে, ব্রেক ফেইলড গাড়ির মতো ধেয়ে যায়, তাহলে পরিণতি হবে ভয়ংকর। এ নিয়ে গভীরভাবে ভাবার সময় এখনই।
শরিফুল ইসলাম ভূঁইয়া : সাহিত্যিক ও সাংবাদিক
[email protected]