কী অমানবিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তঃসত্ত্বা মুন্নি বেগম সন্তান প্রসবের জন্য এক দালাল নারীর সঙ্গে যান আশুলিয়ার কুড়গাঁওয়ের পিয়া মেডিকেল সেন্টার নামে এক ক্লিনিকে। ক্লিনিকটির মালিক ও এক আয়া তাঁকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য চাপ দেন, বিনিময়ে দাবি করেন মোটা অঙ্কের টাকা। কিন্তু মুন্নি বেগমের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল না; তিনি সেখানে স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করেন। তার পরেও ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ তাঁর কাছে আট হাজার টাকা দাবি করে।
কিন্তু দরিদ্র মুন্নি বেগমের অত টাকা দেওয়ার সামর্থ্য নেই। ফলে ওই ক্লিনিকের নিষ্ঠুর মালিক সদ্য সন্তান প্রসবকারী এই নারীকে নবজাতকসহ আটকে রেখে বলেন, টাকা না দিলে তাঁকে ছাড়া হবে না। এই খবর পেয়ে ক্লিনিকে ছুটে যান মুন্নি বেগমের স্বামী রাজমিস্ত্রি লাভলু মোল্লা। কিন্তু দরিদ্র মানুষটির সাধ্য কোথায় যে ক্লিনিকের মালিককে নগদ আট হাজার টাকা দিয়ে স্ত্রী ও নবজাতক সন্তানকে মুক্ত করে নিয়ে ঘরে ফিরে যাবেন! তাই ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকেও একটি কক্ষে আটকে রাখে।
এই কল্পনাতীত অমানবিক ঘটনার এখানেই শেষ নয়। বুধবার প্রথম আলোর ‘সারা দেশ’ পাতায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ক্লিনিকটির মালিক অবশেষে মুন্নি বেগম ও তাঁর স্বামীকে ছেড়ে দিয়েছেন। কিন্তু তাঁদের নবজাতক শিশুটিকে দেননি। মাত্র ৩০ হাজার টাকায় শিশুটিকে তিনি বিক্রি করেছেন অন্য এক লোকের কাছে। সেই টাকা নিজের পকেটে পোরার পরেই কেবল তিনি মুক্তি দিয়েছেন দরিদ্র দম্পতিকে।
চিকিৎসাসেবা বিক্রির নামে এমন অমানবিক আচরণের ঘটনা বিরল হলেও বিনা প্রয়োজনে রোগীদের অস্ত্রোপচারে বাধ্য করে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ অনেক পাওয়া যায়। উল্লিখিত ক্লিনিকটির মালিকের আচরণ শুধু অমানবিক নয়, গুরুতর অপরাধমূলক। মুন্নি বেগমের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে; কিন্তু গ্রেপ্তারই যথেষ্ট নয়, তাঁর এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যেন আর কেউ এ ধরনের পাশবিক চিকিৎসা-বাণিজ্য ও অপরাধ সংঘটনের সাহস না পায়।