কী খাচ্ছি না খাচ্ছি, খোদায় মালুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানুষ কী করে বেঁচে আছে, সে কথা এক খোদাই বলতে পারেন! আমাদের বাতাস বিষাক্ত, পানিতে আর্সেনিক, মাছে ফরমালিন, ফলমূল-সবজিতে ডিডিটি। যা-ই খাই, তা-ই যদি বিষাক্ত হয়, তাহলে দেশের মানুষ খেয়ে-পরে বেঁচে আছে কী করে?
সাধে কি বললাম, খোদায় মালুম!
বাংলাদেশের সরকার যে এই বিষয়টা নিয়ে ভাবিত নয়, তা নয়। বাজারে যাতে ফরমালিনযুক্ত ফল না আসে, সে জন্য তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে, আমের বাগানে পুলিশি পাহারা লাগিয়েছে, অসৎ ব্যবসায়ীদের জরিমানা করেছে। এসব ব্যবস্থার কিছু কিছু ফল পাওয়া যাচ্ছে, তার প্রমাণ ঢাকার ফল ব্যবসায়ীরা নিজেরাই ঘোষণা করেছেন, যত দিন ফরমালিনযুক্ত আম বিক্রি বন্ধ না হয়, তত দিন তাঁরা নিজেদের দোকান বন্ধ রাখবেন।
খুবই উত্তম সিদ্ধান্ত৷ তবে এসব ব্যবসায়ী জিহাদে নেমেছেন ফরমালিনের বিরুদ্ধে নয়, ফরমালিনের বিরুদ্ধে সরকারি অভিযান ঠেকাতে। তাঁরা অভিযোগ করেছেন, সরকারি অভিযানের ফলে তাঁদের ব্যবসা লাটে উঠতে বসেছে। অতএব উপায়ান্তর না দেখে তাঁরা নিজেরাই ফরমালিনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। উদ্দেশ্য সরকারের ওপর চাপ সৃষ্টি। তা উদ্দেশ্য যা-ই হোক, এর ফলে অবস্থার কিছু উন্নতি তো বন্ধ হয়েছে!
বাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থযুক্ত দ্রব্যসামগ্রী ঢুকতে না দিলে, তা আইন করে হোক বা ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হোক, আমাদের ভোগান্তি কিছু কমে। কিন্তু আমরা এও জানি, শুধু আইন করে বা পাহারা বসিয়ে এসব ঠেকানো যাবে না, টুপাইস দিলে ছোট প্রহরীকে পকেটে ঢোকানো যায় আর বড় প্রহরীকে ফোর-পাইস। অতএব, এসব ঠেকানোর কার্যকর উপায় হলো, আমরা, যারা সে এসব ভোগ্যপণ্য কিনি, তাদের ওমুখো না হওয়া। কিন্তু কথাটা যত সহজে বলা গেল, তার বাস্তবায়ন তত সহজ নয়। আমরা তো সাধ করে ক্ষতিকর রাসায়নিকযুক্ত খাদ্যসামগ্রী কিনি না, কিনি উপায় নেই বলে। যতক্ষণ না বাজারে সহনীয় মূল্যে বিকল্প সরবরাহ আসছে, ততক্ষণ বেঁচে-বর্তে থাকার জন্য বাধ্য হয়ে ওই ফরমালিন-ওয়ালা মাছ-মাংস-দুধ-ফলমূল কিনতে হবে, দূষিত পানিযুক্ত দুধ খেতে হবে, ক্ষতিকর জেনেও ভেজাল ওষুধ-পথ্যের ব্যবস্থা নিতে হবে।
এই বিষাক্ত চক্র থেকে বেরোনোর পথ কি আদৌ নেই?
ভোগ্যপণ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার শুধু আমাদের মতো গরিব দেশের সমস্যা নয়, আমেরিকার মতো দেশেও ভোক্তাদের হরহামেশা নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। এ দেশে অধিকাংশ জিনিস আসে বিদেশ থেকে। বাজারে আমদানিপণ্যের ওপর খবরদারির জন্য পরিদর্শনের ব্যবস্থা রয়েছে বটে, কিন্তু প্রতিটি জিনিসের ওপর নজরদারি অসম্ভব। এ দেশে সবচেয়ে বিষাক্ত খাদ্যদ্রব্যের যে তালিকা আমার চোখে পড়েছে, তার প্রধান তিনটি হলো শাক, ডিম ও মাছ (বিশেষত টুনা মাছ) এমনকি টুথপেস্টে ক্ষতিকর ডাইথাইলিন গ্লাইকল নামক অ্যান্টিফ্রিজের খোঁজ পাওয়া গেছে। ক্যানসারের ওষুধের নামে নকল ও ক্ষতিকর ওষুধ বিক্রি হচ্ছে দেদার। কিডনি রোগীদের জন্য জরুরি ব্লাড থিনারে ক্ষতিকর সালফেটের সন্ধান পাওয়া গেছে।
প্রতিবেশী ভারত বা চীনে এই সমস্যা আরও গভীর। মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, মিথ্যা তথ্যপূর্ণ ওষুধ ও ভেজাল খাদ্যসামগ্রী তো রয়েছেই। দৈনন্দিন ব্যবহার্য খাদ্যসামগ্রীর অধিকাংশও কম-বেশি ক্ষতিকর। ডিম, যা চীনাদের প্রিয় খাদ্য, তাও নকল বিক্রি হচ্ছে। এমনকি চাল, যা ছাড়া আমাদের মতো চীনাদেরও ক্ষুধা মেটে না, তাতে ভয়াবহ মাত্রার ক্যাডমিয়াম ধাতু পাওয়া গেছে। ব্যাপারটা সহ্যের এতটা বাইরে চলে গেছে যে সরকার ঘোষণা করেছে, কেউ ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রেতাদের ধরে দিতে পারলে তাকে ৫০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে।
অনুমান করি, আমাদের দেশেও ভেজাল ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সেসব ব্যবস্থা কতদূর মজবুত, তা নিয়ে খোদ সরকারি মহলেই সন্দেহ রয়েছে। সম্প্রতি রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি নতুন রণকৌশল প্রস্তুত করা হয়েছে, যাতে বলা হয়েছে কাগজে-কলমে আইনের ব্যবস্থা থাকলেও সে আইন পালিত হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব কার, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশে ভেজাল নিয়ন্ত্রণে কম করে হলেও ১৫টি আইন রয়েছে, যার একটিতে মৃত্যুদণ্ডের বিধান পর্যন্ত রাখা হয়েছে। কিন্তু এসব আইন সমন্বয় করে তার প্রতিপালনের ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। কোনো একটি মন্ত্রণালয় বা অধিদপ্তরের বদলে পাঁচ-সাতটি মন্ত্রণালয়ের ঘাড়ে এসব আইন বাস্তবায়নের দায়িত্ব ন্যস্ত। শুধু কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, মৎস্য, বাণিজ্য, শিল্প, এমনকি সংস্থাপন মন্ত্রণালয় পর্যন্ত এসব আইনের কোনো না কোনোটার ব্যাপারে দায়িত্ববান। একই কড়াইয়ে রান্নার কাজে যখন এত পাচক ব্যস্ত, তখন সে রান্না গুবলেট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বাস্তবে হচ্ছেও তা-ই। সে কারণে খুব জরুরি হলো সুনির্দিষ্ট আইন প্রণয়নের পাশাপাশি সে আইন বাস্তবায়নের দায়দায়িত্ব কেন্দ্রীভূত করা। এসব আইন গ্রহণ ও তার বাস্তবায়নের ব্যাপারে জনগণের কোনো অংশগ্রহণ কার্যত নেই। সে অংশগ্রহণ নিশ্চিত করা ও আইন প্রয়োগের পূর্ণ স্বচ্ছতা অর্জনও আবশ্যক।
পৃথিবীর অধিকাংশ দেশেই অস্বাস্থ্যকর ভোগ্যপণ্যের বিরুদ্ধে কড়াকড়ি রয়েছে। কিন্তু এসব ব্যবস্থার কোনোটাই সুরক্ষার শতভাগ নিশ্চয়তা দেয় না। এমনকি আমেরিকার মতো অগ্রসর দেশেও। এখানে ঘাটে ঘাটে পাহারা বসানোর বদলে যা অধিক কার্যকর প্রমাণিত হয়েছে তা হলো ভোক্তাদের অধিকতর সচেতনতা। সরকারিভাবে ঢেঁড়া দেওয়ার বদলে দেশের পত্রপত্রিকা, টিভি ও সামাজিক মাধ্যমগুলো এ ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কয়েক বছর আগে শিশুদের জ্বরের জন্য ব্যবহৃত টাইলেনল সিরাপে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়। এ খবর পাওয়ামাত্রই দেশজুড়ে হুলুস্থুল কাণ্ড, আর তা ঘটে মুখ্যত টিভি নেটওয়ার্ক ও সামাজিক মাধ্যমসমূহের ক্যাম্পেইনের কারণে। নিজেদের নেম-ব্র্যান্ডের বড় রকমের সর্বনাশ হওয়ার আগে সে ওষুধের উৎপাদক জনসন অ্যান্ড জনসন কোম্পানি নিজেরাই বাজার থেকে সব ওষুধ তুলে নেয়।
এ তো গেল আইনের কাঠামোর ভেতরে ব্যবস্থা। ভেজাল ভোগ্যপণ্যের বিরুদ্ধে গত দুই দশকে আমেরিকায় একটি বড় ধরনের সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। বৃহৎ বাণিজ্যিক খামারের বদলে ‘অর্গানিক’ খামারব্যবস্থা গড়ে উঠছে। ছোট-বড় নানা আকারের ‘অর্গানিক’ খামার এখন আমেরিকার কৃষিপণ্যের এক উল্লেখযোগ্য অংশ সরবরাহ করছে। অনেক কলেজের ক্যানটিনে সবজি আসছে এসব খামার থেকে, যা কলেজের নিজের জমি অথবা ধারেকাছের গ্রাম থেকে সংগৃহীত। শুধু তা-ই নয়, এ দেশের প্রায় প্রতিটি বড় শহরেই স্থানীয় জনগণ নিজেদের উদ্যোগে কমিউনিটি ফার্ম বা যৌথ খামার গড়ে তুলছে। নিউইয়র্কের ব্রঙ্কসের একটি খামারের কথা আমি জানি, পাড়ার সবাই তাতে কাজ না করলেও যে কেউ সেখান থেকে সবজি-ফলমূল সংগ্রহ করতে পারে।
ভেজাল পণ্যের বিরুদ্ধে আরও একটি কার্যকর প্রতিবাদী কণ্ঠস্বর এসেছে এ দেশের ‘সিলেব্রিটি’দের কাছ থেকে। আমি শুধু একটি উদাহরণ দেব। কয়েক বছর আগে জানা গেল আপেলের রং পাকা করতে ও তাকে দীর্ঘ সময় ব্যবহারযোগ্য রাখার উদ্দেশ্যে অত্যন্ত ক্ষতিকর ‘আলার’ নামক রাসায়নিক পদার্থ ছড়ানো হচ্ছে। এ নিয়ে প্রথম সিবিএস টিভি একটি তদন্ত প্রতিবেদন পেশ করে। সে প্রতিবেদনের ভিত্তিতে দেশব্যাপী যে প্রতিবাদ শুরু হয় তার নেতৃত্বে এগিয়ে আসেন হলিউডের বিখ্যাত তারকা মেরিল স্ট্রিপ। প্রায় রাতারাতি দেশের সুপার মার্কেটসমূহ থেকে লাল আপেল উধাও, প্যাকেটে আপেলের জুস উধাও, স্কুল লাঞ্চ থেকে সব রকম আপেল সামগ্রী বাতিল। আলারের বিরুদ্ধে সেই অভিযানের অভাবনীয় সাফল্যের ফলে ক্ষতিকারক এই পদার্থের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপিত হয়।
আমরা অথবা আমাদের সন্তানেরা কী খায় না খায়, তার দেখভালের দায়িত্ব ওপরওয়ালা বা সরকারের ওপর ছেড়ে দেওয়ার বদলে আমরা নিজেরাও যদি খানিকটা নাক গলাই অথবা প্রতিবাদের আওয়াজটা বাড়িয়ে দিই, তাহলে আখেরে লাভটা আমাদেরই হবে।
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক৷