আরেকটি বাজেটের সময় ঘনিয়ে এসেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে আগামী ৫ জুন উপস্থাপন করবেন। সম্ভাব্য প্রায় আড়াই লাখ কোটি টাকার এই বাজেটে আগামী পঁাচ বছরের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা অর্থমন্ত্রী প্রদান করবেন বলে জানিয়েছেন। এটাকে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি দেশে রাজনৈতিক স্থিতিশীলতার আভাস হিসেবে গণ্য করাতে চান।
বস্তুত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতায় গত বছর অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আর নির্বাচনের পর পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও উদ্যোক্তা-বিনিয়োগকারীদের কাছে মধ্যমেয়াদি স্থিতিশীলতার বিষয়ে দ্বিধা রয়ে গেছে। এ পরিস্থিতিতে অর্থমন্ত্রী বাজেটের মাধ্যমে স্থিতিশীলতার বার্তা দিতে যাচ্ছেন বলে জানালেন। এটা তিনি কতটা করতে পারবেন, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে তিনি যদি সত্যিই তা করতে চান, তাহলে তাঁকে অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হবে ও এই বাজেটের মাধ্যমেই তার নিষ্পত্তির নির্দেশনা দিতে হবে।
প্রথমত, উন্নয়নের জন্য সম্পদ আহরণে বা রাজস্ব আদায়ে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে হবে। যঁারা নিয়মিত আয়কর প্রদান করেন, শুধু তাঁদের ওপর চাপ বাড়িয়ে, যে বিপুল পরিমাণ জনগোষ্ঠী আয়করের আওতার বাইরে আছে ও কর ফঁাকি দিচ্ছে, তাদের করজালে নিয়ে আসতে হবে। ১৫ কোটি মানুষের দেশে কর শনাক্তকারী নম্বর বা টিআইএনধারীর সংখ্যা মাত্র ১৭ লাখ। এর মধ্যে আবার সক্রিয় ১১ লাখ। এটা গ্রহণযোগ্য নয়। আবার প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীর অনেকেই ঠিকমতো আয়কর দেন না। একাধিক বাড়ি বা ফ্ল্যাটের মালিকের টিআইএনই নেই। সুতরাং, তঁাদের কাছ থেকে ঠিকমতো কর আদায় করা সরকারের দায়িত্ব। ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ বাজেটে এ রকম কিছু পরিকল্পিত উদ্যোগ থাকা জরুরি। দরকার সম্পদ-সম্পত্তির ওপর করারোপের।
দ্বিতীয়ত, সম্পদ বণ্টনের ন্যায্যতার দিকে নজর দিতে হবে। এখনো বিপুল পরিমাণ গরিব ও সুবিধাবঞ্চিত মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর নামে যে প্রতীকী অর্থ তাদের দেওয়া হয়, তা সমুদ্রে গোষ্পদ তুল্য। তাদের জন্য অর্থবহ বরাদ্দ দিতে হবে, অর্থবহ ব্যবস্থা নিতে হবে। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং মা ও শিশুর পুষ্টি প্রাপ্তির জন্য যৌক্তিক বরাদ্দ দিতে অসুবিধা হওয়ার কথা নয়।
তৃতীয়ত, রেল ও সড়ক অবকাঠামো বিনির্মাণে ও রক্ষণাবেক্ষণে মনোযোগ দেওয়া। অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে বাজেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ গুরুত্ব পাবে। আসলে অর্থ বরাদ্দ দেওয়ার পাশাপাশি তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়েই বাজেটের যথার্থতা দৃশ্যমান হয়।
চতুর্থত, ন্যায়সংগত কিছু পদক্ষেপ রাষ্ট্র ও সমাজের বৃহত্তর কল্যাণের জন্য জরুরি। আর তাই সাংসদদের দাবির মুখে থোক বরাদ্দ দিয়ে অপচয়ের সুযোগ সৃষ্টি না করা, কালোটাকা সাদা করার অবাধ সুযোগ না দেওয়ার পাশাপাশি সংবাদপত্রের জন্য নিউজপ্রিন্টের শুল্ক ও মূসক কমানোর সিদ্ধান্ত বাজেটে প্রত্যাশা করা অযৌক্তিক বিবেচিত হয় না।