যে সংগঠনের নেতা-কর্মীরা সামান্য বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র হামলা ও গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটাতে পারে, সেই সংগঠন কেবল দলের জন্য বিপজ্জনক নয়, দেশের জনগণের নিরাপত্তার জন্যও মহাবিপদের কারণ বলে মনে করি৷ কুমিল্লা ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির জেরে আহসান হাবিব নামের এক ব্যবসায়ী জীবন দিলেন, যিনি রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না৷ আর কত নিরীহ মানুষ মারা গেলে ছাত্রলীগ নামধারীর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে?
কুমিল্লার ঘটনাটি মোটেই বিচ্ছিন্ন নয়৷ এ ধরনের হত্যা, দখলবািজ ও চাঁদাবাজিই ছাত্রলীগের একশ্রেণির নেতা-কর্মীর বদভ্যাসে পরিণত হয়েছে৷ অনেকের আয়েরও প্রধান উৎস এই সন্ত্রাস ও চাঁদাবাজি৷ কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে একজন চাকরিজীবীকে ধরে নিয়ে মারধর ও জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করার চেষ্টা চালান এ সংগঠনেরই গুণধর নেতা-কর্মীরা৷ পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে৷
কুমিল্লার ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষস্থলে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করতে গিয়েই ব্যবসায়ী আহসান হাবিব তাঁদের ক্রোধ ও জিঘাংসার শিকার হন৷ নিহত ব্যবসায়ী আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের চাচাতো ভাইয়ের ছেলে হলেও অপরাধীরা শাস্তি পাবেন, এমন নিশ্চয়তা নেই৷ কেননা, প্রায় প্রতিটি স্থানে ছাত্রলীগের এই গোষ্ঠীদ্বন্দ্বে অভিভাবক সংগঠনটির নেতারা জড়িত বলে জানা যায়৷ তাঁদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা এতটা দানবীয় হয়ে উঠতে পারতেন না৷
আমরা দেখতে চাই, কুমিল্লার ঘটনায় পুলিশ কী ভূমিকা নেয়৷ তারা কি প্রকৃত অপরাধীদের ধরে বিচারে সোপর্দ করবে, না ‘অজ্ঞাতনামা আসামিদের’ খোঁজে নতুন আটক-বাণিজ্যে লিপ্ত হবে? সরকারি দলের নীতিনির্ধারকেরাও বোতল থেকে বেরিয়ে আসা দৈত্যগুলোকে ফের বোতলে পুরতে প্রস্তুত আছেন কি না? বোতলে পোরা মানে প্রত্যেককে আইনের আওতায় আনা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা৷ খুনি বা সন্ত্রাসী যে-ই হোক না কেন, ছাড় দেওয়া হবে না—কেবল এই মুখস্থ কথায় চিড়ে ভিজবে না৷