কুষ্টিয়ায় দল, লীগ ও শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বেশি-কম নয়, তারা সমানে সমান। খবর দিলেই যার যার দলের বাহিনী প্রস্তুত, অস্ত্র-গুলি মজুত; তারপর যুদ্ধ। প্রায়ই ক্যাম্পাসগুলোয় তারা লড়াই করে; যে লড়াইয়ের পেছনে কোনো আদর্শ নেই—আছে ক্ষমতা, অর্থ আর দাপটের প্রেরণা। তারা ছাত্রনামধারী; তাদের দলের নাম ছাত্রলীগ, ছাত্রদল আর ছাত্রশিবির। বাংলাদেশের প্রধান তিন ছাত্রসংগঠনই যখন সন্ত্রাসী আর অপরাধী তৈরি, রক্ষা ও পরিচালনার কারখানা, তখন এদের কাছে প্রত্যাশার কিছু নেই। প্রত্যাশা না থাকলেও তরুণদের জীবন নিয়ে এদের নিষ্ঠুর তামাশার শেষ দেখা দরকার।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত শনিবার ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে গোলাগুলি হয়েছে ছাত্রলীগের। রোববারের প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় এর ছবি। প্রকাশ্যে পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষের ছবিটি সন্ত্রাসী ধারার ছাত্ররাজনীতির সাম্প্রতিক উপহার। ক্যাম্পাসের বাইরের ঘটনা নিয়ে দফায় দফায় মারামারি ও গুলিবর্ষণের ঘটনায় আহত হয়েছেন ২৫ জন; এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গতকালের প্রথম আলো। যথারীতি এ ঘটনায় পুলিশ হাজির ছিল, কিন্তু প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করার ঘটনা তারা দেখেও দেখেনি। এত বড় ঘটনার পরও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তার নির্দেশ যে-ই দিক না কেন, সন্ত্রাসী ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ না দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই নিতে হবে। সন্ত্রাসীদের বহিষ্কার, গ্রেপ্তার এবং পুলিশ ও প্রশাসনের ভূমিকার জবাবদিহি প্রয়োজন।
সাধারণত বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদেই শিক্ষাঙ্গনে সন্ত্রাসী পক্ষগুলো আইনের ঊর্ধ্বে থেকে যায়। রাজনীতির কর্ণধারেরা তাদের জন্য সে ব্যবস্থাই করে রাখেন। সন্ত্রাসের এই দুই খুঁটিকে ঠিক করতে না পারলে পুলিশ কিছুই করতে পারবে না। সরকার-সমর্থিত সংগঠনের দখলদারির কারণেই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আগে ক্যাম্পাস দখলে রাখা আর দখলে নেওয়ার যুদ্ধ চলে। শিক্ষক রাজনীতির স্বার্থেও ছাত্রসংগঠনের কর্মীরা বলি হন।
কুষ্টিয়ার ঘটনা রাজনৈতিক পালাবদলের সময়ের সহিংসতা শুরুর অশনিসংকেত বহন করছে। এখনই এ ব্যাপারে কঠোর না হলে সামনে আতঙ্ক বাড়বে বৈ কমবে না।