সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া বাংলাদেশের পুরোনো ও জনবহুল একটি জেলা। তৎকালীন কুষ্টিয়া জেলার মুজিবনগর ছিল অস্থায়ী বাংলাদেশের রাজধানী। এ জেলায় রয়েছেন বহু সংগীত ও সংস্কৃতিসেবী মানুষ। অথচ এ জেলায় বাংলাদেশ বেতারের কেন্দ্র নেই। বিভাগীয় শহর খুলনায় একটি কেন্দ্র রয়েছে, খুলনা কেন্দ্রের অনুষ্ঠান মোটামুটি শোনা গেলেও রাজশাহী বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনা যায় একেবারেই অস্পষ্ট। অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানও অস্পষ্টভাবে শোনা যায়।
এখানে বাংলাদেশ বেতারের একটি কেন্দ্র স্থাপন করলে বৃহত্তর কুষ্টিয়া এবং এর আশপাশের জেলা থেকে বহু প্রতিভা তৈরি হবে। এ ছাড়া ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার মানুষ বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। সরকারও বিপুল পরিমাণে রাজস্ব পাবে। কণ্ঠশিল্পী আবদুল জব্বার, উপমহাদেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা ইয়াসমিন, বর্তমান সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী এস আই টুটুলের বাড়ি এই কুষ্টিয়া জেলায়। বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িও কুষ্টিয়া জেলায় অবস্থিত।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন, বাউলসম্রাট ফকির লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এ জেলায় অবস্থিত। অথচ এ জেলায় বেতারকেন্দ্র নেই, বিষয়টি ভাবতেও অবাক লাগে!
সুতরাং সার্বিক দিক বিবেচনা করে কুষ্টিয়ায় বাংলাদেশ বেতারের একটি কেন্দ্র স্থাপন করে এই অঞ্চলের মানুষের বহুদিনের আশা পূরণ করার জন্য তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
কুষ্টিয়ায় বেতার কেন্দ্র হলে স্থানীয় শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। এখান থেকে বেরিয়ে আসবেন ফরিদা ইয়াসমিনের মতো আরও অনেক গুণী শিল্পী।
মো. মোশতাক মেহেদী
ডি/৩৯৩, হাউজিং এস্টেট, কুষ্টিয়া।