কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে উদ্বেগ। এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। বাংলাদেশে দায়িত্ব পালনরত বিদেশি কূটনীতিকেরাও একই কথা ভাবছেন। তাঁরাও চান, যেন দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকে। মঙ্গলবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ ১৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তাঁদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে তাঁদের এই মতবিনিময় একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করল। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক—এটাই হলো মূল কথা।
স্মরণযোগ্য যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিভিন্ন দাতা দেশ ও সংস্থা নানাভাবে সহায়তা দিয়ে থাকে। ভোটার আইডি কার্ড তৈরি, স্বচ্ছ প্লাস্টিকের ব্যালট বাক্স, বিভিন্ন প্রযুক্তি-সরঞ্জাম, সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন স্তরে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে তাদের সহায়তার ফলে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন সহজতর হয়। যারা সহায়তা দিয়ে এত বড় দায়িত্ব পালন করছে, নির্বাচনের ভালোমন্দ নিয়ে তাদের আগ্রহ থাকা খুবই স্বাভাবিক। আন্তরিকতা নিয়েই তারা নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে। আমরা এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ। এ ছাড়া একই দিনে সারা দেশে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাও তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ। এ দুটি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আমরা বলতে পারব, একটি গ্রহণযোগ্য নির্বাচনের শর্ত পূরণ হয়েছে। কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে সরকার ও প্রশাসনের ওপর। নির্বাচনের সময় সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব প্রধানত নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত হয়। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা নিশ্চিত হলে দ্বিতীয় দায়িত্বটি সুসম্পন্ন হতে পারে।
কিন্তু প্রথম দায়িত্বটি, অর্থাৎ সবার অংশগ্রহণের প্রশ্নটি মূলত নির্ভর করে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলোর ওপর। বর্তমানে তারা দুই মেরুতে অবস্থান করছে। সংবিধান অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নির্বাচনকালীন সরকারের বিধানের বাইরে যাওয়া যাবে না বলে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা বিভিন্ন মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সংকল্প ঘোষণা করায় এক অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। অর্থবহ সংলাপ ছাড়া এই অচলায়তন ভাঙা যাবে না। সংলাপের ব্যবস্থা করার দায়িত্ব যেমন সরকারের, তেমনি বিরোধী দলেরও। আমরা চাই—উভয় পক্ষের শুভবুদ্ধির উদয় হোক।
নির্বাচনের আগে হঠাৎ করে আইন সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে বিদ্যমান আইনে নির্বাচন করা সম্ভব। তবে আরও ভালো নির্বাচনের জন্য আইন সংশোধন প্রয়োজন। প্রশ্ন হলো, বিদ্যমান আইনে যখন চলে, তাহলে সংশোধন কেন? বিশেষত আইন সংশোধনের সাম্প্রতিক পদক্ষেপে যেহেতু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তখন বিরত থাকাই ভালো।