প্রতিদিন দেশে প্রায় ৫৩ লাখ পাঠক প্রথম আলো পড়েন। বিশ্বের ২০০টি দেশে প্রবাসী বাংলাদেশিসহ দেশ ও দেশের বাইরে প্রতিদিন প্রথম আলোর পাঠক সংখ্যা প্রায় ৭৩ লাখ । গত ৪ অক্টোবর শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ শীর্ষক মতবিনিময় সভার শুরুতে ভিডিও ক্লিপের মাধ্যমে পত্রিকাটির অতীত-বর্তমান কার্যক্রমের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দিনাজপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান।

খালেকুজ্জামান: দেশের সবচেয়ে বড়, সর্বাধিক পাঠকপ্রিয় পত্রিকা প্রথম আলো। পত্রিকাটি দেশের মানুষের স্বার্থেই উচ্চকণ্ঠ ভূমিকা রেখে আসছে। কিন্তু এ প্রত্রিকায় মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ, বর্তমান সরকার, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নামে নেতিবাচক খবর প্রকাশিত হয়ে থাকে। এর ফলে মুক্তিযুদ্ধের বিরোধীদের হাতই শক্তিশালী হয়।
সুব্রত মজুমদার: সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা—সরকারের অনেক সাফল্য আছে। কিন্তু প্রথম আলো সাফল্যের চেয়ে ব্যর্থতাগুলো বেশি করে তুলে ধরে। গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসব—এসব আয়োজনে কেবল মেধাবীদেরই প্রাধান্য থাকে। মধ্যম মানের শিক্ষার্থীদের সুযোগ থাকে না।
সারোয়ার হাসান: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল—দেশের ৮০ শতাংশ মানুষ কৃষক। কৃষকরাই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন। অথচ প্রথম আলোতে কৃষি ও কৃষকের ভালো-মন্দ, সুখ-দুঃখের কথা দেখতে চাই। থাকে।
মো. সফিকুল ইসলাম: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়—আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনে অনেক ধরনের সদস্য থাকেন। এর মধ্যে যে কেউ অন্যায় বা ভুল করতেই পারেন। কিন্তু প্রথম আলো ওই ব্যক্তির সমালোচনা না করে, তিনি যে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট, সেই সংগঠনকে দায়ী করে খবর প্রকাশ করে। এর ফলে ওই দলটির বেশির ভাগ নেতা-কর্মী মানসিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে থাকেন, যা অবশ্যই বর্জন করা উচিত।
সৈকত পাল: দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক—ছাত্রলীগ-যুবলীগের নেতিবাচক খবর প্রথম আলো সব সময় ফলাও করে ছাপায়, অথচ জামায়াত-শিবিরের সহিংসতার খবর অনেক সময় খবরে গুরুত্ব কম দেওয়া হয়।
জলিল আহমেদ: সহযোগী অধ্যাপক, দিনাজপুর সরকারি কলেজ. প্রাণিবিজ্ঞান বিভাগ—উত্তরাঞ্চলের জন্য পৃথক সংস্করণ ঢাকাসহ সারা দেশের মানুষ যেন পড়তে পারে, সে ব্যবস্থা করতে হবে।
মো. ছফর আলী: সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ—সকালে নাশতা খাওয়ার আগেই প্রথম আলো পড়া হয়। কিন্তু প্রথম আলো পড়ে ইদানীং মনে হয়, দেশে যেন কোনো ভালো কাজ হচ্ছে না। নেতিবাচক খবরে ভরা থাকে পত্রিকাটি। নেতিবাচক খবর কমানো প্রয়োজন।
রুবী আফরোজ: প্রভাষক, আদর্শ ডিগ্রি কলেজ—বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি অনেক সামাজিক কাজ করে প্রথম আলো। শিশু ও কৃষকদের জন্য আলাদা উদ্যোগ নেওয়া উচিত। দেশের অনেক জেলা শহরের শিশুরা ভালো গল্প ও ছড়া লেখে। সুন্দর ছবিও আঁকে। কিন্তু প্রথম আলো ঢাকার দু-চারটি নামকরা স্কুলের শিশুদের লেখা, ছবি ছাড়া দেশের জেলা শহরগুলোর শিক্ষার্থীদের লেখা বা ছবি প্রকাশ করে না।
হারুন-অর-রশিদ: সংস্কৃতিকর্মী ও অভিনেতা—বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরে প্রথম আলো কার্যত সরকারকে সচেতন করে দিচ্ছে। সেই সঙ্গে জনগণের প্রত্যাশাও পূরণ করছে। ইতিহাসখ্যাত দিনাজপুর জেলার ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি বিষয়ে খবর প্রকাশ করা প্রয়োজন।
রবিউল ইসলাম: শিক্ষার্থী, দিনাজপুর সরকারি কলেজ—ঢাকার গুটি কয়েক লেখক ছাড়া সারা দেশের তরুণ লেখকদের লেখা প্রথম আলো ছাপায় না।
বিশ্বজিৎ দাস: সহকারী অধ্যাপক, ঠাকুরগাঁও সরকারি কলেজ, পদার্থবিজ্ঞান বিভাগ—ছুটির দিনে এবং রস+আলোর যথেষ্ট পাঠকপ্রিয়তা থাকলেও পাতা কমিয়ে দেওয়া হয়েছে। প্রথম আলোয় কর্মরত সাংবাদিকেরা ছাড়াও যেকোনো ব্যক্তি যেন সংবাদ পাঠাতে পারেন, এ জন্য প্রথম আলোকে ‘নাগরিক সাংবাদিকতা’ চালু করতে হবে।
মো. আলতাফ হোসাইন: সভাপতি, সিপিবি দিনাজপুর জেলা কমিটি—সারা দিন একাধিক অন্য পত্রিকা পড়লেও প্রথম আলো না পড়লে অতৃপ্তি থেকে যায়। প্রথম আলোয় বাম ঘরানার রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর খবর আরও বেশি করে প্রকাশ করতে হবে।
মো. শাহাদাৎ হোসেন খান: অধ্যাপক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ—প্রথম আলো রাজনৈতিকভাবে একপেশে সংবাদ পরিবেশন করে।
কমলেন্দু রায়: সাধারণ সম্পাদক, বিজ্ঞান চেতনা পরিষদ—দিনাজপুরে বিজ্ঞান মেলা, বিজ্ঞান চর্চার খবর প্রথম আলোয় প্রকাশ করা প্রয়োজন।
মাহমুদা খাতুন: সংস্কৃতিকর্মী—জেলায় অনেক সাংস্কৃতিক সংগঠন বছরজুড়ে অনেক ভালো কাজ করছেন, সেগুলোর খবর প্রকাশ করা উচিত। সরকারি আইন অনুযায়ী একজন শিক্ষক বাড়িতে প্রাইভেট পড়াতে পারেন না, সে আইন ডাক্তারের বেলায় প্রযোজ্য নয় কেন?
আবুল কালাম আজাদ: নেতা, আওয়ামী লীগ—ভূগর্ভে খনিজ পদার্থ তৈরির অন্যতম কারণ ‘ভূমিকম্প’। দিনাজপুরের একজন লেখকের একটি লেখা প্রথম আলোয় পাঠিয়ে অনেক বলার পরও প্রকাশ করা হয়নি। অথচ একই বিষয়ে বিজ্ঞান সাময়িকী নেচার-এ একই বিষয়ে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানীর লেখা অনুবাদ করে প্রথম আলোর বিজ্ঞান সাময়িকীতে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে।
আব্দুল কাইয়ুম: সহযোগী সম্পাদক, প্রথম আলো—প্রথম আলো প্রতিষ্ঠার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। আমরা পাঠকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিই। আরও বেশি বেশি খবর কীভাবে প্রকাশ করা যায়, এ নিয়ে পত্রিকা ভাবছে। ইতিমধ্যে বগুড়া থেকে পত্রিকা প্রকাশ হয়ে রংপুরসহ উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় পাঠকের কাছে ভোরেই পৌঁছে যাচ্ছে।