১৮ জানুয়ারি ২০১৪, এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলোর আয়োজনে ‘কৃষি খাতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

যাঁরা অংশ নিলেন
এম এ মান্নান : প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়
মো. রফিকুল হক : উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
মো. নজরুল ইসলাম খান : সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
সুনীল কান্তি বোস : চেয়ারম্যান, বিটিআরসি
মো. কাজী রফিকুল আলম : সভাপতি, ঢাকা আহসানিয়া মিশন
মোহাম্মদ কায়কোবাদ : অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
এম এ মুবিন খান : ব্যবস্থাপনা পরিচালক, এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লি.
মো. আবদুল করিম : ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ ও সাবেক মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়
নিজাম উদ্দিন আহমেদ : প্রধান নির্বাহী কর্মকর্তা, এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লি.
আহমেদ আল-কবীর : চেয়ারম্যান, রূপালী ব্যাংক
মো. সবুর খান : পরিচালক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
শাইখ সিরাজ : পরিচালক ও বার্তাপ্রধান, চ্যানেল আই
রেজওয়ানুল ইসলাম : পরিচালক, কৃষি তথ্য সার্ভিস
অনিল কুমার দাশ : কর্মসূচি পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
মো. রফিকুল ইসলাম : সহকারী ব্যবস্থাপক, কর্মসূচি, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
মো. আনোয়ারুল হক : কর্মসূচি পরিচালক, কেয়ার বাংলাদেশ
মিফতাউর রহমান : ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, নর্থ সাউথ ইউনিভার্সিটি
সায়েদ আখতার হোসাইন : প্রধান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মো. লুৎফর রহমান : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
মো. সাইফুল ইসলাম : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
মো. মুজিবুর রহমান : ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক বাংলাদেশ লিমিটেড
মাহমুদ হোসাইন : চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও), গ্রামীণফোন
টি আই এম নূরুল কবির : মহাসচিব, অ্যামটব (বেসরকারি মোবাইল ফোন অপারেটরস সংগঠন)
শামিম আহসান : সভাপতি, বেসিস
ওয়াহিদা বানু : নির্বাহী পরিচালক, অপরাজেয় বাংলাদেশ
আলোচনা
আব্দুল কাইয়ুম: দেশের কৃষকেরা কঠোর পরিশ্রম করছেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্নভাবে তাদের কৃষি ক্ষতিগ্রস্ত হয়। এখন হাতে হাতে মানুষের মোবাইল রয়েছে।মোবাইল অ্যাপসের মাধ্যমে চাষিদের কৃষিবিষয়ক তথ্য সরবরাহ করা সম্ভব।যেমনআখচাষিদের আগে অনেক দুর্ভোগ ছিল, এখন তাঁরা মোবাইল ফোনে আখ ভাঙানোর তারিখ জানতে পারেন। ই-কমার্সের মাধ্যমে উৎপাদিত সবজির দাম জানতে পারছেন। এসব কাজে ব্যাংক, মোবাইল কোম্পানিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনা করবেন এম এ মান্নান।
এম এ মান্নান: আজকের আলোচ্য বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি ভূমিকা রাখছে। প্রযুক্তির মাধ্যমে কৃষককে সাহায্য করতে পারলে নিশ্চয়ই কৃষিতে আরও সুফল আসবে। এ ক্ষেত্রে মোবাইলসহ অন্য প্রযুক্তি রয়েছে। সবকিছুকে সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কৃষি উৎপাদন বাড়বে। ফলে আমরা কৃষিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারব।
এম এ মুবিন খান: কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার আজকের আলোচনার মূল বিষয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। কৃষি হচ্ছে দেশের দ্বিতীয় বড় শিল্প। জিডিপির প্রায় ২৩ শতাংশ আসে কৃষি থেকে। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে আরও গতিশীল করতে হবে। দেশে ১৬ কোটি মানুষ। এর মধ্যে ১১ কোটি মানুষ মোবাইল ব্যবহার করে। আধুনিক বিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য জনপ্রিয় হয়ে উঠেছে। থাইল্যান্ডে কল সেন্টার, মোবাইল অ্যাপস ও ওয়েব পেজের সমন্বিত ব্যবহারের মাধ্যমে জিডিপি বেড়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বের ১২০টি দেশে গবেষণা করেছে। তারা দেখেছে কোনো দেশে যদি ১০ শতাংশ মোবাইলের ব্যবহার বাড়ে, তাহলে এক শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাপক সুফল আসতে পারে। এখন এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।
মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা, কৃষি তথ্য ও কৃষি বাজার—এসব বিষয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকের জীবনমানের পরিবর্তন ঘটানো সম্ভব। ভোডা ফোন কোম্পানি বিশ্বের ২৬টি দেশের ওপর একটি গবেষণা করেছে। তারা বলেছে, ২০২০ সালে কৃষিতে আয় বাড়বে ১৩৮ বিলিয়ন ডলার। ভোডা অন্য একটি গবেষণায় বলেছে, সরকার, এনজিও, মোবাইল কোম্পানিসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে কৃষিতে নিশ্চিত ব্যাপক উন্নয়ন হবে।
নিজাম উদ্দিন আহমেদ: আমরা সবাই জানি, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষিতে অনেক সুযোগ আছে। আবার অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে। দেশের মোট শ্রমশক্তির ৫০ থেকে ৬০ শতাংশ কৃষিতে কাজ করছে। ১৬ কোটি মানুষের এ দেশ। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম। আয়তনের দিক থেকে বিশ্বে ৯৪তম। বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। তা সত্ত্বেও আমরা কৃষিতে এগিয়ে যাচ্ছি। এ অবস্থার মধ্যেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার খুব কম। এখনো প্রকৃতির ওপর নির্ভর করতে হয়। কৃষির পর্যাপ্ত তথ্য আছে। কিন্তু কৃষক সে তথ্য ঠিকমতো পাচ্ছেন না। ১৯৭১ সালে খাদ্যের যে উৎপাদন ছিল, আজকে সেটি প্রায় ২৬ গুণ বেড়েছে।
২০৫০ সালে এ দেশের লোকসংখ্যা হবে ৩২ কোটি। সে ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তা না হলে এত লোকের খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ বিভিন্ন সমস্যা দেখা দেবে। তবে আশার কথা হলো, দেশের কৃষি মন্ত্রণালয় খুবই সফল ও দক্ষ। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খাদ্যের জোগানের জন্য প্রতিনিয়ত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
সরকারি-বেসরকারি সবার সমন্বিত উদ্যোগে কৃষিতে একটি বিপ্লব ঘটানো সম্ভব। দিন দিন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। দ্রুত নগরায়ণ হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আবার তথ্যপ্রযুক্তির ব্যবহারও কম। সবাই একসঙ্গে কাজ করলে দ্রুত এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। কৃষকদের জানাতে হবে কখন কোন ফসলের চাষ করতে হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষক জানতে পারবেন তাঁর ফসল ঢাকায় না খুলনায় বিক্রি করবেন।
বিশ্বের সর্বাধিক ১০টি মোবাইল ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। দেশের ৯৭ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করে। গত পাঁচ বছরে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করলে বর্তমান কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এবং দেশের মাটিতে যে কৃষি উৎপাদন করলে লাভবান হওয়া যায় তা জানা যাবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষককে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি জাতিকে উন্নয়নের দ্বারে পৌঁছে দেবে।
মোহাম্মদ কায়কোবাদ: সমাজের অবহেলিত জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছে। এরা হলো তৈরি পোশাকশ্রমিক, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা অর্থ পাঠায় এবং দেশের কৃষক। দেশ স্বাধীনের সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল। অথচ তখন জনসংখ্যা ছিল কম। ভূমির পরিমাণ ছিল বেশি। এখন জনসংখ্যা বেশি। ভূমির পরিমাণ কম। তার পরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে এমন বিপ্লব কারা এনেছে? দেশের কৃষকেরাই এ বিপ্লব এনেছেন। আমাদের মতো মানুষ যারা শিক্ষাসহ বিভিন্ন কাজে জড়িত তারা দেশের জন্য খুব একটা অবদান রাখতে পারিনি। আমাদের পাশের দেশগুলো আমাদের থেকে অনেক বেশি এগিয়েছে। তাদের তুলনায় আমরা পিছিয়ে আছি। আমাদের ভূমির পরিমাণ অনেক কম। এটা পৃথিবীর এক হাজার ভাগের এক ভাগ। জনসংখ্যা এক হাজার ভাগের ২৪ ভাগ। ভূমি খুব যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে।
হাউজিংসহ বিভিন্ন কারণে প্রতিবছর আমাদের ভূমি হারাতে হচ্ছে। গৃহনির্মাণের জন্য এখন বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে দেশের দক্ষিণাঞ্চল প্লাবিত হবে। এসব বিষয় এখনই ভাবতে হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে অনেক মানুষ বেকার হয়। ব্যাংকগুলো যোগ-বিয়োগের মাধ্যমে হিসাব রাখে। পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোয় যোগ-বিয়োগ করে হিসাব রাখে। তাহলে তথ্যের ব্যবহার কোথায়? যথেষ্ট তথ্য রয়েছে। এখান থেকে কৃষক ও আমাদের সবাইকে জানতে হবে।
সায়েদ আখতার হোসাইন: অধিকংশ কৃষক ফোন ব্যবহার করেন। কিন্তু এগুলো স্মার্টফোন না। আমাদের কৃষকদের স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দিতে হবে। দেশের শতকরা ১০ জন কৃষকেরও স্মার্টফোন নেই। এ ফোনে বিভিন্ন ধরনের প্রয়োগ থাকবে। কৃষকেরা এ প্রয়োগগুলো ব্যবহার করে তাঁদের প্রয়োজনীয় তথ্য নিতে পারেন। কৃষকেরা যদি স্মার্টফোন ব্যবহার করে তাঁদের উৎপাদন, বাজারজাত—সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারেন, তাহলে সবার মধ্যে একধরনের সাড়া পড়ে যাবে এবং কৃষি খাতে আরও উন্নয়ন ঘটবে। শাইখ সাহেব ‘কৃষকের ঈদ আনন্দ’ একটি অনুষ্ঠান করেন। স্মার্টফোন আনন্দ নামে একটি অনুষ্ঠান করা যায় কি না, সেটি ভাবতে হবে। এ ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা কৃষকদের জন্য সেটা করতে প্রস্তুত আছি।
টি আই এম নূরুল কবির: দেশের ১১ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। মোবাইল অপারেটররা একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এরা পরিবর্তনের সহায়ক হিসেবে কাজ করছে। থ্রিজি আসার আগে মোবাইল কোম্পানিগুলো দেশে প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। থ্রিজির পর এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। মোবাইল কোম্পানিগুলো সেবার নিয়ামক হিসেবে কাজ করছে। মধ্যস্বত্বভোগীরা কৃষকদের লাভের অধিকাংশই খেয়ে ফেলত। এখন মোবাইলের যুগে সেটা সম্ভব হচ্ছে না। কৃষকেরা নিজেরাই জেনে নিচ্ছেন কোথায় তাঁর পণ্যের দাম বেশি। কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। পরে আরও উন্নতি করবে। তথ্য মন্ত্রণালয় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে কৃষকসহ সাধারণ মানুষকে তথ্য দিচ্ছে। বিনা পয়সায় সেবা দেওয়ার প্রসঙ্গটি এসেছে। সরকার যদি সহযোগিতা করে তাহলে বিনা পয়সায় তথ্য সরবরাহের বিষয়টি ভাবা যেতে পারে।
মো. কাজী রফিকুল আলম: ৬৫ লাখ মানুষের মধ্যে কাজ করি। ২৬টি জেলার গ্রামে গ্রামে আমাদের গণকেন্দ্র আছে। এ রকম গণকেন্দ্রের সংখ্যা ৮৬৫টি। ৪৫টি কমিউনিটি রিসার্চ কেন্দ্র আছে। এসব কেন্দ্রের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রকার কৃষি তথ্য দিয়ে থাকি। আলোকিত বাংলাদেশ নামে আমাদের একটি পত্রিকা আছে। সেখানে সুসংবাদ নামে প্রতিদিন একটি পাতা বের হয়। কৃষকদের সফলতার ঘটনা নিয়ে পাতাটি বের হয়। আমাদের একটি ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা ইউনিট আছে। এখান থেকে হাঁস-মুরগি, গবাদিপশু, ক্ষুদ্র ব্যবসা, কৃষি ভিডিও, বই ইত্যাদির মাধ্যমে সহায়তা দেওয়া হয়। আমাদের একটি হটলাইন আছে। দেশের যেকোনো জায়গা থেকে ফোন করা যায়। হটলাইনের মাধ্যমে কৃষকদের কৃষি তথ্য দিই। বুটিক, ফুলের চাষ, নার্সারি, মুরগি পালন ইত্যাদি চাষের সিডি দিয়ে থাকি। জামালপুরের কৃষকেরা কীভাবে ঢাকায় বেশি দামে ফসল বিক্রি করতে পারেন সে ব্যবস্থা করেছি।
শাইখ সিরাজ: কৃষি সম্প্রসারণ বিভাগ, মাঠপর্যায়ের কর্মকর্তা, নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদান ও রেডিও-টেলিভিশন ইত্যাদির মাধ্যমে কৃষক এত দিন তথ্য পেয়েছেন। মোবাইলে তথ্য পাওয়ার ক্ষেত্রে কৃষকের খরচের দিকটি অবশ্যই বিবেচনা করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকগুলো বাটন চেপে তথ্য পেতে কৃষকের খরচ বেশি হয়। আসলে এ প্রক্রিয়ায় কৃষক সুবিধা পাচ্ছেন না। এখানে সরকারি ও বেসরকারি সবাই মিলে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। কৃষক প্রযুক্তি ব্যবহারে অনেকখানি এগিয়েছেন। সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল নাটুয়ারচরে গেলাম। দেখি দুজন বৃদ্ধ কৃষক মোবাইলে গান লোড করছেন। বললাম, ‘কৃষি তথ্য কেন লোড করেন না।’ বললেন, ‘এ বিষয়ে আমরা জানি না।’ আমার ‘কৃষি বাজেট’ অনুষ্ঠানে কয়েক হাজার কৃষক উপস্থিত থাকেন। এঁদের মধ্যে খুব সামান্য সংখ্যক ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র সম্পর্কে জানেন।
১৩০টি ইউনিয়ন ঘুরেছি। সরকার যাদের প্রশিক্ষণ দিয়েছে সেবা দেওয়ার জন্য তাদের খুব একটা পাইনি। এর কারণ তাদের কোনো বেতন নেই। এখানে স্থায়ী নিয়োগের বিষয়টি ভাবতে হবে। কৃষি খাত থেকে যদি ২৩ শতাংশ জিডিপি আসে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করলে ২০২১ সালে ৫০ শতাংশ হতে পারে। তাহলে কেন তাঁদের বিনা পয়সায় সেবা দেওয়া হবে না? অথবা কৃষিতে বড় রকমের ভর্তুকির ব্যবস্থা করতে হবে। কৃষক প্রচলিত ফসল ছেড়ে বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন। কৃষকের কোন ফসলের জন্য তথ্য দরকার, সেটি বিবেচনা করে অ্যাপস তৈরি করতে হবে।
অনিল কুমার দাশ: এখন সারা পৃথিবী তথ্যপ্রযুক্তির ব্যবহার করছে। প্রচলিত পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। লাঙল, ইউরিয়া, এইচওয়াইভি (উচ্চফলনশীল জাত), বায়োটেক, প্রিসিশন (বাস্তবতানির্ভর) ই-কৃষি এভাবে প্রথম থেকে আমরা ষষ্ঠ জেনারেশনে এসেছি। ধাপে ধাপে কৃষি এগিয়ে যাচ্ছে।
কৃষির অনেক কিছু আমরা জানি না। কৃষির নিয়োজিত ৭৫ শতাংশের ধারণা সারা পৃথিবীতে প্রায় একই রকম। ২০ শতাংশ এগ্রোক্লাইমেটিভ (একই ফসলের বিভিন্ন জায়গায় উৎপাদনের ভিন্নতা), ১০ শতাংশ মাইক্রোক্লাইমেটিভ (একই জমির বিভিন্ন জায়গায় ফসলের ভিন্নতা) ফসলের এমন বিচিত্র আচরণ রয়েছে। এর কিছু আমরা জানি, অনেক কিছু জানি না। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হলো, যেকোনো একটি অ্যাপস (প্রয়োগ) তৈরি করলেই সেটা কৃষকের কাজে আসবে না। কোন সময় কোন জায়গায় কী ধরনের ফসলের জন্য কী ধরনের অ্যাপস প্রয়োজন সেটা নির্ণয় করতে হবে। আমার ২৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছুই দেখেছি। একজন বুয়েট থেকে পাস করলেই তিনি কৃষকের ভাষা বুঝবেন, সেটি বলা যাবে না।
এ জন্য অনেক অ্যাপসের ভাষা আমি নিজেই বুঝি না। কৃষি পরিকল্পনার সময়, চাষের আগে, চাষের সময়, চাষের পর কী ধরনের অ্যাপস লাগবে সেটা ঠিক করতে হবে। এক গ্রাম মাটিতে ১০০ কোটি জীবাণু আছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও কৃষি বিশেষজ্ঞ নিয়ে সমন্বিতভাবে অ্যাপস তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে।