কে সত্য - শেখ হাসিনা, না এরশাদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের দুই শরিকের দুই বক্তব্য। আপাতদৃষ্টিতে অনেক তফাত। কিন্তু সত্যিই কি তাই? প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনবরত বলেই চলেছেন, বিশ্বের অন্যান্য গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে। খাল কেটে কুমির না আনার কথাও বলছেন তিনি। তাঁর কুমির-ভয় বোধগম্য। কিন্তু সংবিধানে ‘কুমির’ ঠেকানোর নতুন বিধান সন্দেহজনক। কেন আইনে আমরা এই ফাঁক রাখলাম? এটা অজ্ঞতা, নাকি অন্যকিছু? আইসিটি আইনে ‘সংগঠন’ শব্দ ঢুকিয়ে জামায়াতকে ভয় দেখানো হয়েছে। কিন্তু তা দিয়ে জামায়াতের বিরুদ্ধে মামলা ঠোকা যাবে না। সেভাবে ‘কুমির’কে ভয় দেখাতে ১৫তম সংশোধনীতে শুধু রাষ্ট্রদ্রোহ ও সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে। কোনো আইন পর্যন্ত করা হয়নি। এখন সাবেক সেনাশাসক এরশাদকে সঙ্গে নিয়ে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেই দেশে ‘কুমির’ আসবে; দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে আসবে না। যদিও তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি গণতন্ত্রবিনাশী, এটা গলাকাটা পাসপোর্ট। কিন্তু তাই বলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীর আশঙ্কা অগ্রহণযোগ্য। আবার এও ঠিক, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারসর্বস্ব অবস্থানও লুটেরা শাসন সূত্রেই গাথা। এরা কেউ সুশাসন না দিতে পারার ব্যর্থতায় লজ্জিত নয়। তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকতে ও বিলোপের পরে সুশাসনের পারদ ওপরে ওঠেনি। 

আর জেনারেল এরশাদ ১ জুন বনানীতে তাঁর দলের কার্যালয়ে বলেছেন, বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে যে, সংসদীয় গণতন্ত্র ব্যর্থ হয়েছে।  সে কারণে তিনি রাষ্ট্রপতিপদ্ধতির সরকারব্যবস্থা চালুর সুপারিশ করেছেন। এমনকি দুই নেত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, রাষ্ট্রপতিপদ্ধতিতে নির্বাচন হলে তাঁর দলই সরকার গঠন করবে। বাংলাদেশে রাষ্ট্রপতিপদ্ধতির প্রবর্তক হিসেবে তিনি বঙ্গবন্ধু এবং তাঁর সমর্থক হিসেবে জিয়াউর রহমান ও নিজের নামও সন্তুষ্টিভরে উল্লেখ করেন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের বর্তমান শাসনপদ্ধতি কোনোকালেই আদর্শস্থানীয় সংসদীয় কিংবা রাষ্ট্রপতিপদ্ধতির ছিল না। বাহাত্তরে যতখানি আদর্শ ছিল, তা আওয়ামী লীগই বাকশাল করে বিসর্জন দিয়েছিল।

কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার হলে ড. কামাল হোসেনের লেখা বাংলাদেশ: স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে বইয়ের ওপর আলোচনা হয়। এতে অধ্যাপক আনিসুজ্জামান সভাপতি ও কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। দুই আলোচকের একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী হারুন-অর-রশিদ ও অন্যজন বর্তমান লেখক। পাকিস্তান থেকে ফেরার পথে বিমানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সরকারপদ্ধতি নিয়ে ড. কামালের সঙ্গে আলোচনা করেন। বঙ্গবন্ধুর প্রশ্নের জবাবে তিনি সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা চালুর পক্ষে মত দেন। বঙ্গবন্ধু তখন তাঁকে বলেন যে, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী রেখে তিনি রাষ্ট্রপতিই থেকে যাবেন কি না। ‘আমি বললাম, তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে পাকিস্তানি সমস্যার পুনরাবৃত্তি ঘটবে। জিন্নাহ গভর্নর জেনারেল হয়েও বাস্তবে প্রধান নির্বাহীর ক্ষমতা প্রয়োগ করেছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তরকে ঠুঁটো জগন্নাথ বানিয়েছিলেন। যদি সংসদীয় সরকার কার্যকর করা যায়, তাহলে তেমন পরিস্থিতি এড়ানো যাবে।’ (পৃ. ১৩৬)। বাংলাদেশে ‘তেমন পরিস্থিতি’ এড়ানো গেছে কি? ওই আলোচনায় বর্তমান লেখকের যুক্তি ছিল: ‘একজন তরুণ কামাল হোসেন কেন সেদিন সংসদীয় ব্যবস্থার কথা বলেছিলেন? এটা অনুমান করতে কষ্ট হয় না যে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসনের প্রাণ লুকিয়ে ছিল ব্যক্তিকেন্দ্রিকতায়। সমষ্টির চিন্তার প্রতি শাসকের কোনো ভ্রুক্ষেপ ছিল না। রাষ্ট্রপতি তথা প্রধান সামরিক আইন প্রশাসক তথা ব্যক্তির প্রাধান্য ছিল সবার ওপরে। কিন্তু কামাল হোসেন কিংবা আওয়ামী লীগের অন্য কোনো নেতা এই যুক্তি দিতে পারবেন না যে, রাষ্ট্রপতি কিংবা সংসদীয়—কেবল পদ্ধতির গুণে এর ভালোমন্দ বিচার করা চলে।’ রাষ্ট্রপতিপদ্ধতি-নির্ভর যুক্তরাষ্ট্রের সেরা গণতন্ত্র বিশ্ব দেখছে। আবার সংসদীয় পদ্ধতির শ্রেষ্ঠতম নিদর্শন তৈরি করেছে ব্রিটেন। সুতরাং তোতা পাখির মতো সংসদীয় পদ্ধতির গুণকীর্তনের কোনো যুক্তি নেই। বর্ণ, গোত্র কিংবা কোনো নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে শাসনপদ্ধতি বেছে নেওয়ার আদৌ কোনো সম্পর্ক বা যোগসূত্র নেই। আমার বিবেচনায় সংসদীয় গণতন্ত্র মানেই যেহেতু ব্যক্তির অপাঙেক্তয় বা নিষপ্রভ অবস্থান, তাই আওয়ামী লীগ ছয় দফা থেকেই মন্ত্র হিসেবে সংসদীয় গণতন্ত্র বেছে নিয়েছিল। কেউ নিশ্চয় বলবেন না যে, জিন্নাহর পদবি যদি গোড়াতেই প্রধানমন্ত্রী হতো, তাহলে পাকিস্তানি রাষ্ট্র ও গণতন্ত্র বেঁচে যেত।  

সম্প্রতি একজন বিজ্ঞ আইনবিদের সঙ্গে আলোচনা হলো। তিনি যুক্তি দিলেন যে, বাংলাদেশ সংবিধানের আওতায় কোনো ব্যক্তি যদি দাবি করেন যে, তাঁর হাতেই সব ক্ষমতা; তাহলে প্রজাতন্ত্র বা রিপাবলিকের অস্তিত্ব থাকে না। তাই সংবিধানের ৫৫ অনুচ্ছেদ, যেখানে লেখা আছে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত থাকবে, সেটা পড়তে হবে ৭ অনুচ্ছেদের আলোকে। ৭ অনুচ্ছেদে লেখা প্রজাতন্ত্রের মালিক জনগণ। তিনি আরও বললেন, ব্রিটিশ আইনের কোথাও প্রধানমন্ত্রী শব্দটি নেই। কারণ, এই পদটিকে কেবলই ‘ফার্স্ট এমাং দ্য ইকোয়েলস’ হিসেবে দেখা হয়ে থাকে। বিএনপি স্যার স্টিফেন নিনিয়ানকে বলেছিল, খালেদা জিয়া সরে দাঁড়াবেন। দলের অন্য কেউ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হবেন। সৈয়দ আশরাফুল ইসলামও এখন বলেছেন, শেখ হাসিনা ছাড়াও দলে প্রধানমন্ত্রীর ভার নেওয়ার অন্য লোক আছে। আমরা এই  তথাকথিত ‘ইক্যুয়ালস’ বা সমান যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নামগুলো জানতে চাই। তাঁরা কারা, কী করে কী শর্তে কবে থেকে দলের অভ্যন্তরে কী কারণে ‘ইক্যুয়ালস’ হিসেবে গণ্য হচ্ছেন, তা জাতি জানতে পারলে দারুণ পুলকিত বোধ করতে পারে। এমনকি এই নামগুলো হতে পারে রাষ্ট্রবিদ্যার বিরাট আকর্ষণ। টিআইবি ইদানীং সংসদে একটানা অনুপস্থিতি ৯০ থেকে ৩০ দিন ও ফ্লোর ক্রসিং-সংক্রান্ত ৭০ অনুচ্ছেদ সংশোধনে সুপারিশ রাখছে। উত্তম কথা। পারলে তারা বলুক, দল ও সরকারপ্রধান একজন হতে পারবেন না।  

সংসদীয় বা রাষ্ট্রপতিপদ্ধতির গণতন্ত্র মূলত দলীয় গণতন্ত্রের ওপর টিকে থাকে। ব্যালটের রায়ে বেঁচে থাকে। রাষ্ট্রপতিপদ্ধতির যুক্তরাষ্ট্রে দল, সিনেট ও কংগ্রেসের প্রতিটি পরতে এত বেশি ব্যালটের ব্যবহার ঘটে, যা সংসদীয় গণতন্ত্রেও দেখা যায় না। আর বাংলাদেশে দলগুলোর গণতন্ত্র টিকে থাকে ব্যালটে নয়, পকেটে পকেটে। 

বিশ্বের কোন দেশে সংসদীয় গণতন্ত্রে এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে ও দলের প্রধান এবং সংসদীয় দলের প্রধান এক ব্যক্তি হন? কোন দেশের সাধারণ নির্বাচনে একসঙ্গে ৩০০ বোবা সাংসদ নির্বাচিত হন? কোন দেশের সংবিধানপ্রণেতারা   দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জাতীয় সংবিধানে ৭০ অনুচ্ছেদের মতো উর্বর সৃষ্টি কল্পনা করেছেন? কোন দেশের দল ও সরকারপ্রধানের হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব আঠার মতো লেগে থাকে? এর সবগুলোর প্রশ্নের উত্তর যদি বাংলাদেশ হয়, আর সেই দেশে যদি অন্যান্য গণতন্ত্রের মতো নির্বাচন করার দোহাই দেওয়া হয়, তাহলে তা প্রহসন মনে হয় কি না? সংসদীয় বা রাষ্ট্রপতি পদ্ধতির গণতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও রেওয়াজগুলো বাংলাদেশে সম্পূর্ণ কিংবা বহুলাংশে অনুপস্থিত। তবে হ্যাঁ, এর অনেক কিছুই শাসকশ্রেণী ও তাদের স্তাবক বুদ্ধিজীবীদের লেখা ও টক শোর মোসাহেবির মধ্যে খুবই জীবন্ত।

সাবেক স্বৈরশাসক এরশাদ তাঁর উত্তরসূরি স্বৈরশাসকদের তুলনা করে বলতে পারছেন, তিনি আর তত মন্দ কি ছিলেন? তিনি দুজন প্রধান বিচারপতিকে অপসারণ করলেও তাঁর ‘নির্বাচিত আমলে’ বিচারপতি নিয়োগ নিয়ে পাইকারি কেলেঙ্কারি ঘটেনি। বিরোধী দল একটানা এত  জোরে আর্তনাদ করেনি। কিংবা গণমাধ্যমে ‘জুডিশিয়াল টেররিজম’ কথাটি শিরোনাম হয়নি। দ্বাদশ সংশোধনী পাসের সময় খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে ফিরতে উৎসাহী ছিলেন না বলে প্রচার আছে। আওয়ামী লীগ কৃতিত্ব দাবি করেছিল যে, তাদের চাপের ফলেই বিএনপি নতি স্বীকার করেছিল। গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীরা সংসদীয় গণতন্ত্রে ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়ে গুণকীর্তন করেছেন। সবই আজ গরল ও ভেলকি মনে হয়। 

দলীয় প্রধান ও সরকারপ্রধান পদে এক ব্যক্তি থাকাটাই বাংলাদেশের গণতন্ত্রের অনুশীলনের জন্য সবচেয়ে বড় হুমকি। আর এটা রাষ্ট্রপতিপদ্ধতির লেবাসে সম্ভব ছিল না। সংসদীয় লেবাস বাস্তবে গণতন্ত্রের নয়, গোষ্ঠীতন্ত্রের ও কতিপয়তন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। এই গোত্রতন্ত্রের গর্ভে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার জন্ম ও বিকাশ। প্রায় সব মানদণ্ডে বাংলাদেশে যা চলছে তা বিশ্বের ‘অন্যান্য গণতন্ত্রে’ নেই। আদর্শ গণতন্ত্র ছাড়া ‘সদাশয় স্বৈরশাসন’ দিয়েও অর্থনৈতিক মুক্তির নজির বিশ্বে আছে। আমাদের তাও নেই। সুতরাং বাংলাদেশের জন্য দরকার বাংলাদেশি সমাধান। শেখ হাসিনা ও এরশাদের দাবি চূড়ান্ত অর্থে অচল। তবে গোত্রতন্ত্র ভেঙে দিতে রাষ্ট্রপতিপদ্ধতি একটি ক্রান্তিকালীন পথ হতে পারে কি না, সেটা সম্ভবত তুড়ি মেরে উড়িয়ে দেওয়া চলে না।

মিজানুর রহমান খান: সাংবাদিক।