কেঁদো না প্রিয় মাতৃভূমি মাটিরাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মভূমি থেকে বিতাড়নের সব আয়োজন এখনো বহাল রয়েছে
জন্মভূমি থেকে বিতাড়নের সব আয়োজন এখনো বহাল রয়েছে

প্রথম আলোয় দুই দিন আগে একটি হূদয়স্পর্শী ছবি ছাপা হয়েছে প্রথম পাতায়। ছবিটির সঙ্গে একাত্তরে আমার শরণার্থী শিশুজীবনের মিল রয়েছে। আমি ভোরবেলা স্তম্ভিত হয়ে ছবিটি দেখি। ছেলেবেলার উদ্বাস্তু জীবনের করুণ ছবি চোখের সামনে ভেসে ওঠে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে বাবা-মা-ভাই-বোন-স্বজনের সঙ্গে বিকেলবেলা মেঘালয়ের একটি স্কুলঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। সীমান্ত পেরোনোর পর মা ও অন্য স্বজনেরা হু হু করে কাঁদছিলেন ফেলে আসা জন্মভূমির দিকে তাকিয়ে। হাত বাড়ালেই জন্মভূমি গ্রাম। কত স্মৃতি সেখানে। তাকালেই বুগাই নদী, একটু দূরে মেননেং নদী। অথচ ছেড়ে আসতে হয়েছে। আজ জন্মভূমি কত ভয়ংকর। তার শাসকেরা আরও ভয়ংকর। তখন প্রাণ বাঁচানোর জন্য সীমান্তের পারে এসে বুকফাটা কান্না মা ও স্বজনদের। তারপর ধীরে ধীরে আত্মীয়স্বজনের অনেকের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আর স্বাধীন দেশে আশা ও স্বপ্ন নিয়ে ফিরে আসার আনন্দ। সেই স্বাধীনতার ৪২ বছর পর একই ছবি দেখলাম মাটিরাঙ্গায় ফেনী নদীর তীরে।
ভয়ার্ত কিছু আদিবাসী নারী-পুরুষ-শিশু জন্মভূমি ছেড়ে ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে আছেন বিএসএফের কিছু সদস্য। নদীর এপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আক্রান্ত পাহাড়ি মানুষদের দেশে ফেরার আহ্বান জানাচ্ছেন। অবশেষে জানলাম, সরকারের আশ্বাসে ওরা ফিরে এসেছে দেশে। আমরা কী করে আস্থা রাখব যে এমন আক্রমণ আর হবে না পাহাড়ে। জন্মভূমি থেকে বিতাড়নের সব আয়োজন তো এখনো বহাল।
একটি সাধারণ বা বড় ধরনের গুজব রটিয়ে গ্রামের পর গ্রাম আদিবাসীদের ছারখার করে দেওয়া যায় কত সহজে। কত সহজে আদিবাসীদের সব সম্পদ লুটে নেওয়া যায়। এই অবস্থায় কার কাছে আদিবাসী মানুষ আশ্রয় চাইবে? ফেনী নদীর এপার আর ওপারের মধ্যে কত ফারাক? একজন ত্রিপুরা হয়ে না জন্মালে এই পার্থক্য ও ফারাক অনুভব করা সহজ নয়। জেমস ক্যামেরনের অ্যাভাটার ফিল্মের স্কাই পিপল ও ওমাতিকায়া ন্যাটিভ পিপলের চিন্তা যেমন একেবারে বিপরীত—এক পক্ষ আক্রমণ করে, আর অন্য পক্ষ বাঁচার জন্য লড়াই করে। দেশের নাগরিকদের ফেনী নদীর ওপারে আশ্রয় গ্রহণ আমাদের রাষ্ট্রকে লজ্জিত করে না। উদ্ধত রাষ্ট্র একটুও মানবিক ও অবনত হয় না।
এটি সত্যি যে সিএইচটি কমিশন এবং অন্যান্য মানবাধিকার সংগঠন এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। তারা আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ফিরে আসা শরণার্থীদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। কিন্তু যে হূদয় ভেঙে গেছে এবং বারবার ভেঙে যাচ্ছে, যেখানে আস্থার সংকট দ্রুত ঘনীভূত হচ্ছে, আর একশ্রেণীর মানুষ সাম্প্রদায়িক উল্লাসে একই দেশের সংখ্যালঘু নাগরিকদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, যেখানে প্রশাসন দায়িত্বহীন অথবা ব্যর্থ, সেখানে এক অন্ধকার অনিশ্চিত ভবিষ্যৎ ছাড়া আদিবাসী জীবনে আর কী আছে?
একটি গান শুনেছিলাম। গায়ক গানের কথায় রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করছেন, ‘হে রাষ্ট্রপ্রধান, আসুন, একদিন একসাথে পথে হাঁটতে নামি, ধরে নেই আমরা দুজন শুধুই দুজন নাগরিক, তুমি আমার চেয়ে বড় কিছু নও, তাই আশ্রয়হীন রাস্তার শিশুকে দেখে তুমি কি কিছু অনুভব করো? রাতে ঘুমানোর আগে তুমি কার জন্য প্রার্থনা করো, আয়নায় নিজের ছবি দেখে তুমি কি গর্বিত হও? হে রাষ্ট্রপ্রধান, তুমি বড় একা, অসংখ্য মানুষকে চোখের জলে ভাসিয়ে তুমি কী করে ঘুমাও?’
রাষ্ট্রপ্রধানের কথা না-হয় গানে আছে। কিন্তু ১৬ কোটি মানুষের এই বিশাল ভিড়ে মাটিরাঙ্গার তাইন্দং আদিবাসী গ্রামে যে তাণ্ডব হয়ে গেল এবং সেই তাণ্ডব থেকে বাঁচতে শত শত পাহাড়ি মানুষ আশ্রয় নিল ফেনী নদী পেরিয়ে অন্য দেশে, তাদের ছবি প্রথম পাতায় ছাপা হলো, তবু সারা শহর ঘুমিয়ে আছে। কী দুঃখ, পাহাড়ের অসংখ্য মানুষের হাহাকার নাগরিকদের হূদয় আর স্পর্শ করে না। দেশে এত টিভি মিডিয়া চ্যানেল, কেউ এ নিয়ে কোনো কথা বলে না। এখানে তাই পাহাড়ি মানুষের কেঁদে কী কবে? তাই কেঁদো না তাইন্দং, কেঁদো না মাটিরাঙ্গা। হয়তো কোনো একদিন প্রকৃত মানুষেরা জেগে উঠবে। তখন এই কান্না থেমে যাবে। ফেনী নদীর এপার আর ওপার সমান নিরাপদ হবে সবার জন্য।
স্বাধীন দেশের নাগরিক হয়েও আদিবাসী পাহাড়ি হওয়ার কারণে আর কতবার দেশান্তর হতে হবে? এই প্রশ্নের উত্তর কি জাতীয় মানবাধিকার কমিশন দেবে?
সঞ্জীব দ্রং: কলাম লেখক ও আদিবাসী সংগঠক।
[email protected]