
যেমন ভাবা হয়েছিল, তেমন করেই বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিএনপি ও ছোট ছোট দল মিলিয়ে এর ১৮-দলীয় জোটের বয়কট, ব্যাপক সহিংসতা, জীবন ও সম্পদের ধ্বংস এবং আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের লগ্নে ৩০ জনের মতো মানুষের প্রাণহানি ঘটেছে। ভোটের দিন ভোট বর্জনকারী দলগুলোর কর্মী ও সমর্থকেরা ভোটকেন্দ্রগুলো জ্বালিয়ে বেড়িয়েছে। নির্বাচন কমিশন বলেছে, ভোটার উপস্থিতির হার ৪০ শতাংশ। এই সংখ্যাকে তীব্রভাবে খণ্ডন করেছে বিরোধীরা। তারা বড়জোর এর চার ভাগের এক ভাগ ভোট পড়েছে বলে দাবি করেছে। কোনোভাবেই এটা ২০০৮ সালের নির্বাচনে গৃহীত শতকরা প্রায় ৮০ ভাগ ভোটের—বাংলাদেশের সর্বোচ্চ—কাছাকাছি নয়, যা শেখ হাসিনাকে দিয়েছিল ভূমিধস বিজয়। এবার আওয়ামী লীগ, এমনকি নির্বাচনের আগেই একটি ভোট পড়ার আগেই বিজয় নিশ্চিত করেছে; বয়কটের কারণে অর্ধেক আসনেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। বাকি আসনগুলোয় দলটির প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরই অসন্তুষ্ট সদস্যরা। আওয়ামী লীগ এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের ফল নিয়ে সন্তুষ্ট হয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রতিবাদকারীদের ‘লৌহহস্তে’ দমন করতে বলেছেন। কিন্তু তাঁর জানা উচিত, এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সহজেই দূর হবে না। যে দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ সামাজিক সূচক অর্জনে কঠিন পরিশ্রম করেছে—বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও অপুষ্টি, নবজাতক ও মাতৃমৃত্যুর হার এবং লিঙ্গবৈষম্য কমানোয় ভারতের থেকেও এগিয়ে—এ ধরনের অন্তহীন রাজনৈতিক ও সামাজিক সংঘাত কেবল গত কয়েক বছরের অর্জনকে দুর্বলই করে দিতে পারে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রসহ অন্যদের পক্ষ থেকে বিরোধীদের সঙ্গে সংলাপ ও নতুন নির্বাচনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি ঘোষণা করেছেন, বিরোধীদের সঙ্গে সংলাপ হতে পারে তখনই, যখন তারা ‘সহিংসতা ও সন্ত্রাস’ বন্ধ করবে এবং নিষিদ্ধঘোষিত (রাজনৈতিক দল হিসেবে অনিবন্ধিত—অনুবাদক) জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধতা ছিন্ন করবে। কিন্তু রাজনৈতিক নৈরাজ্য বন্ধ না হলে মধ্যবর্তী নির্বাচন দরকারি হয়ে পড়বে। আওয়ামী লীগের বোঝার সময় এখনই যে ইসলাম পন্থার বিরুদ্ধে তাদের যুদ্ধ ভালো যুদ্ধ হলেও জাতিকে রাজনৈতিকভাবে বিভক্ত করে এতে জয়ী হওয়া যাবে না। এর জন্য উভয় পক্ষকেই লাগবে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও রাজনৈতিক মতপার্থক্য জানতে সারা দেশকে সহিংসতা ও দুর্বৃত্তপনার হাতে জিম্মির চেয়ে ভালো বিকল্প উদ্ভাবন করতে হবে। ইসলাম পন্থার সঙ্গে তাঁর ছেলেখেলার বিষয়ে তিনি পাকিস্তানের উদাহরণ দেখতে পারেন যে ধর্মীয় চরম পন্থার সঙ্গে সুবিধাবাদী জোটবদ্ধতা একটা দেশের কী পরিণতি ঘটাতে পারে। নিবাচন এক ‘সাংবিধানিক বাধ্যবাধকতা’, যা শেখ হাসিনা পূরণ করেছেন বলে বর্ণনা করে নয়াদিল্লি যে সূক্ষ্ম ঝোঁক দেখিয়েছে, তা কোনোই কাজে আসবে না। বাস্তবে তারা বরং দলীয়ভাবে পক্ষপাতী বলেই দৃশ্যমান হবে। ভারত যদি বাংলাদেশের প্রগতিশীল ও উদারমনা শক্তিকে সত্যিই সাহায্য করতে চায়, তাহলে আওয়ামী লীগের সঙ্গে তার উষ্ণ বন্ধনকে অচলাবস্থা কাটানোর কাজে লাগানোই উচিত হবে।
দ্য হিন্দু, ৯ জানুয়ারি ২০১৪