
এই লেখা যখন ছাপা হবে, তত দিনে অরবিন্দ কেজরিওয়ালের নামের আগে আনুষ্ঠানিকভাবে ‘মুখ্যমন্ত্রী’ শব্দটি বসানোর অধিকার আমরা পেয়ে যাব। এটুকু ছাড়া দিল্লির নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আর তেমন কোনো সাসপেন্স অথবা চমক অবশিষ্ট নেই। অবশিষ্ট যা কিছু, তা আগামী দিনের জল্পনাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। যেমন কংগ্রেস কত দিন কেজরিওয়ালদের সমর্থন জুগিয়ে যাবে অথবা কংগ্রেসের সমর্থন নিয়ে সরকারে এসে আম আদমি পার্টি কংগ্রেসের ১৫ বছরের ‘বেআইনি’ কীর্তিকলাপের তদন্ত করার প্রতিশ্রুতি পালন করতে পারবে কি না, কিংবা ভোটে জিততে দিল্লিবাসীর হাতে চাঁদ তুলে দেওয়ার যেসব গালভরা প্রতিশ্রুতি তাঁরা শুনিয়ে এসেছেন, সেগুলো পাইয়ে দেওয়া তাঁদের পক্ষে আদৌ সম্ভব হবে কি না—এসব নিয়েই রাজধানী আপাতত সরগরম। দেশের এমন কোনো সংবাদপত্র বা প্রচারমাধ্যম নেই, যেখানে এই অবিশ্বাস্য রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে না।
আম আদমি পার্টি স্বপ্ন ফেরি করতে নেমেছিল। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি বীতশ্রদ্ধ রাজধানীর সাধারণ মানুষ স্বপ্নের সেই ফেরিওয়ালায় মজে এক কাল্পনিক রামরাজ্যের প্রতিষ্ঠায় আপাতত মোহিত হয়ে রয়েছে। সরকার গঠনের মধ্য দিয়ে একটা অধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরুর অপেক্ষায় দ্বিতীয় অধ্যায়।
লাউগাছের লকলকিয়ে উঠতে সব সময়ই মাচানের ঠেকনার প্রয়োজন। নইলে কী হয়, কারও তা অজানা নয়। দলে মতভেদ থাকলেও অরবিন্দ কেজরিওয়ালকে সেই ঠেকনার নির্ভরতা কংগ্রেস আগ বাড়িয়ে দিয়েছে। কেন দিল? একটা কারণ নরেন্দ্র মোদির নেতৃত্বধীন বিজেপির বাড়বাড়ন্তে ব্রেক কষা। অন্য কারণ রাজনীতির আঁতুড়ঘরের এই নবজাতকটিকে মোক্ষম রাজনৈতিক শিক্ষা দেওয়া, যাতে তারা স্বপ্নপূরণে ব্যর্থ হয়ে কত ধানে কত চাল, সেটা অতি দ্রুত বুঝতে পারে। মোক্ষম কারণটি সম্ভবত টিম কেজরিওয়ালকে ক্ষমতার অলিন্দে টেনে এনে অচিরেই লোভী করে তুলে গোটা দলকে সততা ও নীতির উচ্চ সোপান থেকে মাটিতে আছড়ে ফেলা, যাতে ‘আমরা অন্য রকমের’ ঘোষণাটি খানখান হয়ে ভেঙে পড়ে মুড়ি ও মুড়কি একাকার হয়ে যায়। চূড়ান্ত আশা জাগিয়ে হতাশার চোরাবালিতে ডুবে যাওয়ার উদাহরণ এ দেশে কম একটা নেই। আসামের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্ত এখন বিস্মৃতপ্রায়। অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু খড়কুটো ধরে ভেসে থাকার লড়াই চালাচ্ছেন। ‘সততার প্রতীক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এখনো উঁচুই, যদিও সফেদ ক্যানভাসে দুর্নীতির ছিটে তাঁকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে। সরকার গঠনের পর আম আদমি পার্টির হাল কী হবে বা হতে পারে, আপাতত তা নিয়ে গবেষণা ও বাজি ধরা অব্যাহত। আমি ভবিষ্যদ্বাণীতে আগ্রহী নই। শুধু কিছু বাস্তব সমস্যা নিয়ে নাড়াচাড়া করার লোভ সামলাতে পারছি না।
কিন্তু তার আগে একটু দেখা দরকার, কেজরিওয়ালদের দিল্লির মানুষ কেন তাদের সমর্থন এভাবে উজাড় করে দিয়েছে। সাধারণ গরিব মানুষ সমর্থন করেছে মাত্রাছাড়া মূল্য বৃদ্ধি ও সেই বিষয়ে সরকারের কিছুই প্রায় না করার দরুন। তারা বিদ্যুৎ ও পানীয় জলের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত। বাস-অটোরিকশার ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে, তাতে সাধারণ মানুষের কোথাও যাওয়া-আসা মানে দুই দিনের বেতন খরচ করে ফেলা। যেসব মানুষের কোনো মুরব্বি নেই, ঘুষ ছাড়া সরকারি কাজ আদায় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। অথচ কোথাও কোনো প্রতিবাদ দেখা যায়নি। একটা আন্দোলনও কেউ গড়ে তোলার আগ্রহ দেখায়নি। আন্না হাজারে যখন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, কিছু একটা সুরাহা হবে—এই আশায় এই মানুষই তখন ভিড় জমিয়েছে। আম আদমি পার্টিকে সমর্থন করেছে প্রতিকারের আশায়।
শিক্ষিত মধ্যবিত্ত মানুষজনের মধ্যে মূল্যবোধের স্থান এখনো নেই নেই করেও অনেকটাই রয়ে গেছে। এএপি ক্ষমতায় এলে ক্ষয়িষ্ণু সেই মূল্যবোধ রক্ষিত হবে—এমন একটা ধারণা এই মানুষজনকে তাড়িত করেছে। যুব সম্প্রদায়ের ঢালাও সমর্থন এএপি পেয়েছে এই কারণে যে, এদের মধ্যে বিপ্লবের একটা বীজ সব দেশে সব সময়েই সাপের মতো কুণ্ডলী পাকিয়ে থাকে। কেজরিওয়ালেরা পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে সেই সাপটিকে দিয়ে ফোঁস করিয়েছেন।
সিনিয়র সিটিজেন যাঁরা সরকারের উদাসীনতায় হতাশ ও ক্ষুব্ধ হয়েও প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিলেন, তাঁরা দেখলেন, এই একটা সুযোগ, যেখানে এই জীবনেই ‘পোয়েটিক জাস্টিস’ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমর্থন শুধু নয়, তাঁরা সক্রিয়ভাবে যোগ দিলেন পরিবর্তনের প্রবল তাগিদে। গত ৩৯ বছরে এ দেশের সব নতুন রাজনৈতিক দলই হয় জাত, নয় ধর্ম, নতুবা আঞ্চলিকতাকে প্রচ্ছন্ন বা প্রত্যক্ষভাবে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে। এ দেশের রাজনীতিও হয়ে আসছে সেই ঢঙেই। এই প্রথম গরিব-বড়লোক, শিক্ষিত-অশিক্ষিত, বস্তি-অট্টালিকা, নাক উঁচু-নাক নিচু মানুষ জাত-ধর্ম-বর্ণ ভুলে একাকার হয়ে গেল প্রতিকারের আশায়। টিম কেজরিওয়ালের প্রাথমিক জয় এবং প্রচলিত রাজনীতির প্রাথমিক পরাজয় এখানেই।
কেজরিওয়ালদের এই মুহূর্তের বাস্তব সমস্যা তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতি। নয় মাস ধরে তাঁরা দিল্লির বিদ্যুতের বিল ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা শুনিয়ে এসেছেন। এই প্রতিশ্রুতিতে বেহাল বিজেপিও বিদ্যুতের বিল ৩০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দেয়। প্রশ্ন হলো, তা কতটা সম্ভব। এটা ঠিক যে বিদ্যুতের বেসরকারীকরণের পর প্রতি মাসের বিল গৃহস্থের স্নায়ুর ওপর চাপ বাড়িয়েছে। কিন্তু এটাও ঠিক যে ৫০ শতাংশ বিলে ছাড় দেওয়ার অর্থ বছরে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া। দিল্লির সরকারের পক্ষে তা কি সম্ভব? বিদ্যুতে যতটা কারচুপির অভিযোগ করা হয়, ততটা কি সত্যিই হয়? দ্বিতীয় প্রতিশ্রুতি, পরিবারপ্রতি দিনে ৭০০ লিটার পানীয় জল বিনা পয়সায় সরবরাহ করা। বিনা পয়সায় কোনো ধরনের পরিষেবার পক্ষপাতী আমি নই। কারণ, তাতে অপচয় বেশি হয়, দেশের সম্পদের প্রতি মানুষকেও দায়িত্ববান করে তোলা যায় না। কিন্তু কেজরিওয়ালের দর্শন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। বিনা পয়সায় পানীয় জল দেব। জল নিয়ে ব্যবসা হবে না। ফলে দিল্লি জল বোর্ড বছরে যে ৫০০ কোটি টাকা মুনাফা করছে, তা মানুষকে ফিরিয়ে দিতে হবে। জল নিয়ে দিল্লিতে যে দুর্নীতি চলে আসছে, জমি নিয়ে যে দুর্নীতি চলছে, বিদ্যুৎ নিয়েও, যেসব মাফিয়া গোষ্ঠী রাজধানীতে পুলিশ ও সরকারি বাবুদের দিয়েথুয়ে করেকম্মে খাচ্ছে, সেই সব ঘুঘুর বাসা ভাঙার প্রতিশ্রুতি পালন করা আদৌ সম্ভব হবে কি? তা না করতে পারলে কাদের মোহভঙ্গ হবে? কাদের আশাভঙ্গ হবে? আম আদমিরই তো? তাতে কে অসফল প্রতিপন্ন হবেন? টিম কেজরিওয়াল।
আরও আছে। এএপির প্রতিশ্রুতি দিল্লিতে ৫০০টি সরকারি স্কুল তৈরির। আরও বেশি সরকারি হাসপাতাল খোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যেগুলোতে উচ্চমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। মুশকিল হলো, এসব করতে গেলে জমি দরকার, আর দিল্লির জমির মালিক দিল্লি সরকার নয়, কেন্দ্রীয় সরকার। অন্যদিকে পরিষেবা দিতে গেলে তাঁদের নির্ভর করতে হবে পুরসভার ওপর, যেগুলোর প্রতিটিই বিজেপির দখলে। অর্থাৎ প্রতি পদে হয় কেন্দ্রের কংগ্রেস সরকার, নতুবা পুরসভার বিজেপির বোর্ডের মুখ চেয়ে থাকতে হবে টিম কেজরিওয়ালকে। এবার পরিস্থিতিটা ভেবে দেখুন। কেজরিওয়াল কংগ্রেসের আমলের দুর্নীতিগ্রস্তদের তিহার জেলে পাঠাবেন বলে হুংকার ছেড়েছেন, আর তাঁকে সমর্থন দেবে কংগ্রেস? বিজেপির বাপবাপান্ত করবেন আর তারা মুখ বুজে তাঁকে প্রতিশ্রুতি পালন করতে দেবে? তা তো হয় না? তাহলে কোন ভরসায় কেজরিওয়াল সরকার গড়লেন? কোন অঙ্ক তাঁর?
অঙ্কটা খুবই সহজ। কেজরিওয়ালের সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালনে এগিয়ে যাবে। কংগ্রেস বাধা দিলে সরকারের পতন অবধারিত। সেই অবস্থায় তাঁরা ফের মানুষের কাছে গিয়ে বলতে পারবেন, এবার আমাদের আরও বেশি ভোট দিন, যাতে কারও সাহায্য ছাড়াই আমরা সরকার গড়তে পারি। পাশাপাশি কংগ্রেস ও বিজেপি বলতে পারবে, রাজনীতি হলো কঠিন বাস্তব। সেখানে আবেগ ও রোমান্টিসিজমের কোনো স্থান নেই।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দুর্নীতির জাল যেভাবে ছড়িয়ে পড়েছে, দুর্নীতি যেভাবে রাজনীতিকে গ্রাস করে ফেলেছে, সেই গুমোট প্রাণান্তকর আবহে আম আদমি পার্টি নির্মল একঝলক বাতাস। হতাশার অতল থেকে আশার একটা নতুন আলো তারা দেখাতে পেরেছে। এই আলো নিভিয়ে দিতে তারাই প্রবলভাবে এগোবে, যাদের মৌরসি-পাট্টায় ঘা দিয়েছেন টিম কেজরিওয়াল। সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমকে বদলাতে চেয়ে আন্না হাজারের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়ালেরা। আপাতত তাঁরা হিরো। শেষ পর্যন্ত কপালে কী লেখা আছে, তা ক্রমে প্রকাশ্য। এই মুহূর্তে প্রথামাফিক থোড় বড়ি খাড়ার রাজনীতিতে হাঁসফাঁস করা দক্ষিণ এশিয়ার মানুষ দিল্লির এই সামাজিক-রাজনৈতিক বিপ্লবের দিকেই অসীম ভরসায় তাকিয়ে রয়েছে। কে বলতে পারে, টিম কেজরিওয়াল সফল হলে এই উপমহাদেশের অন্যত্র তা সংক্রমিত হবে না?
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।