কেডিএর জায়গায় দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) পরিচালনা পরিষদের সদস্য। তিনি এই পদ পাওয়ার যোগ্য, কারণ তিনি আওয়ামী লীগের নেতা। আর যেহেতু তিনি পরিচালনা পরিষদের সদস্য, তাই কেডিএর জায়গায় দোকান বানিয়ে ভাড়া আদায় করাও তাঁর জন্য জায়েজ!
তিনি শেখ আকরাম হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ জন্য অবশ্য নানা কিছু করতে হয়েছে তাঁকে। প্রথমে কেডিএ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির কাছ থেকে দুই বছরের জন্য সেই জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হয়েছে। এর শর্ত ছিল, সেখানে স্থায়ী কোনো স্থাপনা করা যাবে না। কিন্তু তিনি এই ‘রক্ষণাবেক্ষণের’ প্রথম কাজটি সেরেছেন সেখানে নিজ দল আওয়ামী লীগের একটি কার্যালয় বানিয়ে। সরকারি দলের কার্যালয় মানে তো জায়গা দখলের ভিত্তিপ্রস্তর, এরপর দোকান বানানো, দোকান বরাদ্দের জন্য টাকা নেওয়া বা এখন মাসে মাসে ভাড়া আদায়—এগুলো সবই সহজ হয়ে এসেছে। তিনি সরকারি দলের নেতা, কেডিএ পরিচালনা পরিষদের সদস্য, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে?
শেখ আকরামের মতো নেতা বাংলাদেশ আওয়ামী লীগে আরও রয়েছেন। তাঁরা শেখ আকরাম হোসেনের দেখানো পথে চলতে পারেন বা তাঁর কাছ থেকে শিক্ষা নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের অধীনে অনেক জায়গা রয়েছে, যেগুলো এ ধরনের নানা কায়দায় দখল করে নেওয়া যায়! দখলের মনোবাসনা রয়েছে এমন আওয়ামী লীগ নেতাদের জন্য অনুপ্রেরণা হতে পারেন শেখ আকরাম হোসেন!
তবে দলের কাছে আকরাম হোসেনের মতো নেতাদের কদর কত, তার ওপর নির্ভর করবে সবকিছু। আকরাম হোসেনের এই ‘কীর্তি’ গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ার পরও যদি দল কোনো ব্যবস্থা না নেয়, সরকার যদি আইনকে নিজের মতো চলতে না দেয়, তবে বুঝতে হবে যে এ ধরনের দখলে প্রকাশ্য সায় রয়েছে সরকারি দল ও সরকারের। আর এতে উৎসাহিত হবে আকরাম হোসেনের মতো আওয়ামী লীগের আরও অসংখ্য নেতা। সরকারি দল ও সরকার এখন কী করবে? কেডিএর জায়গাটি দখলমুক্ত করবে? আকরাম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি সমর্থন জুগিয়ে যাবে?
আমরা দল ও সরকারের অবস্থান দেখার অপেক্ষায় আছি।