বাংলাদেশের সার্বিক উন্নয়নের পেছনে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংঘ, সংগঠনের ভূমিকার গুরুত্ব আজ আর নতুন করে তুলে ধরার কিছু নেই। বিশেষত, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে এনজিওগুলোর অবদান বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। কিছু নির্দিষ্ট আইনকানুনের ভিত্তিতে এবং সরকারি কর্তৃপক্ষের নজরদারিতেই বেসরকারি সংস্থাগুলোর কর্মকাণ্ড চলে আসছে। কিন্তু সরকার এখন এ-সংক্রান্ত এমন একটি আইনের খসড়া তৈরি করেছে, যা চূড়ান্তভাবে গৃহীত হলে বেসরকারি উন্নয়ন খাত বিরাট ঝুঁকির মুখে পড়ে যাবে।
‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৪’ নামের আইনটির কিছু ধারা সম্পর্কে দেশের ১৫টি বিশিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিবৃতিতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা যথার্থ। কারণ আইনটির খসড়া ইতিমধ্যে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট খাতের সঙ্গে আলোচনা-পরামর্শ ছাড়াই সরকার এককভাবে এমন একটি আইন পাস করতে যাচ্ছে, যা এনজিওসমূহের প্রধান চালিকাশক্তি যে অর্থায়ন, তাতেই বাধাবিঘ্ন সৃষ্টির সুযোগ তৈরি করবে এবং এমনকি সরকারের মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়বে কোনো বেসরকারি সংস্থার টিকে থাকা না-থাকার প্রশ্ন। এনজিওবিষয়ক ব্যুরোর হাতে এনজিওর নিবন্ধন বাতিল করা ও সরকারের তরফে প্রশাসক নিয়োগ করার ক্ষমতার বিধান করা হয়েছে এই প্রস্তাবিত আইনে। আর বৈদেশিক অনুদানের অর্থ ছাড় করানোর বিষয়টি যে পুরোপুরি সরকারি আনুকূল্য কিংবা বৈরিতার ওপর নির্ভরশীল হয়ে পড়বে, এ কথা বলাই বাহুল্য। ১৫ প্রতিষ্ঠানের বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে যথার্থই বলা হয়েছে যে এ আইন গৃহীত হলে দেশে স্বেচ্ছাসেবা কার্যক্রম ব্যাহত হবে, প্রবাসীরা দাতব্য ও সেবামূলক কার্যক্রমে অবদান রাখতে নিরুৎসাহিত হবেন, হুন্ডি প্রথা ও কর ফাঁকির প্রবণতা বেড়ে যাবে।
আমরা মনে করি, মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়ার পরেও আইনটি এই অবস্থায় পাস করা মোটেই উচিত হবে না। সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট প্রতিনিধিদের যুক্তিগুলো সরকারের বিবেচনায় নেওয়া উচিত। তাঁদের সঙ্গে আলোচনা-পরামর্শ করে খসড়াটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হোক।