কেন এই টানাহেঁচড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংককে বিকেন্দ্রীকরণের নামে এর কাঠামো ভেঙে টুকরা টুকরা করার সুপারিশ করেছে সরকারের গঠিত গ্রামীণ ব্যাংক কমিশন। আগামী ২ জুলাই এ নিয়ে ঢাকার বিয়াম মিলনায়তনে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। ব্যাপারটি অনেকের মতো আমাকেও দারুণ হতাশ করেছে। গ্রামীণ ব্যাংক যেহেতু একটি স্বনির্ভর প্রতিষ্ঠান; যার ৯৫ শতাংশ মালিকানা ৮৪ লাখ গ্রাহকের, সেখানে এমন একটি পদক্ষেপ কতটা অগ্রহণযোগ্য কিংবা অযৌক্তিক হবে, তা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু এমন সিদ্ধান্তে ব্যাংকটির স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব সংকটে পড়তে পারে। প্রভাব পড়তে পারে এর চালিকাশক্তির অগ্রগতির ওপর।

গ্রামীণ ব্যাংক এখন সারা বিশ্বে দরিদ্র মানুষের রোলমডেল হিসেবে পরিচিত। অনেক দেশই তাদের নিজস্ব মডেল হিসেবে (যা দারিদ্র্য নিরসন করবে) বেছে নিয়েছে গ্রামীণ ব্যাংককে। দরিদ্র মানুষকে স্বনির্ভর করে তুলতে, গ্রামের দারিদ্র্যপীড়িত অসহায় নারীদের মাথা উঁচু করে বাঁচতে এবং সর্বোপরি  গ্রামকেন্দ্রিক সমাজব্যবস্থার উন্নতিকল্পে গ্রামীণ ব্যাংক কাজ করে যাচ্ছে। যেখানে সবাই শহরকে নিয়ে ব্যস্ত, সেখানে গ্রামীণ ব্যাংক গ্রামের হতদরিদ্র মানুষগুলোর কল্যাণে কাজ করছে এবং বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা শতগুণে বাড়িয়ে দিয়েছে নোবেলপ্রাপ্তির মাধ্যমে। একে আমরা নিঃসংকোচে সাধুবাদ জানাই। একই সঙ্গে সাধুবাদ জানাই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে প্রতিটি ব্যাপারে সরকারের মাথা ঘামানোটা সৃষ্টি করছে নানা প্রশ্নের। গ্রামীণ ব্যাংককে নিয়ে ‘ভাঙাগড়া’ চিন্তা বাদ দিয়ে গ্রামীণ ব্যাংকের কাঠামোকে আরও কীভাবে দৃঢ় করা যায় এবং দরিদ্র মানুষগুলোকে আরও কীভাবে এর সঙ্গে সম্পৃক্ত করা যায়, নানা কল্যাণমূলক পদক্ষেপের মাধ্যমে সেটাই ভাবা উচিত, যা আমাদের অর্থনীতিকে চাঙা করবে।

সঞ্জয় কুমার ভৌমিক

বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।