কেন নিয়োগ পাবেন না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য সরকার ২০১০ সালে কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করে। সে মতে ২০১১ সালের ৯ ডিসেম্বর সারা দেশে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী ৪২ হাজার ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। যাতে বলা হয়েছিল, সবাইকে পর্যায়ক্রমে মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে ১৬ হাজার ব্যক্তি যথারীতি নিয়োগ পান। মেধাতালিকার সিরিয়াল ভঙ্গ করার কারণে প্রথমে থেকেও অনেকে নিয়োগ পাননি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মতো রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে পরীক্ষা হয়।

তাহলে বাকি ২৬ হাজার কেন নিয়োগ পাবেন না? এত বিপুলসংখ্যক তলিকাভুক্ত শিক্ষকদের বসিয়ে রেখে সরকার কেন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি করল? কেন সরকারি ওই বিদ্যালয়ের জন্য আবার নিয়োগ দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর কোথায়, কার কাছে?

 এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষাসচিবকে প্রশ্ন করলে তিনি কৌশলে তা এড়িয়ে যান। শিক্ষামন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দিলেও তা শুধুই মরীচিকা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিনীত জিজ্ঞাসা, বাকি ২৬ হাজার শিক্ষকের কী হবে? ২৬ হাজার বাদ দিয়ে কেন জাতীয়করণ করা হলো? মেধাক্রম কেন ভঙ্গ হলো? ১৭ জানুয়ারির প্রজ্ঞাপনে সুস্পষ্ট দিকনির্দেশনা অন্তর্ভুক্ত হলো না কেন? এই ভাগ্যহত শিক্ষকদের ভবিষ্যৎ কী?

রিপন কুমার বড়াল

দেউলবাড়ি দোবড়া, নাজিরপুর পিরোজপুর।