বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মা-বাবা এমনকি নিকটাত্মীয়রাও বারবার বলেছিলেন, কখনো যেন কোনো রাজনীতির সঙ্গে নিজেকে না জড়াই। তখন তাঁদের কাছ থেকে রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা লাভ করতে করতে আমরাও মনে করেছিলাম, আসলেই বুঝি রাজনীতি আমাদের জন্য নয়। কিন্তু রাজনীতি করার যে ইতিবাচক কিছু দিক রয়েছে, যখন দেখি স্নাতক বা স্নাতকোত্তর পাস করার পর প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় যথাযথভাবে নিজেকে প্রস্তুত করেও শুনি, প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেই প্রশ্ন পেয়েছে সরকারদলীয় ছাত্রসংগঠনগুলো তখন নিজেকে বারবার একটা কথাই জিজ্ঞাসা করি, আমরা কেন রাজনীতি করলাম না। আমরা যারা মেধার সাক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, স্বাভাবিকভাবেই আশা করি চাকরির পরীক্ষায় যেন একইভাবে উত্তীর্ণ হতে পারি। কিন্তু কিছু কুচক্রীর সহায়তায় সরকারদলীয় ছাত্রসংগঠন যখন প্রশ্ন ফাঁস করে তখন আমাদের আশা নিরাশায় পরিণত হয়। কারণ, আমাদের নেই কোনো রাজনৈতিক লবিং বা টাকার জোর। তাই দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিটি চাকরির পরীক্ষা যেন অনুষ্ঠিত হয় এমনটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের মতো মেধাবী, দলনিরপেক্ষ ও অসহায় ছাত্ররা আকুল আবেদন জানাচ্ছি। আশা করি, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আমাদের চাকরিতে সমান সুযোগ লাভের জন্য সহযোগিতা করবেন।
রাফিউল ইসলাম