বর্তমানে এসএসসি পাস করার পর এইচএসসি ক্লাসে ফলাফলের ভিত্তিতে ভর্তি করে নেওয়া হয়।কিন্তু এইচএসসি পাসের পর মেডিকেল, বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। ফলে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোচিং করার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহীর মতো ব্যয়বহুল শহরে ছাত্রছাত্রীদের যেতে হয়। কোচিংয়ের ফি ছাড়া যাতায়াত, থাকা, খাওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
বিশেষ করে, মেয়েরা কোথায় থাকবে—এ নিয়ে অভিভাবকেরা খুবই বিড়ম্বনার শিকার হন। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের শুধু এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি করা যথাযথ হবে না।
সে কারণে পরীক্ষার ফল এবং ভর্তি পরীক্ষার ফলের যোগফলের ওপর ভিত্তি করে বর্তমান পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করা সম্ভব। তাই এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচ থেকে সাত দিনের মধ্যেই প্রথমে মেডিকেলের, তিন থেকে পাঁচ দিনের মধ্যে বুয়েট, তারপর পাঁচ-সাত দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় পাঁচ-দশ দিনের ফাঁকে ফাঁকে পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা শেষ করতে হবে।
পরীক্ষা নেওয়ার তারিখ-সংক্রান্ত বিষয়টি কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয় নির্ধারণ করবে।পরীক্ষার ফলাফল যথারীতি নিজ নিজ প্রতিষ্ঠান সঙ্গে সঙ্গে শুধু প্রাপ্ত নম্বর প্রকাশ করবে। এবং এইচএসসি পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ামাত্র আগে নেওয়া ভর্তি পরীক্ষার ফলের নম্বরের সঙ্গে যোগ হয়ে ভর্তির মেধাক্রম নির্ধারণ করে ভর্তির তালিকায় অপেক্ষমাণ তালিকা তৈরি করা সম্ভব। এবং এটা করা কোনো কঠিন ব্যাপার নয়।
কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেমন মেডিকেল, বুয়েটসহ অনেক প্রতিষ্ঠানে ফরম সংগ্রহ করতে এইচএসসি পরীক্ষার সর্বনিম্ন কমপক্ষে একটা নির্দিষ্ট মার্ক-গ্রেড থাকতে হয়, সে ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মার্ক-গ্রেডের ওপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে।
এই পদ্ধতি গ্রহণ করলে চিরদিনের জন্য কোচিং-বাণিজ্য বন্ধ হবে। অন্যদিকে লাখ লাখ ছাত্রছাত্রী তথা অভিভাবকেরা অযথা বিড়ম্বনা থেকে রক্ষা পাবেন এবং মেধা অনুযায়ী ভর্তি কার্যক্রমও সম্পন্ন করা সম্ভব হবে।
মো. আবদুল কাসেম
ধাপ, পাশারীপাড়া, রংপুর।