কোটা খেয়ে ফেলছে মেধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। জনসংখ্যা মানবসম্পদে রূপান্তর হচ্ছে না। অযাচিত সীমাহীন কোটার বদৌলতে সংকীর্ণ কর্মসংস্থানকে আরও সংকীর্ণ করা হচ্ছে। এ যেন বোঝার ওপর শাকের আঁটি। ক্রমবর্ধমান মেধাবীরা একদিকে দেখছে বেকারত্বের অভিশপ্ত মুখ, অন্যদিকে কোটার বেড়াজাল। সব মিলিয়ে চাকরিজগতে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ। কোটা প্রথাই দেশের উন্নয়নের জন্য বিরাট এক বাধা। দেশে বিদ্যমান কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে ও নাতি-নাতনি কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা, উপজাতি কোটা, আনসার কোটা, জেলা কোটা, বিভাগীয় কোটা ইত্যাদি কোটা ছাড়াও মামা-ভাগিনার তদবির, দলীয়করণ ও ঘুষ প্রথার কোটা আছে। এ দেশে হাজার হাজার পরিবার আছে, যেখানে অতিকষ্টে একটা সন্তানকে উচ্চশিক্ষিত করা হয়। অথচ শুধু কোটার কারণে এবং ঘুষ না দেওয়ার কারণে তার চেয়ে কম মেধাবীরা চাকরিতে সুযোগ পায়। কোটায় প্রার্থী পাওয়া না গেলে আসন ফাঁকা রাখা হয়। তাহলে কোটার কোনো ক্যাটাগরিতে না পড়া কি মেধাবীদের অপরাধ? মেধাবীরা কি তার চেয়ে কম যোগ্যতাসম্পন্ন একজনকে স্যার স্যার করার জন্য দেশে থাকবে? দেশ মেধার মূল্যায়ন না করার কারণে দেশের মেধা বিদেশে চলে যাচ্ছে।
একদিকে দেশ মেধাশূন্য হচ্ছে, অপরদিকে বিদেশ উন্নতি লাভ করছে। কোটার কারণে হাজার হাজার মেধাবীর জীবন অকালে নষ্ট হচ্ছে। এদের দায়ভার কে নেবে? আমার প্রশ্ন হচ্ছে, ১৯৭১ সালের পর এ দেশের সাধারণ ঘরে জন্মগ্রহণকারী ছেলেমেয়েদের কী অপরাধ? তারা কি দেশের নাগরিক নয় যে মেধাবী হয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিতে আবেদন করতে পারবে না?
কোটা পদ্ধতি, অনিয়ম-দুর্নীতির কারণে গরিব-দুঃখিনী বাবা-মায়ের সন্তানেরা বেকারত্বের অভিশাপে অভিশপ্ত। সব চাকরিতে কোটা পদ্ধতি পাকাপোক্ত হয়ে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে শুরু করে ৩২তম বিসিএস পর্যন্ত সব অধিদপ্তরে এককভাবে মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের জন্য সার্কুলার দেওয়ার কারণে সাধারণ মেধাবী ছেলেমেয়েরা দরখাস্ত করার সুযোগ থেকে বঞ্চিত হয়। আমি এমএ পাস করেছি। কোটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমি বিশ্বাস করি মেধাকে, যোগ্যতাকে। তাই সরকারকে আমি জোরালোভাবে বলব, কোটা পদ্ধতি কমিয়ে এনে মেধাবীদের অগ্রাধিকার দিন।
মো. আজিজুল ইসলাম
পশ্চিম সোনারায় ফার্মহাট,
ডোমার, নীলফামারী।