কোটা চাই না, মেধা চাই
কোটাপদ্ধতি সংবিধানের ২৯.৩(ক) অনুচ্ছেদের ভিত্তিতে প্রথম সরকারি চাকরিতে ১৯৭২ সালে চালু হয়। বর্তমানে বিসিএসে ৪৫% মেধা কোটা। বাকি ৫৫% এর মধ্যে ৩০% মুক্তিযোদ্ধা, ১০% মহিলা, ১০% জেলা, ৫% উপজাতি কোটা।
এ ছাড়া বিভিন্ন পদে ১% প্রতিবন্ধী কোটা যুক্ত হয়েছে। বরাবরই দেখা যাচ্ছে মেধার চেয়ে কোটার জোর বেশি। সব সরকারি ভর্তি পরীক্ষায় এ কোটার ব্যবহার লক্ষণীয়। সংবিধানের ২৯.৩(ক) অনুযায়ী কোটা চালু হলেও জেলা কোটা সংবিধানের ২৮(১) এর সঙ্গে সাংঘর্ষিক বলে আমি মনে করি।
জেলা কোটায় রয়েছে বেশ কিছু অসামঞ্জস্যতা। কোনো প্রার্থীর জন্মসূত্রে জেলা কোটা লাভ করার কথা। কিন্তু দেখা যাচ্ছে ওই প্রার্থীর পিতা-মাতার জন্মসূত্রেও জেলা কোটা লাভ করে। প্রার্থী বড় জেলায় পড়ালেখার সুযোগ লাভ করেও ছোট জেলার কোটা সুযোগ-সুবিধা লাভ করছে।
আবার যেসব উপজাতি শহরে থেকে পড়ালেখা করে শহরের সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাঁরাই জন্মসূত্রে পাচ্ছেন উপজাতি কোটা। মুক্তিযোদ্ধার সন্তান ছাড়াও নাতি-নাতনিদেরও এ কোটা ব্যবহারের কথা শুনতে পাওয়া যায়। মহিলা কোটায় মহিলাদের উন্নতি অনস্বীকার্য হলেও শিক্ষিত পরিবারের মেয়েরাই এ সুবিধা বেশি ভোগ করছেন। সম্প্রতি স্থানীয় কোটার কথাও শোনা যাচ্ছে।
যুবসমাজের প্রতিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৮ জুলাই আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির এক আলোচনা সভায় বললেন কোটা প্রতিবাদীদের সরকারি চাকরি মিলবে না। আমি মনে করি এতে সংবিধানের ২৯(১) নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করা হয়েছে। যেখানে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। তাহলে শুধু প্রতিবাদ করাতেই কেন তাদের অধিকার কেড়ে নেওয়া হবে?
তা ছাড়া কোটা পদ্ধতি মেধা বিকাশের পথে বাধা। তাই কোটা পদ্ধতির পুনর্বিবেচনা এবং পুনর্মূল্যায়ন করে মেধা বিকাশের সহায়ক ভূমিকা রাখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ওমর ফারুক
লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।