কোটাপদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিসিএস পরীক্ষাসহ সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাপদ্ধতি ব্যবহূত হচ্ছে। এর ফলে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ছে। সম্মানজনক সরকারি চাকরি লাভের এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অসংখ্য শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে থাকেন। কিন্তু অল্প কিছুসংখ্যক সাধারণ শিক্ষার্থী এই কঠিন বাধা পার হতে পারেন। এর পেছনে মূল কারণ হচ্ছে কোটাপদ্ধতি।
মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি, পোষ্য এবং আরও বিভিন্ন কোটা মিলিয়ে মোট নিয়োগের শতকরা ৫৬ ভাগ নিয়োগ হচ্ছে কোটায়। অন্যদিকে অসংখ্য সাধারণ শিক্ষার্থীর শতকরা মাত্র ৪৪ ভাগ আসনে চাকরির জন্য কঠোর প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। দেখা যাচ্ছে যে বর্তমানে একজন সাধারণ শিক্ষার্থী হয়তো ৭০ নম্বর পেয়েও বাদ পড়ছেন। কিন্তু কোটার একজন শিক্ষার্থী মাত্র ৫২ নম্বর পেয়েও টিকে যাচ্ছেন।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে এই অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। অসংখ্য যোগ্য, মেধাবী সাধারণ শিক্ষার্থী সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে কোটাপদ্ধতির কারণে উত্তীর্ণ হতে না পেরে অত্যন্ত হতাশ হয়ে পড়ছেন। তাঁদের অনেকেই পরবর্তী সময়ে মেধার যথাযথ মূল্যায়ন না পেয়ে অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন।
অচিরেই কোটাপদ্ধতির সংস্কার প্রয়োজন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা শতকরা ৫৬ ভাগ থেকে কমিয়ে শতকরা ১০ ভাগ করতে হবে। এতে সাধারণ শিক্ষার্থীরা যেমন তাঁদের মেধার প্রকৃত মূল্যায়ন পাবেন, তেমনি কোটার মধ্যে থাকা শিক্ষার্থীদের ভেতর তখন কিছুটা হলেও প্রতিযোগিতা বাড়বে। এর ফলে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গুণগত মান কিছুটা হলেও বাড়বে। কাজেই অবিলম্বে কোটাপদ্ধতির সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।